গণতন্ত্রে বিশ্বাসী হলে সংসদে গিয়ে জনগণের জন্য কথা বলতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ শনিবার বিকেলে লক্ষ্মীপুর জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন। জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এম আর মাসুদের সভাপতিত্বে পৌর নাছির আহম্মদ ভূঁইয়া মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ধর্মীয় মূল্যবোধ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় জাতীয় পার্টি বিশ্বাস করে। তাই সংবিধানে ‘বিসমিল্লাহ’ ও ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ যারা সংরক্ষণ করবে, জাতীয় পার্টি সব সময় তাদেরই সমর্থন করবে। তিনি আরও বলেন, ‘আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রধানমন্ত্রীর মহাজোটের মাধ্যমে একক প্রার্থী দেওয়ার ঘোষণাকে আমরা স্বাগত জানাই। উপজেলার মাধ্যমে প্রশাসনিক বিকেন্দ্রীকরণে জাতীয় পার্টির অবদান রয়েছে।’ বর্তমান উপজেলা পরিষদকে সক্রিয় করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। সম্মেলনে আরও বক্তব্য দেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ উল্যাহ, জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সভানেত্রী সাংসদ নুরে হাসানাত লিলি, মহিলা সম্পাদিকা নাজমা রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিম, মুনিরুজ্জামান মুনির প্রমুখ।এরশাদ লক্ষ্মীপুর পৌর মেয়রের পদটি মহাজোটের পক্ষে জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। একাধিক প্রার্থী না থাকায় বর্তমান চেয়ারম্যান মুনিরুজামান চৌধুরী মুনিরকে জেলা জাপার সভাপতি ঘোষণা করা হয়।