গণতন্ত্র হত্যা করতে মাঠে নেমেছেন খালেদা: ১৪ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্র হত্যা করার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া মাঠে নেমেছেন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। আজ সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এই অভিযোগ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বৈঠকে সভাপতিত্ব করেন। মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া একটি অশুভ শক্তির ইঙ্গিতে গণতন্ত্র হত্যার জন্য উঠেপড়ে লেগেছেন। গত রোববার বগুড়ায় দেওয়া বক্তব্যে বিরোধীদলীয় নেতা প্রমাণ করেছেন, তিনি গণতন্ত্র ও নির্বাচিত সরকার চান না। তিনি গণতন্ত্র চাইলে সেনাবাহিনীর মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে রাজনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানাতেন না। এটা সভ্য ও গণতান্ত্রিক বিশ্বে নজিরবিহীন। সশস্ত্র বাহিনী সম্পর্কে ক্ষতিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে এবং দেশ ও গণতন্ত্রের স্বার্থে আত্মঘাতী পথ থেকে সরে আসার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান তিনি। খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে নাসিম আরও বলেন, ‘আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশকে আমরা অতীতের দুঃশাসন, বিচারহীনতা, প্রতিষ্ঠান ধ্বংস, নির্লজ্জ দলীয়করণ, আইনের অপপ্রয়োগ, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের পথে ফিরে যেতে দেব না।’আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিএনপি-জামায়াত জোটের মতো সেনাবাহিনীকে ব্যবহার এবং প্রতিষ্ঠানটির মর্যাদা ক্ষুণ্ন হওয়ার মতো কোনো কর্মকাণ্ড আমরা হতে দেব না।’ নাসিম বলেন, ‘নির্বাচিত সরকারের বিকল্প আরেকটি নির্বাচিত সরকার। একটি নির্বাচিত সংসদের বিকল্পও আরেকটি নির্বাচিত সংসদ। সরকার পরিবর্তন কেবল জনগণের ভোটের মাধ্যমেই সম্ভব। কিন্তু বিরোধীদলীয় নেতা নির্বাচিত সরকারে বিশ্বাস করেন না বলেই ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন।’ নাসিম দাবি করেন, ‘খালেদা জিয়া এক-এগারোর আগে আজ্ঞাবহ সেনা ব্যক্তিদের দিয়ে গণতন্ত্র ব্যাহত করতে চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা তা হতে দেননি। শেখ হাসিনা সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন।’ তিনি অভিযোগ করেন, ‘বিএনপি ইতিহাস ও নিজেদের ভুল থেকে কোনো শিক্ষাই নেয়নি। তারা এখনো পুরোনো ষড়যন্ত্রের রাজনীতি এবং যেনতেনভাবে ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর হয়ে আছে।’ শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে ২৬ মার্চের মধ্যে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছিল। এ সম্পর্কে ১৪ দল বা সরকারের অবস্থান জানতে চাইলে নাসিম বলেন, ‘জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া শুরু হয়েছে।’ তবে কীভাবে ও কখন নিষিদ্ধ করা হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। এ ছাড়া, সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, ২৯ মার্চ ১৪ দলের পক্ষ থেকে গাইবান্ধায় সমাবেশ করা হবে। ৩০ মার্চ ১৪ দলের নেতারা যাবেন বগুড়ায়। ১৪ দলের বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী প্রমুখ।