গণতন্ত্র মঞ্চ করবে বিএনপি: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, রাজধানী ঢাকাসহ সারা দেশের জেলা, উপজেলায় ‘গণতন্ত্র মঞ্চ’ তৈরি করা হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতেই এ মঞ্চ তৈরি করা হবে বলে জানান তিনি।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল নামের একটি সংগঠন আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে। সেখানে মওদুদ এসব কথা বলেন। সংগঠনের সভাপতি এম এ হালিম সভায় সভাপতিত্ব করেনশাহবাগের আন্দোলন প্রসঙ্গে মওদুদ বলেন, ‘আজ প্রমাণিত হলো তাদের দাবি সর্বজনীন ছিল না। এখন জনগণের মূল দাবি গণতন্ত্র রক্ষা, ভোটের অধিকার রক্ষা, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা অব্যাহত রাখা। শাহবাগের আন্দোলন ছিল একক দাবির। তাই এ আন্দোলন বেশি দূর এগোয়নি।’ এই মঞ্চ গণতন্ত্রের মঞ্চ হলে বিএনপি সঙ্গে থাকত বলে তিনি জানান। বিএনপির এই নেতা আরও বলেন, শাহবাগের সমাবেশ যাদের ইঙ্গিতে শুরু করা হয়েছিল, এখন তাদের ইঙ্গিতেই তা শেষ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁরা আইনের শাসনে বিশ্বাসী। কিন্তু শাহবাগের সমাবেশে বিচার ছাড়াই সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে এ দাবিকে সমর্থন দিয়েছেন। তাই প্রধানমন্ত্রীর আইনের শাসনে বিশ্বাসী কথা স্ববিরোধী ও আত্মঘাতী। মওদুদ বলেন, যারা আইনের শাসনে বিশ্বাস করে, তারা কখনো বিনা বিচারে কাউকে ফাঁসি দিতে পারে না। নতুন প্রজন্মের এ সমাবেশ আওয়ামী লীগের জন্য আত্মঘাতী হয়েছে এবং আগামীতে আওয়ামী লীগ এ জন্য মহাবিপদে পড়বে বলেও তিনি মন্তব্য করেন। আজকের এ আলোচনা সভায় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, বিএনপির নেতা আবেদ রাজা, খালেদা ইয়াসমিন, আবু নাসের মো. রহমত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।