গণতন্ত্রকে শক্তিশালী করেছে গণমাধ্যম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, এক-এগারোর জরুরি অবস্থা থেকে আজকের গণতন্ত্রে উত্তরণে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণমাধ্যমই গণতন্ত্রকে শক্তিশালী করেছে। এ কারণে বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং গণমাধ্যমকে সহায়ক শক্তি মনে করে। কাজেই গণমাধ্যমের বিরুদ্ধে সংসদে কোন সাংসদ কী বললেন, তা সরকারের অবস্থান নয়। জাতীয় সম্প্রচার নীতিমালা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার এটা চাপিয়ে দিতে চায় না। সাংবাদিকেরা একমত হলেই এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।প্রথম আলো আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা ও দায়বদ্ধতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার প্রথম আলো কার্যালয়ের সেমিনারকক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়।তথ্যমন্ত্রী বলেন, কালো টাকা এখন সবখানে, গণমাধ্যমও এর বাইরে নয়। তবে আদর্শ ও নৈতিকতা মেনে সাংবাদিকতা করতে হবে। টাকার কাছে সাংবাদিকদের বিক্রি হলে চলবে না।আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা, ইনডিপেন্ডেন্ট-এর সম্পাদক মাহবুবুল আলম, সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার, সাংবাদিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, নিউজ টুডে-এর সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর, নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর, নয়া দিগন্ত-এর সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. গীতি আরা নাসরীন, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, আমাদের সময়-এর সম্পাদক নাঈমুল ইসলাম খান, এবিসি রেডিওর বার্তা ও অনুষ্ঠানপ্রধান সানাউল্লাহ, ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত, মাছরাঙ্গা টেলিভিশনের বার্তাপ্রধান শাহ আলমগীর, এটিএন বাংলার বার্তাপ্রধান জ ই মামুন, এটিএন নিউজের বার্তাপ্রধান মুন্নী সাহা এবং দৈনিক করতোয়া-এর সম্পাদক মোজাম্মেল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম।সূচনা বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ সংবাদপত্র মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনতার পক্ষে। সরকারের ভুলত্রুটি দেখিয়ে দিয়ে সংবাদপত্র সরকারকে দায়িত্ববান করে। তিনি বলেন, গণমাধ্যমের জবাবদিহি তার পাঠকের কাছে। কাজেই কোনো গণমাধ্যম দায়িত্বশীল না হলে পাঠক বা দর্শক হারাবে।মতিউর রহমান বলেন, সরকারি বিজ্ঞাপনের মূল্য বাড়লেও বরাদ্দ বাড়েনি। নিউজপ্রিন্টের দাম বাড়ছেই। এ সমস্যাগুলোর সমাধান হওয়া জরুরি। জবাবে তথ্যমন্ত্রী বলেন, নিউজপ্রিন্টের শুল্ক প্রত্যাহার, সরকারি বিজ্ঞাপনের দাম বাড়ানোসহ অন্যান্য বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।