গণতন্ত্রের জন্য ক্ষতিকর কিছু আ.লীগ মেনে নেবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগকে গণতন্ত্রের জন্য কঠিন সংগ্রামী দল হিসেবে উল্লে¬খ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর দল দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর কোনো কিছু মেনে নেবে না।আজ বৃহস্পতিবার লন্ডনে তাঁর হোটেল স্যুটে বাংলাদেশসংক্রান্ত অল পার্টি ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের পাঁচ সদস্যের একটি দল তাঁর সঙ্গে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমি গণতন্ত্রের জন্য লড়াই করেছি। বাংলাদেশে গণতন্ত্র সমৃদ্ধ হবে। গণতন্ত্রকে ব্যাহত করতে পারে, এমন কিছু আমরা মেনে নেব না।’ খবর বাসসের।প্রতিনিধিদলে ছিলেন ব্রিটিশ হাউস অব কমন্সের সদস্য লর্ড আহমেদ শেখ, ব্যারোনেস টোঙ্গে, আরটি কেইথ ভ্যাজ, জিম ফিজপেট্রিক ও রুশনারা আলী।এ সময় অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার এম সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, শেখ হাসিনা এবং ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপ বাংলাদেশে গণতন্ত্রের অগ্রগতির বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী টেকসই গণতন্ত্রের জন্য সংসদীয় পদ্ধতি এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনপ্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেন। শেখ হাসিনা দেশে কয়েক বছরের অগ্রগতির বিবরণ তুলে ধরে বলেন, একমাত্র গণতান্ত্রিক পরিবেশেই দেশ সমৃদ্ধ হতে পারে। তবে ব্রিটিশ পদ্ধতির গণতন্ত্রে পৌঁছাতে বাংলাদেশের বহু সময় লাগবে উল্লে¬খ করে তিনি বলেন, সামরিক একনায়কদের হস্তক্ষেপে বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা বারবার ব্যাহত হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংসদ চমত্কার কাজ করছে এবং সরকারের কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সব সংসদীয় স্থায়ী কমিটি সক্রিয় ভূমিকা পালন করছে।বিরোধীদলীয় সদস্যদের সংসদ বর্জনের কথা উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের এই বর্জনের কোনো যৌক্তিকতা নেই। বিরোধীদলীয় নেতা গত সাড়ে তিন বছরে নবম সংসদে মাত্র আট দিন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, এর মধ্যে তিনি সংসদে ছয় দিন বক্তব্য রাখেন এবং সর্বশেষ দিন এক ঘণ্টা ৫৭ মিনিট ভাষণ দেন।ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা দেশকে শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন। তাঁরা ব্রিটেনের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানেরও প্রশংসা করেন।এর আগে লর্ড আহমেদ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল স্যুটে দেখা করেন। তিনি জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক ফোরামে শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন। তিনি বাংলাদেশে বিনিয়োগেও গভীর আগ্রহ প্রকাশ করেন।