গণতন্ত্রের গুণগত পরিবর্তন জরুরি: ব্রিটিশ মন্ত্রী
যুক্তরাজ্যের সফররত আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান বলেছেন, বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থেই এখানে গণতন্ত্রের গুণগত পরিবর্তন জরুরি। তাই গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ও বিরোধী দলকে সমান দায়িত্ব পালন করতে হবে। অতীতের ধারা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে কাজ করতে হবে।আজ বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ অভিমত দেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। তিন দিনের সফরে তিনি গত সোমবার ঢাকায় আসেন। বাংলাদেশে যুক্তরাজ্যের উন্নয়ন-সহায়তাপুষ্ট কার্যক্রম সরেজমিনে দেখতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এলেন অ্যালান ডানকান। ব্রিটিশ প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে তাঁর দেশের উন্নয়ন-সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। ফলে আগামী চার বছরে ১০০ কোটি পাউন্ড পাবে বাংলাদেশ।তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এই মুহূর্তে সরকার ও বিরোধী দলের বিপরীতমুখী অবস্থানের বিষয়ে জানতে চাইলে ডানকান বলেন, ‘বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হবে, তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। এ বিষয়ে পরামর্শ দেওয়া আমার কাজ নয়। তবে এ ক্ষেত্রে একটি বিষয় জোরের সঙ্গে বলতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে হবে।’বর্তমান প্রক্রিয়ায় সুরাহা না হলে ব্রিটিশ সরকার মধ্যস্থতা করবে কি না, জানতে চাইলে ডানকান নেতিবাচক জবাব দেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা কোনো মধ্যস্থতা করব না। অতীতেও আমরা মধ্যস্থতা করিনি।’ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের (রাজনৈতিক) ইতিহাস সম্পর্কে আমার ধারণা আছে। এখানকার মূল রাজনৈতিক পক্ষগুলোর প্রত্যেকেই মনে করে, তাদের দাবি অনেক বেশি যৌক্তিক। তবে আমি বলব, অতীতের ধারা থেকে বেরিয়ে আসতে হবে। গুণগত পরিবর্তন আনতে হবে রাজনীতির। পরস্পরের প্রতি আস্থা তৈরির উদ্যোগ নিলেই রাজনীতির গুণগত পরিবর্তনের সুযোগ তৈরি হবে। তাই রাজনীতিকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে সব পক্ষকেই আমরা উত্সাহিত করতে চাই।’রাজনৈতিক স্থিতিশীলতা বিঘ্নিত হলে উন্নয়ন-সহায়তা ব্যাহত হবে কি না, জানতে চাইলে ব্রিটিশ উন্নয়ন প্রতিমন্ত্রী বলেন, ‘সহযোগিতা দেওয়ার সময় আমরা কোনো শর্তজুড়ে দিই না। তবে একটি দেশের সহায়তা পাওয়ার বিষয়টি সে দেশের সুনামের ওপর নির্ভর করে। কোনো দেশের সুনাম প্রতিষ্ঠার স্বার্থেই সে দেশের উন্নয়ন কর্মকাণ্ড কতটা সফলভাবে বাস্তবায়িত হয়, গণতন্ত্র কতটা কার্যকর—এ বিষয়গুলো বিবেচনা করা হয়।’দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ডানকান বলেন, বাংলাদেশে দুর্নীতি আছে। রাজনৈতিক সংস্কৃতি প্রতিহিংসামূলক। এ বিষয়গুলো লুকানোর কিছু নেই। তাই গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থেই সুশাসন নিশ্চিত করতে হবে।সংবাদ সম্মেলনে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স ও ঢাকায় যুক্তরাজ্যের আন্তর্জতিক উন্নয়ন সংস্থার প্রধান ক্রিস অস্টিন উপস্থিত ছিলেন।