রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অনেক ত্যাগ-তিতিক্ষা ও আত্মত্যাগের পর দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালিত হচ্ছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার কোনো অপচেষ্টা কারও কাছেই কাম্য নয়। এ ধরনের অপচেষ্টা কখনোই বরদাশত করা হবে না।গতকাল বুধবার জাতীয় সংসদে নতুন বছরের প্রথম অধিবেশনের উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। সাম্প্রতিক সেনা অভ্যুত্থান প্রচেষ্টার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত এবং বাধাগ্রস্ত করার সাম্প্রতিক ঘৃণ্য প্রচেষ্টা সেনাবাহিনী নস্যাৎ করে দিয়েছে। এ জন্য আমি দেশপ্রেমিক সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে সদা সতর্ক ও সজাগ থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।’ রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। সংসদে রাষ্ট্রপতির ভাষণের বিস্তারিত টেবিলে উপস্থাপন করা হয়। এ ভাষণে অভ্যুত্থান-চেষ্টা নিয়ে কোনো বক্তব্য ছিল না। তবে রাষ্ট্রপতি ভাষণের যে সংক্ষিপ্ত অংশ পড়েন, তাতে তিনি ব্যর্থ অভ্যুত্থানের বিষয় উল্লেখ করেন।রাষ্ট্রপতির বক্তব্যে বর্তমান সরকারের গত তিন বছরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ ছিল। শিল্প ও বাণিজ্য, কৃষি, খাদ্য ও সামাজিক নিরাপত্তাবেষ্টনী, বিদ্যুৎ ও জ্বালানি, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ তিনি তুলে ধরেন।বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে জিল্লুর রহমান বলেন, ‘গণতন্ত্র একটি চলমান প্রক্রিয়া। এখানে কোনো বিশেষ অবস্থানে থমকে যাওয়া কিংবা রাজনৈতিক দ্বন্দ্বের চেয়ে জনগণ কর্তৃক অর্পিত দায়িত্ব পালনই মুখ্য। তাই বিরোধী দলকে বলব, আপনাদের সব প্রস্তাব, সুপারিশ ও অভিযোগ সংসদে এসে বলুন। এতে করে গণতন্ত্রই সমৃদ্ধ হবে।’ সম্প্রতি নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘পরামর্শের ভিত্তিতে স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনই ছিল আমার এ উদ্যোগের লক্ষ্য। এরই মধ্যে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হয়েছে। এ ব্যাপারে মূল্যবান পরামর্শ শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে।’ তিনি বলেন, অতীতের অনিয়ম, দুর্নীতি, অদক্ষতা ও শোষণের ফলে সৃষ্ট সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠে বর্তমান মহাজোট সরকার দেশকে দারিদ্র্য ও বঞ্চনামুক্ত করতে নিরন্তর কাজ করে চলেছে। দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র চর্চা ও উন্নয়ন কর্মসূচিতে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার প্রয়াস অব্যাহত রেখেছে। তিনি অর্জিত স্বাধীনতা সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।রাষ্ট্রপতি যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে বলেন, যুদ্ধাপরাধের বিচার ছিল বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সরকার আন্তর্জাতিক আইন ও রীতিনীতির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে। বিচারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আশা করা যায়, অনতিবিলম্বে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচার সুসম্পন্ন হবে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত মহান মুক্তিযুদ্ধের চার মূল আদর্শ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সময়ের বিবর্তনে গণতান্ত্রিক মূল্যবোধের ধারক এই সংবিধান আজ একটি পরিপূর্ণ ও সর্বজনগ্রাহ্য রূপ পেয়েছে।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার নেতিবাচক প্রভাব সফলভাবে মোকাবিলা করে বর্তমান সরকার প্রবৃদ্ধির ধারাকে সচল ও বেগবান রাখতে সক্ষম হয়েছে। ২০১০-১১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ। রপ্তানি খাতে ক্রমাগত প্রবৃদ্ধি, রেমিট্যান্সপ্রবাহ সুসংহত হওয়া, চলতি হিসাবে উদ্বৃত্ত ভারসাম্য এবং বৈদেশিক মুদ্রার স্থিতিশীল রিজার্ভের কারণে অর্থনীতির ভিত্তি দিন দিন আরও মজবুত হচ্ছে। দেশের মানুষের গড় আয়ু বেড়ে যাওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়স বাড়িয়ে ৫৯ বছর করা হয়েছে।রাষ্ট্রপতি বলেন, সরকারের ব্যাপক উদ্যোগের ফলে ৪৯টি বিদ্যুৎকেন্দ্র স্থাপন শুরু হয়েছে। মোট পাঁচ হাজার ২৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নির্বাচনী ওয়াদা পূরণ করেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের ক্ষেত্রে সরকার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।