গণতন্ত্রের নবযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে সরকার সংবিধান সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তা নিয়ে বিতর্ক চলছে। এ ব্যাপারে প্রথম আলো মুখোমুখি হয়েছে বিশেষজ্ঞদের। প্রথম পর্বে আজ ছাপা হলো বিশেষ সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তের অভিমত। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান ও মিজানুর রহমান খানপ্রথম আলো: সংবিধান সংশোধনে গঠিত কমিটি নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে এর এখতিয়ার ও কার্যপরিধি নিয়েও আপত্তি জানিয়েছেন। কমিটির কো-চেয়ারম্যান হিসেবে আপনার মন্তব্য জানতে চাইছি।সুরঞ্জিত সেনগুপ্ত: কার্যপ্রণালি বিধির ২৬৬ ধারায় বলা হয়েছে, সংসদ প্রয়োজন অনুযায়ী বিশেষ কমিটি গঠন করতে পারবে। সেখানে কমিটির চেয়ারম্যান কে হবেন, কো-চেয়ারম্যান রাখা যাবে কি না, সদস্যসংখ্যা কত হবে, সে সম্পর্কে কোনো বাধ্যবাধকতা নেই। কমিটি গঠনের ব্যাপারে বলা হয়েছে, ‘সংসদ কোনো প্রস্তাব দ্বারা এমন একটি বিশেষ কমিটি গঠন করিতে পারিবেন, যাহার গঠন ও কার্যপরিধি তাহারাই নির্ধারণ করিবেন।’ অতএব এ নিয়ে বিতর্ক বা আপত্তির অবকাশ নেই।এ কমিটি কতজনের হবে, সেটি প্রস্তাব দ্বারাই নির্ধারিত; কমিটি কী কাজ করবে, তাও কমিটি নির্ধারণ করবে। সেদিক থেকে এ কমিটির কার্যপরিধিও ব্যাপক। সংবিধানের যেকোনো বিষয়েই তাঁরা আলোচনা করতে পারবেন। এখানে কারও মধ্যে হতাশার কোনো কারণ নেই। কল্পনারও সুযোগ নেই। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল কিংবা বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার বিষয়টি সামনে এসেছে। এর অর্থ এই নয় যে অন্যান্য বিষয়ে আলোচনা করা যাবে না। অবশ্যই যাবে। বাহাত্তরের সংবিধানের মূল নীতিমালার কথা বলা হচ্ছে। সেটিও আলোচনায় আসছে। আবার আমাদের সংবিধান নিয়ে আলোচনা করতে হলে ফিরে যেতে হয় ১৯৩৫ সালের জনপ্রতিনিধিত্ব আইনে। কেননা, সেটিই সবকিছুর ভিত্তি।প্রথম আলো: প্রথমে বলা হয়েছিল, সর্বদলীয় কমিটি হবে। কিন্তু জাতীয় সংসদে প্রতিনিধিত্ব আছে এমন অনেক দলের প্রতিনিধি কমিটিতে নেওয়া হয়নি।সুরঞ্জিত সেনগুপ্ত: সংবিধান অনুযায়ী বিরোধী পক্ষে একমাত্র বিএনপিই সংসদীয় দল হিসেবে স্বীকৃত। যেসব দলে এক বা দুজন সাংসদ আছেন, তাঁরা গ্রুপ হিসেবে স্বীকৃত। সে ক্ষেত্রে সর্বদলীয় কমিটি বলা অন্যায় নয়। বিএনপি নাম পাঠালেই তো সর্বদলীয় হয়ে যায়।প্রথম আলো: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ মওদুদ আহমদ কমিটিতে বিরোধী দল থেকে অর্ধেক সদস্য দেওয়ার দাবি করেছেন।সুরঞ্জিত সেনগুপ্ত: মওদুদ আহমদ একজন অভিজ্ঞ সাংসদ ও আইনজ্ঞ। তাঁর কাছ থেকে এ ধরনের অযৌক্তিক প্রস্তাব আশা করিনি; বরং তিনি যদি বলতেন, আনুপাতিক হারে বিরোধী দল যে সংখ্যক সদস্য পেতে পারে, তার চেয়ে কম দেওয়া হয়েছে; আরও দুজন বা একজন দিতে হবে—সেটিই হতো যৌক্তিক এবং সংবিধানসম্মত। এ ধরনের কমিটিতে প্রতিনিধিত্বের আনুপাতিক হারেই সদস্যসংখ্যা নির্ধারিত হয়। তাঁরাও তো সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করেছিলেন।