জাতীয় সংসদের ঘটনাবহুল নবম অধিবেশন আজ বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে। ৩০ কার্যদিবসের এ অধিবেশনের পুরো সময়টাই বিরোধী দল অনুপস্থিত ছিল। এ অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল, ২০১১ পাস হয়। এর আগের দিন ২৯ জুন ২০১১-১২ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পাস হয়। গত ২২ মে সংসদের এ অধিবেশন শুরু হয়েছিল। স্পিকার আবদুল হামিদ সমাপনী বক্তব্যে বলেন, রাজনৈতিক দলে ও সংসদীয় কার্যক্রমে গণতান্ত্রিক চেতনাকে লালন করতে হবে। সবাই মিলেই সংসদীয় গণতন্ত্রের চেতনাকে তৃণমূলে ছড়িয়ে দিতে হবে। আর একই পথে এগিয়ে নিতে হবে গণতন্ত্রের চর্চাকে। এরপর তিনি সংসদ অধিবেশন সমাপ্তিসংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন। এ অধিবেশনে আটটি বিল পাস হয়েছে। তবে এ সময়ে সংসদে এসেছে ১৯টি বিল। এর মধ্যে নয়টি বিল কমিটিতে বিবেচনাধীন এবং দুটি বিল উত্থাপনের অপেক্ষায় আছে। বাজেট-সংক্রান্ত তিনটি এবং সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল, ২০১১ ছাড়া পাস হওয়া বিলগুলো হচ্ছে জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) বিল, ২০১০; বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (সংশোধন) বিল, ২০১০; কর ন্যায়পাল (রহিতকরণ) বিল ২০১১; ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) বিল, ২০১১। এ অধিবেশনে বাজেটের ওপর ৪৯ ঘণ্টা ১৩ মিনিট সাধারণ আলোচনা হয়েছে। এর মধ্যে মূল বাজেটের ওপর আলোচনা হয়েছে ৪৬ ঘণ্টা ৫১ মিনিট এবং সম্পূরক বাজেটের ওপর আলোচনা হয়েছে দুই ঘণ্টা ২২ মিনিট। বাজেটের ওপর আওয়ামী লীগের ১৯৯ জন, জাতীয় পার্টির ১৭ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) তিনজন, ওয়ার্কার্স পার্টির দুজন এবং একজন স্বতন্ত্র সদস্য আলোচনা করেছেন।