গণতন্ত্রে শ্রদ্ধাশীলেরা নির্বাচনে অংশ নেবে: মতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, যাদের গণতন্ত্র, সংবিধান ও হাইকোর্টের রায়ের ওপর শ্রদ্ধা আছে, তারা আগামী নির্বাচনে অংশ নেবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রোববার তাঁর কবরে পুষ্পার্ঘ্য অর্পণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।বনানী গোরস্থানে শেখ কামালের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়া তাঁর রুহের মাগফিরাত কামনা করে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ। শেখ কামালের স্মৃতিচারণা করে মতিয়া চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে শেখ কামালের জীবন থেকে শিক্ষা নিতে হবে। বর্তমান সময়ে তরুণদের জন্য শেখ কামাল রোলমডেল হতে পারেন। তিনি সে সময় তরুণদের কথা চিন্তা করেই আবাহনী ক্রীড়াচক্র গড়ে তুলেছিলেন। এর আগে সকাল নয়টায় ধানমন্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতা-কর্মীরা। বাসস।