প্রথম আলো: তড়িঘড়ি করে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ বিরোধী দলের? সুরঞ্জিত সেনগুপ্ত: সরকারের বয়স ১৭ মাস পূর্ণ হয়েছে। সংসদ অধিবেশনের শেষ দিকে কমিটি গঠনের অর্থ হলো, সামনে দুই মাস সময় পাওয়া যাবে। বিরোধী দল সেদিন নাম দিতে পারেনি। এখনো দিতে পারে। তারা আলোচনায় শরিক হতে পারে, পরামর্শ দিতে পারে। সংবিধান সংশোধনী পাস হবে সংসদের অধিবেশনে। তার আগে আলোচনার যথেষ্ট সুযোগ আছে। সে ক্ষেত্রে তড়িঘড়ি করে কমিটি গঠনের অভিযোগ ঠিক নয়।প্রধানমন্ত্রীও সংসদে তাঁর সমাপনী ভাষণে বলেছেন, সময় কোনো সমস্যা নয়। বিরোধী দল যখন ইচ্ছে তাদের মন্তব্য রাখতে পারবে। এমনকি কমিটিতে না থাকলেও বিরোধী দলের সাংসদেরাও এসে বলতে পারেন, ‘আমাদের কিছু বলার আছে।’ তাঁরা চাইলে সে আলোচনা রুদ্ধদ্বার কক্ষেও হতে পারে।প্রথম আলো: বিএনপির কমিটিতে না আসার প্রধান কারণ কী বলে মনে করেন?সুরঞ্জিত সেনগুপ্ত: বিরোধটি মৌলিক। যারা সামরিক অধ্যাদেশের শাসনব্যবস্থায় বিশ্বাস করে, তারা জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করতে পারে না। না হলে বিএনপির নেত্রী কী করে বলেন, হাইকোর্ট-সুপ্রিম কোর্ট যে রায়ই দিন না কেন, সংসদ যে আইনই পাস করুক না কেন, তাঁরা ক্ষমতায় এসে সবকিছু বদলে দেবেন। আসলে প্রশ্নটি হলো, পাকিস্তানি ধারায় দেশ চলবে, না বাংলাদেশের নিজস্ব ধারায়। আমরা জনগণের সার্বভৌমত্ব ও আইনের শাসনে বিশ্বাস করি বলেই সংবিধান সংশোধন করতে চাই। সুপ্রিম কোর্টের রায়েও সে কথা বলা হয়েছে। বিএনপি সেটি চায় না, চাইতে পারে না বলেই হয়তো সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে আসতে চাইছে না।প্রথম আলো: উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতেই আপনারা সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছেন। রায় না হলে কি আপনারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতেন না?সুরঞ্জিত সেনগুপ্ত: রায়টি ঐতিহাসিক। প্রতিটি দেশের সংবিধানে কিছু মৌলিক নীতি থাকে। সাংবিধানিক পরিষদে যা প্রণীত হয়। পঞ্চম সংশোধনী কি সে ধরনের কোনো পরিষদে হয়েছে? হয়নি। তারা সামরিক অধ্যাদেশবলে এসব আইন করেছে এবং সংসদে তা অনুমোদন করিয়ে নিয়েছে।বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি ফজলে কবিরের বেঞ্চ খন্দকার মোশতাক আহমেদ, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ও জিয়াউর রহমানের সামরিক আইনকে অবৈধ ষোষণা করেছেন। সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রেখেছেন। ভবিষ্যতে যাতে কেউ সামরিক আইন জারি করতে না পারে সে ব্যাপারেও আইন পাসের পরামর্শ দিয়েছেন। আমাদের কাজ হবে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করা। তবে কেউ কেউ যুক্তি দেখিয়েছেন, পঞ্চম সংশোধনী বাতিল হলে চতুর্থ সংশোধনী পুনঃস্থাপিত হবে। বাকশাল কায়েম হবে। এটি অসত্য ও অপপ্রচার ছাড়া কিছু নয়। আদালতের রায়ে আরেকটি কথা বলা হয়েছে, আইনসম্মত কর্তৃপক্ষ ব্যতীত কেউ সংবিধান সংশোধন করতে পারবে না। সেটি করলে তা অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।