সংসদে গণমাধ্যমকে আক্রমণ করায় উদ্বেগ: বৈঠকে উপস্থিত সম্পাদকেরা সম্প্রতি সংসদে যে ভাষায় সংবাদপত্রের সমালোচনা করা হয়েছে, তার সমালোচনা করে উদ্বেগ প্রকাশ করেন। ইকবাল সোবহান চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর বলেছিল, দেশে এখন সংসদ নেই। গণমাধ্যম সংসদের ভূমিকা পালন করবে। কিন্তু সেই গণমাধ্যমের ওপর নানা সময়ে নির্যাতন হয়েছে। সাংসদদের ত্রুটি-বিচ্যুতি নিয়ে সংবাদ হতেই পারে। তাই বলে এভাবে সমালোচনা হতে পারে না।মনজুরুল আহসান বুলবুল বলেন, ভারতে টাকা খেয়ে প্রশ্ন করার দায়ে লোকসভার ১০ ও রাজ্যসভার একজনের সদস্যপদ চলে যায়। বাংলাদেশের সাংসদেরাও একইভাবে সংসদে গণমাধ্যমের সমালোচনা করলেন কি না, সেই প্রশ্ন উঠতে পারে। কারণ, এমন লক্ষণই সেদিন দেখা গিয়েছিল। গোলাম সারওয়ার বলেন, ‘সংসদে সেদিন যেভাবে গণমাধ্যমের সমালোচনা হয়েছে, আমি আমার পেশাগত জীবনে তেমনটা দেখিনি। আমাদের সম্মিলিতভাবে এর প্রতিবাদ করা উচিত ছিল।’ গোলাম সারওয়ার একই প্রশ্ন করে বলেন, ‘যেভাবে এ ঘটনা ঘটল, স্পিকারও যেভাবে যোগ দিলেন, তাতে সন্দেহ হয়, এটা পূর্বপরিকল্পিত কি না।’তবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, সংসদের ওই ঘটনা নিয়ে উদ্বেগের কিছু নেই। এটি সরকারের বক্তব্য নয়। কারণ, এই সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে। গণমাধ্যমকে সহায়ক শক্তি ভাবে।নানামুখী চাপ: রিয়াজউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক কর্মীরা সাংবাদিকদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করেন। এটি বন্ধ করতে হবে। ইকবাল সোবহান চৌধুরী বলেন, দেশের মানুষের অধিকারের জন্য গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। একজন সাংবাদিক হত্যারও বিচার হয়নি। নির্যাতনের ঘটনার তদন্ত না হলে সাংবাদিকেরা নিরাপদে দায়িত্ব পালন করতে পারবেন না।শাইখ সিরাজ বলেন, সংবাদপত্র তুলনামূলকভাবে অনেক স্বাধীনতা ভোগ করলেও টেলিভিশনে নানা চাপ আসে। কাজেই একটি সম্প্রচার নীতিমালা করা দরকার। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বেসরকারি টেলিভিশনগুলোকে বিটিভির খবর সম্প্রচার করতে বলা হচ্ছে। এতে জনগণের কী উপকার হবে, বোঝা যাচ্ছে না। এ ছাড়া পত্রিকায় কোনো বিজ্ঞাপন দিলে সরকার টাকা দেয়। কিন্তু টেলিভিশনে বিজ্ঞাপন দিলে টাকা না দিয়ে উল্টো বলা হয়, গুরুত্বপূর্ণ সময়ে দেখাতে হবে। অতীতে ও জরুরি অবস্থায় টেলিভিশনগুলোকে অনেক চাপে কাজ করতে হয়েছে।মুন্নী সাহা বলেন, আগে বিভিন্ন ভবন থেকে চাপ আসত। তবে এখন সেটা নেই। মনজুরুল আহসান বুলবুল বলেন, রাজনীতি ও গণতন্ত্র ঠিকমতো চললে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। বিরোধী দল সংসদে যায় না। তাই বিরোধী দলের অনেক কাজ সংবাদপত্রকেই করতে হয়। এতে সরকার মনে করে, গণমাধ্যম বিরোধী দলের হয়ে কাজ করছে। একই কথা বলেন মোজাম্মেল হক।তবে তথ্যমন্ত্রী বলেছেন, এই সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তাই কোনো চাপ দেওয়ার প্রশ্নই আসে না। তিনি বলেন, গত দুই বছরে তথ্য মন্ত্রণালয় থেকে কোথাও কোনো চাপ দেওয়া হয়েছে, এমন কথা কেউ বলতে পারবে না।