গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, গণতন্ত্র ছাড়া কখনোই দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, অতীতে যারা ভুয়া ভোটার বানিয়ে কারচুপির নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল তারা বসে নেই। আজ শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ২০০৭ সালের এদিনে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গণভবনে তাঁকে শুভেচ্ছা জানাতে এলে তিনি এ কথা বলেন।তিনি বলেন, দেশের জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে এবং দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে। সেদিনের প্রেক্ষাপট উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেদিন জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরেছিলাম। কারণ, আমি বুঝতে পেরেছিলাম, দেশে ফিরে গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম না করলে শাসকগোষ্ঠী কোনো দিনই নির্বাচন দেবে না এবং গণতন্ত্রও আর ফিরে আসবে না।’২০০৭ সালে দেশে জরুরি অবস্থা চলাকালে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী অসুস্থ পুত্রবধূ ও সন্তানসম্ভবা মেয়েকে দেখার জন্য সে দেশে যান। তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার পরপরই শাসকগোষ্ঠী তাঁর দেশে প্রত্যাবর্তনের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করে। এমনকি বিমান পরিবহন সংস্থাগুলোকে তাঁকে বহন না করার জন্য চিঠি দিয়ে বলা হয়, শেখ হাসিনাকে বহনকারী বিমানকে ঢাকায় অবতরণ করতে দেওয়া হবে না। শেখ হাসিনাকেও তত্কালীন তত্ত্বাবধায়ক সরকারের কয়েকজন উপদেষ্টা টেলিফোন করে দেশে না ফেরার পরামর্শ দিয়েছিলেন। শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি যখন বন্দী অবস্থায় ছিলাম তখনো তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে আমার মুক্তির জন্য সংগ্রাম করেছেন।’গণতন্ত্রের জন্য মৃত্যু ভয় উপেক্ষা করে সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘কোনো বাধাই আমাকে রুখতে পারবে না। সেদিন দলের তৃণমূল নেতা-কর্মীদের বলিষ্ঠ ভূমিকার কারণে নির্বাচনে আওয়ামী লীগ বিপুলভাবে বিজয়ী হয়েছে।’ জনগণ বিপুল ম্যান্ডেট দিয়ে আওয়ামী লীগের প্রতি যে আস্থা ও বিশ্বাস স্থাপন করেছে, যেকোনো মূল্যে তা রক্ষা করার জন্যে তিনি সবার প্রতি আহ্বান জানান।এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা, মন্ত্রিসভার সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলী এবং জাতীয় পার্টির নেতা-কর্মী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।