প্রথম আলো: সুপ্রিম কোর্টের রায়ের আলোকে আপনারা সংবিধান সংশোধন করতে যাচ্ছেন। সে ক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়কে গুরুত্ব দেবেন?সুরঞ্জিত সেনগুপ্ত: প্রথমেই বলেছি, সবকিছুই কার্যপরিধিতে আসতে পারে। প্রজাতন্ত্রের তিনটি শাখা বিচার বিভাগ, আইনসভা ও নির্বাহী বিভাগ। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ সবাই মানতে বাধ্য। আবার জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদও যেকোনো আইন পাস করতে পারে। সে ব্যাপারে অন্যের কিছু বলার থাকতে পারে না। আইনের ইতিহাসের একজন ছাত্র হিসেবে আমি বলব, এটি একটি মাইলফলক রায়। এই রায়ের আলোকেই আমরা যেটুকু প্রয়োজন, সেটুকুই সংশোধন করার সুপারিশ করব। প্রথম আলো: বিদ্যমান সংবিধানের দুটি দুর্বলতার কথা বলা হয়। ৭০ অনুচ্ছেদের মাধ্যমে সাংসদের অধিকার খর্ব করা হয়েছে, দ্বিতীয়ত প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা মন্ত্রিসভার হাতে না দিয়ে ন্যস্ত করা হয়েছে প্রধানমন্ত্রীর হাতে।সুরঞ্জিত সেনগুপ্ত: এখানে রাজনৈতিক বিবেচনাটি অগ্রাধিকার পাবে। রাজনৈতিক নেতৃত্ব যেভাবে দিকনির্দেশনা দেবেন, আমরা সেভাবেই অগ্রসর হব। ৭০ অনুচ্ছেদের বিষয়েও দুটি বাস্তবতা আছে; একটি হলো, দ্বাদশ সংশোধনীর পরবর্তী, অন্যটি বাহাত্তরের মূল সংবিধানের। যদি সিদ্ধান্ত হয় মূল সংবিধানে ফিরে যাওয়া, তাহলে সেখানেই আমরা স্থির থাকব।প্রথম আলো: দ্বাদশ সংশোধনী পাসের সময় বিরোধী দল থেকে আপনারা কিছু সংশোধনী এনেছিলেন। যেমন গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন। সংবিধান সংশোধনের সুযোগে সেগুলো আমলে আনবেন কি না?সুরঞ্জিত সেনগুপ্ত: আনতে চাইলে আনা যাবে। তবে বাধ্যবাধকতা নেই।প্রথম আলো: অনেক আইনজ্ঞ মনে করেন, সংবিধান সংশোধনের মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতীয় মতৈক্য থাকা প্রয়োজন।সুরঞ্জিত সেনগুপ্ত: বাস্তবতা হলো, আমরা জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় মতৈক্যের নির্যাস নিয়েই কাজটি করতে যাচ্ছি। আবার কতগুলো বিষয় আছে, যা নিয়ে বিতর্ক বা আলোচনার সুযোগ নেই। যেমন—আমাদের স্বাধীনতা এসেছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। স্বাধীনতার ঘোষণাপত্রও কিন্তু আলোচনার মাধ্যমে আসেনি; এসেছে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে। এই ঘোষণার ভিত্তিতেই ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। মনে রাখতে হবে, সংবিধান সেই মুক্তিযুদ্ধেরই ফসল।এখন অনেকে মতৈক্যের কথা বলেন, কিন্তু বিএনপি যখন পঞ্চম সংশোধনীর মাধ্যমে অবৈধ সামরিক শাসনকে বৈধ করল, তখন কি তারা জনমতের তোয়াক্কা করেছিল? জাতীয় মতৈক্যের কথা ভেবেছিল? প্রথম আলো: সংবিধানের নামে আপনারা এমন কিছু করবেন কি না, যাতে সংবিধানের মৌলিক কাঠামো বদলে যায়?সুরঞ্জিত সেনগুপ্ত: আমরা তা করব না। করতে পারি না; বরং অসাংবিধানিকভাবে সংবিধানের যে মৌলিক কাঠামো বদলে দেওয়া হয়েছিল, সেটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে চাই। আমরা বলেছি, যা-ই ঘটুক না কেন, সংবিধানের মৌলিক কাঠামো বদলানো যাবে না, আদালতের রায়েও সেই কথা বলা আছে।