রাজনৈতিক বিবেচনায় টিভির লাইসেন্স: রাজনৈতিক বিবেচনায় টেলিভিশনের লাইসেন্স দেওয়া বন্ধের আহ্বান জানান বক্তারা। রিয়াজউদ্দিন আহমেদ বলেন, কাকে টেলিভিশন ও রেডিওর লাইসেন্স দেওয়া হবে, সে ব্যাপারে নীতিমালা করতে হবে। জ ই মামুন বলেন, গণমাধ্যম একটি শক্তিশালী অস্ত্র। কাকে এই অস্ত্র দেবেন, কাকে দেবেন না, সেটি ঠিক করা দরকার।কালো টাকা নিয়ে উদ্বেগ: মনজুরুল আহসান বুলবুল বলেন, পুঁজি ও ক্ষমতা নানাভাবে গণমাধ্যমকে কলুষিত করেছে। শ্যামল দত্ত বলেন, কালো টাকার বিনিয়োগ আসছে মিডিয়ায়। যাঁদের বিরুদ্ধে লেখালেখি হয়, তাঁরাই এখন টাকা নিয়ে সংবাদপত্র বের করছেন। ইকবাল সোবহান চৌধুরী বলেন, কালো টাকার অনেক মালিকই গণমাধ্যমে বিনিয়োগ করতে আসছেন। বুদ্বুদের মতো এই বিনিয়োগ উড়ে গেলে অনেকেই চাকরি হারাবেন। তথ্যমন্ত্রী বলেন, কালো টাকা এখন সব জায়গায়। কিন্তু টাকার কাছে সাংবাদিকদের বিক্রি হলে চলবে না।গোলাম সারওয়ার বলেন, ‘কালো টাকার মালিকেরা এসে বেশি বেতনে সাংবাদিকদের নিয়ে যাচ্ছেন। ইদানীং প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে খুবই নোংরাভাবে। আমাদের সম্মিলিতভাবে এর প্রতিবাদ করা উচিত।’জনগণের কাছে দায়বদ্ধতা: প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেন, ‘৫৫ বছর আগে যখন সাংবাদিকতা শুরু করি, তখনো গণমাধ্যমের স্বাধীনতা ও দায়বদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের আসলে দায়বদ্ধ হতে হবে বিবেকের কাছে।’মতিউর রহমান বলেন, ভিত্তিহীন কোনো সংবাদ প্রচার করা উচিত নয়। ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণমাধ্যম যদি স্বাধীনতা ভোগ করতে চায়, তাহলে দায়বদ্ধ থাকতে হবে। গোলাম সারওয়ার বলেন, গণমাধ্যমের দায়বদ্ধতা হওয়া উচিত জনগণের কাছে। শাহ আলমগীর বলেন, সাংবাদিকেরা অনেক সময়ই দায়িত্বহীনতার পরিচয় দেন। দায়বদ্ধতার বিষয়টি খেয়াল রাখা দরকার।মাহফুজ আনাম বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা আমাদেরই রক্ষা করতে হবে। কাজেই দায়বদ্ধ আমাদের হতেই হবে। সাংবাদিকদের দায়িত্ব ও নৈতিকতা সম্পর্কে সচেতন হতে হবে।’ তিনি বলেন, সংবাদপত্রের কতগুলো নীতিমালা আছে। এই নীতিমালাগুলো মেনে চলা উচিত।নাঈমুল ইসলাম খান বলেন, সংবাদপত্রের কাজ সাংবাদিকতা করা, এর বেশি কিছু নয়। আর সংবাদপত্রের দায়বদ্ধতা কোনোভাবেই সরকারের কাছে নয়, জনগণের কাছে।মনজুরুল আহসান বলেন, এ দেশের রাজনীতিবিদেরা দায়বদ্ধ তাঁদের দল ও নেত্রীর কাছে। কিন্তু গণমাধ্যম দায়বদ্ধ জনগণের কাছে। রাজনীতিবিদেরাও যদি জনগণের কাছে দায়বদ্ধ হতেন, তাহলে এত সমস্যা হতো না।মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, সংবাদপত্রগুলো কী পরিমাণ ভুল সংবাদ প্রকাশ করছে, সেটি পর্যবেক্ষণ করা দরকার। নিরীক্ষায় (প্রেস ইনস্টিটিউটের পত্রিকা) এসব ভুল নিয়ে প্রতিবেদন হতে পারে। ভালো সংবাদ নিয়েও প্রতিবেদন হতে পারে। গীতি আরা নাসরীন বলেন, জনগণ কী চায়, সেটা বোঝা দরকার।