যে দেশটি ১৯৭১ সালে সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিল, সাড়ে তিন বছরের মাথায় সে দেশটির ওপর সামরিক শাসনের জেঁকে বসা ছিল দুর্ভাগ্যজনক। তবে বাংলাদেশের মানুষ শত নির্যাতন সত্ত্বেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ছিল অকুতোভয়। বন্দুকের জোরে বসা স্বৈরশাসকেরা ক্ষমতার ভিত পাকাপোক্ত করতে নানা অপকৌশলের আশ্রয় নিয়েছেন। গোয়েন্দা সংস্থাকে দিয়ে দল গড়েছেন, দল ভেঙেছেন, উৎকোচ ও উপঢৌকন দিয়ে একশ্রেণীর দালাল তৈরি করেছেন। তাঁরা কিছু সময়ের জন্য কিছু লোককে বিভ্রান্ত করতে পারলেও সব সময়ের জন্য সব মানুষকে বিভ্রান্ত করতে পারেননি। গণতন্ত্রের জন্য যতই তাঁরা মায়াকান্না করুন না কেন কেন, ইতিহাসেও চিহ্নিত হয়ে আছেন অবৈধ সামরিক শাসক হিসেবে।বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম মূলমন্ত্র ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্র যখন পদদলিত হয়েছে, ভূলুণ্ঠিত হয়েছে ভোটাধিকার, মানুষ নিশঙ্কচিত্তে রাস্তায় নেমেছে, নূর হোসেনের মতো গুলির সামনে বুক পেতে দিয়েছে। শাসকদের গুলি-ব্যাটনও তাঁদের কণ্ঠ স্তব্ধ করতে পারেনি। রাজনৈতিক দলের পাশাপাশি ছাত্র-তরুণ, সংস্কৃতিসেবী ও পেশাজীবী-শ্রমজীবী মানুষের যূথবদ্ধ সংগ্রাম বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অনন্য উদাহরণ হয়ে আছে।অভিজ্ঞতায় দেখা গেছে, দলীয় সংকীর্ণতাকে পেছনে ফেলে গণতান্ত্রিক শক্তিগুলো যখন ঐক্যবদ্ধ হয়েছে, তখনই স্বৈরশাসকদের ভিত কেঁপে উঠেছে। আমরা স্মরণ করতে পারি ১৯৮০ সালে জিয়াউর রহমানের বিরুদ্ধে নয়দলীয় জোট গঠনের কথা। স্মরণ করতে পারি স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলন কিংবা তিন জোটের যুগপৎ আন্দোলনের কথা। আমরা স্মরণ করতে পারি ১৯৮৭ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের একপর্যায়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সেই ঐতিহাসিক বৈঠকটির কথা। আমরা স্মরণ করতে পারি নব্বইয়ে তিন জোটের রূপরেখার কথা, যাতে এরশাদের পদত্যাগের আগে কোনো নির্বাচন নয় বলে জানিয়ে দেওয়া হয়েছিল। তিরাশিতে গণবিরোধী শিক্ষানীতির প্রতিবাদে যে ছাত্র আন্দোলনের সূচনা, নব্বইয়ে তা-ই রূপ নেয় বিশাল গণ-অভ্যুত্থানে। একাত্তরের পর এ রকম জনবিস্ফোরণ দ্বিতীয়টি ঘটেনি। অবশেষে সেলিম, দেলোয়ার, তাজুল, নূর হোসেন, মিলনসহ অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটে। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে গণতন্ত্রের সূচনা ঘটে। বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বাধীন অন্তর্বতী সরকার ছিল এ অভিযাত্রার অনুঘটক। এই মহতী মানুষের কথা আরেকটি কারণে স্মরণ করতে হয়। গণতন্ত্রের অন্যতম রক্ষাকবচ সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখতেও তিনি বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারাগুলো বাতিল করে দেন।১৯৯১ থেকে ২০১০ দুই দশক ধরে যত ভঙ্গুরই হোক না কেন, দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান আছে (মাঝখানে দুই বছরের তত্ত্বাবধায়ক আমল বাদে)। অন্তত এখন আর কেউ বন্দুকের জোরে ক্ষমতা দখল করে না। তবে এই গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতেও দেশবাসীকে অনেক সংগ্রাম করতে হয়েছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম উপায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলেও পূর্বাপর দলীয় সরকারগুলো কালো টাকা, পেশিশক্তি ও কারচুপির মাধ্যমে ভোটের ফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা চালায়। যে কারণে তৎকালীন বিরোধী দলগুলোর সম্মিলিত আন্দোলনের প্রেক্ষাপটে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এ নিয়ে যত বিতর্কই থাক না কেন, স্বীকার করতে হবে, এই ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত তিনটি নির্বাচনেই জনরায়ের প্রতিফলন ঘটেছে। গণতন্ত্রের সবলতা-দুর্বলতা নিয়ে সারা বিশ্বেই বিতর্ক চলছে। গণতান্ত্রিক ব্যবস্থা উন্নত দেশগুলোতেও সব সমস্যার সমাধান দিতে পেরেছে, বলা যাবে না। তবে এখনো পর্যন্ত এর চেয়ে উত্তম কোনো শাসনব্যবস্থা আবিষ্কৃত হয়নি বলে রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন। বাংলাদেশের প্রেক্ষাপটে পাঁচ বছর পর হলেও জনগণ ইচ্ছামতো তাদের প্রতিনিধি বা সরকার বেছে নিতে পারছে। এখন আর কেউ ভোট কারচুপি বা ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার কথা ভাবতে পারেন না। প্রতিবেশী মিয়ানমার কিংবা আরেকটু দূরের পাকিস্তানের দিকে তাকালে মনে হয় এটুকুই বা কম কিসে?সোহরাব হাসান: কবি ও সাংবাদিক