প্রথম আলো: আপনারা বাহাত্তরের সংবিধানে ফেরার কথা বলছেন। সে ক্ষেত্রে চার মূলনীতি ঠিক থাকবে কি না?সুরঞ্জিত সেনগুপ্ত: আমার ধারণা, ঠিক থাকবে। আদালতের রায় আমাদের কাজটিকে সহজ করে দিয়েছে। সামরিক শাসন বলে সংবিধানের মৌলিক কাঠামো বদলে ফেলা হয়েছিল। এখন দেশের সর্বোচ্চ আদালত সেই সামরিক শাসনকে অবৈধ ঘোষণা করেছেন। সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সংবিধানের চার মূল নীতি পুনঃস্থাপিত হবে। তবে এ ক্ষেত্রেও দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে। যেমন—চার মূল নীতিতে সমাজতন্ত্রের কথা আছে। প্রশ্ন হলো, ওয়ার্কার্স পার্টি যে সমাজতন্ত্র চায়, তার সঙ্গে জাসদের সমাজতন্ত্রের মিল নেই। আবার তারা যে সমাজতন্ত্র চায়, তার সঙ্গে আওয়ামী লীগের সমাজতন্ত্রেরও মিল নেই। সমাজতন্ত্রের মূল কথা হলো রাষ্ট্রীয় মালিকানা। কিন্তু বঙ্গবন্ধু রাষ্ট্রীয়, ব্যক্তি ও সমবায়—তিন ধরনের মালিকানার কথা বলেছিলেন। আমরা মনে করি, সবকিছুই করতে হবে বাস্তবতার নিরিখে। বাহাত্তরের সংবিধান হয়েছিল ৩৮ বছর আগে। বর্তমানে দেশীয় ও বিশ্ববাস্তবতা ভিন্ন। এসব বিবেচনা রেখেই কমিটি সম্ভাব্য সবকিছু করবে। এটিকে উল্টোরথও বলা যায়। পঁচাত্তরের পর দেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। তার বিপরীতে যে লক্ষ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, সেই লক্ষ্যেই আবার পৌঁছাতে চাই।এখানে আমি একটি কথা বলতে চাই, প্রতিবিপ্লবীরা ভয়াবহ রক্তপাত ঘটিয়ে যেভাবে স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ পদদলিত করেছিল, রক্তপাতহীন উপায়ে সাংবিধানিকভাবে সেই চেতনাকে ফিরিয়ে আনার কাজটি শেখ হাসিনা করছেন। পৃথিবীতে দ্বিতীয় উদাহরণ নেই। ইন্দোনেশিয়ার সুকর্ণ কিংবা চিলিতে আলেন্দের রাজনীতি কিন্তু ফিরে আসেনি। বাংলাদেশে শেখ হাসিনা রাষ্ট্রের মৌলিক কাঠামো ফিরিয়ে আনতে যাচ্ছেন, যা হবে গণতন্ত্রের নবযাত্রা। স্বাধীনতার ৪০ বছর পর দেশে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা পুনঃস্থাপিত হতে যাচ্ছে। কাজটি সহজ নয়। এ জন্যই আমরা গণমাধ্যমেরও সহযোগিতা চাই। আমাদের সীমাবদ্ধতা আছে। তবে আন্তরিকতার ঘাটতি নেই। সবার প্রতি অনুরোধ থাকবে, আগেভাগে সংশয়-সন্দেহে সবকিছু ভণ্ডুল করে দেবেন না। কমিটি কাজ শুরু করেছে মাত্র। আমাদের কাজ করতে দিন, দেখুন কী করি। তারপর বলুন, আমরা কতটুকু পেরেছি, কতটুকু পারিনি। যারা ৬০ বছর ধরে (পাকিস্তান আমলসহ) সামরিক অধ্যাদেশবলে দেশ শাসন করেছে, তাদের বিরুদ্ধে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, তাতে আমরা সব গণতন্ত্রকামী মানুষের সহযোগিতা চাই। এ ব্যাপারে আমরা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীদের পরামর্শও নেব। প্রথম আলো: কমিটি কত দিনের মধ্যে কাজ শেষ করতে পারবে বলে মনে করেন?সুরঞ্জিত সেনগুপ্ত: আলাপ-আলোচনার মাধ্যমেই সেটি নির্ধারিত হবে। আগেভাগে দিনক্ষণ বলা ঠিক হবে না। তবে আগামী অধিবেশনে যাতে বিল আনা যায়, সেই চেষ্টাই করছে কমিটি। কমিটি সবার সহযোগিতা নিয়ে কাজ করতে আগ্রহী। আমাদের কাজে শতভাগ স্বচ্ছতা আছে। আমরা কোনো কিছু গোপন করছি না।