গণতন্ত্রকে বুটের নিচে পিষ্ট করেছে আ.লীগ: মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন গণতন্ত্র বিপন্ন হয় অথবা গণতন্ত্র বুটের নিচে পিষ্ট হয়। গণতন্ত্র হত্যার ইতিহাসও তাদের আছে। দেশে দ্রব্যমূল্য এখন নিয়ন্ত্রণহীন। দেশে চলছে নীরব দুর্ভিক্ষ।আজ বুধবার বিকেলে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ভয়েস অব বাংলাদেশ নামে একটি সংগঠনের উদ্যোগে ‘বুটের নিচে গণতন্ত্র, পিষ্ট মানবতা’ শীর্ষক এক আলোচনা সভায় মোশাররফ হোসেন এসব কথা বলেন।মোশাররফ হোসেন বলেন, অন্য দেশে যখন জ্বালানি তেলের দাম কমছে, তখন বাংলাদেশে বেড়ে চলেছে। অন্য দেশে ডলারের দাম কমছে আর বাংলাদেশে বাড়ছে। কারণ কিছু লোক শেয়ারবাজার থেকে টাকা লুট করে সেটা ডলারে পরিণত করে বিদেশে পাঠিয়েছে। সরকার এখন ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশ চালাচ্ছে। দেশ এখন দেউলিয়া বলে তিনি মন্তব্য করেন। মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের কাছে দেশ এখন দেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিরাপদ নয়।বিএনপির সাংসদ শাম্মী আখতার বলেন, এই সরকার পাগলা হাতিতে পরিণত হয়েছে। পা দিয়ে মানুষকে পিষ্ট করেছে। বিচারবহির্ভূতভাবে প্রতিদিন মানুষ হত্যা করে চলেছে। রোডমার্চ দিয়ে পাগলা হাতিকে তাড়ানোর প্রক্রিয়া শুরু হবে।অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বিএনপির নেতা আবু নাসের রহমতউল্লাহ প্রমুখ।