চাপিয়ে দেওয়া নীতি নয়: ইকবাল সোবহান চৌধুরী বলেন, সংবাদপত্র ও সম্প্রচারমাধ্যমের জন্য নীতিমালা হতে পারে। তবে সেটি চাপিয়ে দেওয়া নীতি হলে চলবে না। সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে নীতিমালা করতে হবে। সানাউল্লাহ বলেন, ইলেকট্রনিক মিডিয়াকে নানা শর্তের বেড়াজালে আটকানো হয়। কাজেই সবার সঙ্গে আলোচনা না করে কোনো নীতিমালা করা উচিত নয়। মোজাম্মেল হক বলেন, অস্তিত্বহীন অনেক সংবাদপত্র আছে। কাজেই একটি নীতিমালা দরকার কোন সংবাদপত্র থাকবে, কোন সংবাদপত্র থাকবে না।দরকার পেশাদারি মনোভাব: সব বক্তা একমত পোষণ করে বলেন, একটি দৈনিকের সম্পাদককে অবশ্যই পেশাদার সাংবাদিক হতে হবে। একইভাবে টেলিভিশনের প্রধান পদগুলোতেও পেশাদার কাউকে নিয়োগ দিতে হবে। রিয়াজউদ্দিন আহমেদ বলেন, পেশাদার ব্যক্তি ছাড়া যে কেউ যেন সম্পাদক হতে না পারেন, সে জন্য একটি নীতিমালা করতে হবে।প্রশিক্ষণ: পেশাদারি অর্জনের জন্য সব বক্তাই সাংবাদিকদের প্রশিক্ষণের ওপর জোর দেন। মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, যাঁরা নবীন সাংবাদিক, তাঁদের শেখাতে হবে। প্রেস ইনস্টিটিউটকে শক্তিশালী করতে হবে। মনজুরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়গুলো তাত্ত্বিক শিক্ষা দেয়, কিন্তু ব্যবহারিক শিক্ষা জরুরি। জ ই মামুন বলেন, কেউ কেউ ন্যূনতম জ্ঞান না নিয়ে অনেকের সুপারিশে সাংবাদিকতায় আসেন। এটি ভয়াবহ।তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকের ন্যূনতম মান থাকা উচিত। প্রশিক্ষণের জন্য প্রেস ইনস্টিটিউটকে শক্তিশালী করা হবে।আদালত অবমাননা: আদালত অবমাননা নিয়েও সম্পাদকেরা উদ্বেগ প্রকাশ করেন। নূরুল কবীর বলেন, এ দেশে সংসদে নোংরাভাবে গণমাধ্যমের সমালোচনা হয়, আদালত অবমাননার দায়ে বিচারক ক্ষমতার বাইরে গিয়ে সাংবাদিকদের জেলে পাঠান, নির্বাহী বিভাগও গণমাধ্যমের ওপর নিপীড়ন করে। রাষ্ট্রের তিনটি শাখাই যদি এমন করে, তাহলে গণমাধ্যমকে সংকটে পড়তে হয়। আদালত অবমাননা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন গোলাম সারওয়ারও। তিনি বলেন, কী করলে আদালত অবমাননা হয়, সেটা পরিষ্কার হওয়া দরকার।প্রেস কাউন্সিল: মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে হবে। দরকার হলে তাদের একটি শাখা থাকতে পারে। তারা কী কী কাজ করছে, সেটি জানানো যেতে পারে। এ ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা হবে।সহনশীল হওয়ার পরামর্শ: মনজুরুল আহসান বলেন, এ দেশের রাজনীতিবিদ, ভূমিদস্যু সবাই অসহনশীল। সবাইকে একটু সহনশীল হতে হবে। একই কথা বলেন আলমগীর মহিউদ্দিনও। তথ্যমন্ত্রীও সবাইকে সহনশীল হওয়ার পরামর্শ দেন।একটি ফোরাম গঠনের প্রস্তাব: মাহফুজ আনাম বলেন, সাংবাদিকতায় পেশাদারি ও সংকট মোকাবিলায় সম্পাদকদের সমন্বয়ে একটি কাউন্সিল করা যেতে পারে। মাহবুবুল আলম বলেন, ‘এই কাউন্সিলের মাধ্যমে আমরা সম্মিলিতভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি।’ সৈয়দ আবুল মকসুদ বলেন, তথ্যমন্ত্রীর উচিত, মাসে অন্তত একবার সম্পাদকদের সঙ্গে বসা।