গণতন্ত্রবিরোধী প্রশাসন গ্রহণযোগ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্রবিরোধী কোনো প্রশাসনই বাংলাদশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, তাই সাংবিধানিকভাবে ওই পদ্ধতি বাতিল করা হয়েছে। তবে এ বিষয়ে বিরোধী দলকে তিনি সংসদে এসে তাদের বক্তব্য দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে তাঁর সরকারের আমলে ছয় হাজারের মতো নির্বাচন হয়েছে। কিন্তু কোনো নির্বাচনেই কোনোরকম অনিয়মের অভিযোগ ওঠেনি। তিনি আশা প্রকাশ করেন, একটি শক্তিশালী নির্বাচন কমিশনের পরিচালনায় দলীয় সরকারের অধীনেও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, সেটি তাঁরা প্রমাণ করতে পারবেন।ভয়েস অব আমেরিকার (ভিওএ) বাংলা বিভাগকে দেওয়া এক একান্ত সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। সাক্ষাত্কারটি গতকাল শুক্রবার প্রচারিত হয়। ভিওএর আনিস আহমেদকে তিনি এ সাক্ষাত্কার দেন। শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন।প্রধানমন্ত্রী ওই সাক্ষাত্কারে সন্ত্রাস দমনের ব্যাপারে তাঁর দেশের অনড় অবস্থান সম্পর্কে বলেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বাংলাদেশের এই সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী অবস্থান প্রশংসিত হয়েছে। সাক্ষাত্কারে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক ও বাণিজ্যিক সম্পর্কের ওপর যেমন আলোকপাত করেন, তেমনি সন্ত্রাস দমন ও নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সহযোগী ভূমিকার কথাও উল্লেখ করেন। তিনি যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানও তুলে ধরেন। শেখ হাসিনা শান্তি প্রতিষ্ঠাবিষয়ক জাতিসংঘের সাম্প্রতিক ফোরাম প্রসঙ্গে বলেন, বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখছে। শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অবদান সর্বজনস্বীকৃত বিষয়।প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, তিস্তার পানি বণ্টনসহ ভারতের সঙ্গে যেসব বিষয়ে নিষ্পত্তি হয়নি, সেগুলো পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব। তিনি এ-ও বলেন, এরই মধ্যে বেশ কিছু বিষয়ে মীমাংসা হয়েছে।নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণের বিষয়ে শেখ হাসিনা তাঁর সরকারের সাফল্য তুলে ধরেন। দুর্নীতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার ক্ষমতাসীন মন্ত্রী ও সরকারের উপদেষ্টাদের দুর্নীতি দমন কমিশনের সামনে হাজির হতে হয়েছে। সাংগঠনিক সন্ত্রাস কমার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ঈদের সময়ে গভীর রাত পর্যন্ত লোকজন নির্ভয়ে কেনাকাটা করেছে।