গণতন্ত্রের পথচলায় নতুন বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বৌদ্ধধর্মাবলম্বী ও মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক দাঙ্গা দেশটির ভাবমূর্তিতে আবার কালিমা লেপন করছে। এই দাঙ্গার ঘটনা পুরোপুরি গণতন্ত্রের পথে উত্তরণে দেশটির জন্য নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেছেন বিশ্লেষকেরা।গত বছর সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশটির শাসনভার সামরিক জান্তার কাছ থেকে বেসামরিক সরকারের কাছে ন্যস্ত হয়, যদিও এই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক রয়েছে। এর পরপরই দীর্ঘ দিনের গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি দেওয়া হয় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে। বেশ কিছু রাজবন্দীদের মুক্তি দেওয়াসহ নেওয়া হয় কিছু সংস্কারমূলক পদক্ষেপ। এতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অনেক দেশ আশান্বিত হয়ে ওঠে—দেশটি এবার সত্যি সত্যি গণতন্ত্রের পথে এগোচ্ছে ভেবে। কিন্তু তাদের এই প্রত্যাশায় বাদ সেধেছে গত শুক্রবার থেকে ছড়িয়ে পড়া রাখাইন রাজ্যের সহিংসতা।হত্যা, অগ্নিসংযোগ আর দাঙ্গার বিস্তারে ভেস্তে যেতে পারে মিয়ানমারের গণতন্ত্রের অভিযাত্রা—এ আশঙ্কা দেশটির প্রেসিডেন্ট থেইন সেইনেরও।রোববার রাতে রাখাইন রাজ্যে জরুরি অবস্থা জারির পর রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে থেইন বলেন, চলমান সহিংসতা গণতান্ত্রিক প্রয়াসের জন্য বিপদ ডেকে আনছে। তিনি বলেন, ‘আমরা যদি জাতিগত ও ধর্মীয় বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে থাকি, যদি ঘৃণা, প্রতিশোধের স্পৃহা ও নৈরাজ্যকে বেশি গুরুত্ব দিই, একে অপরকে হত্যা করতে থাকি, তবে তা আমাদের সংকটকে গভীর করবে। একসময় তা রাখাইন রাজ্য ছেড়ে বাইরেও ছড়িয়ে পড়বে।’থেইন সেইন বলেন, ‘যদি এসব ঘটতেই থাকে, তবে জনগণকে মনে রাখতে হবে যে এসবের কারণে বাধাগ্রস্ত হবে দেশের স্থিতিশীলতা, শান্তি, গণতন্ত্র প্রতিষ্ঠার কর্মকাণ্ড ও উন্নয়ন—যেগুলো এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে।’রয়টার্সের এক খবরে বলা হয়, রাখাইন রাজ্যের কয়েকটি শহরে সাম্প্রদায়িক দাঙ্গায় এ পর্যন্ত কমপক্ষে সাতজন নিহত হয়েছে। আহত শতাধিক। মিয়ানমারের সরকারি কর্মকর্তারা জানান, ৪ জুন একজন নারীর ধর্ষিত ও নিহত হয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মুয়াংদাও শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুজব রটে, তিনজন রোহিঙ্গা মুসলমান ওই বৌদ্ধ নারীকে ধর্ষণের পর হত্যা করেছে। বাসে করে তাঁরা শহর ছেড়ে চলে যাচ্ছেন। এর পর শত শত বৌদ্ধধর্মাবলম্বী একটি যাত্রীবাহী বাসে হামলা চালান। এ ঘটনায় ১০ জন মুসলমানের মৃত্যু হয়। তাঁরা রোহিঙ্গা বলে জানা গেছে।ঘটনা তদন্তে ৭ জুন সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সরকার ঘোষণা করে, এই কমিটি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা তদন্ত করবে ও চলতি মাসের শেষ নাগাদ প্রতিবেদন জমা দেবে।১০ জন রোহিঙ্গা হত্যার প্রতিবাদে গত শুক্রবার জুমার নামাজ শেষে মুয়াংদাও শহরতলি এলাকায় শত শত ক্ষুব্ধ মুসলমান বিক্ষোভ শুরু করে। এ সময় তারা প্রায় ৫০০ বাড়িঘরে আগুন লাগায় ও ভাঙচুর করে। এরপর শনিবার সহিংসতা পাশের জেলাশহর বুথিদাঙ্গে ছড়িয়ে পড়ে। বৌদ্ধধর্মাবলম্বী লোকজন গ্রাম ছেড়ে পালাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহর দুটিতে জারি করা হয় কারফিউ।বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সহিংসতা রোববারও চলতে থাকলে রাতে রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়।রাষ্ট্রনিয়ন্ত্রিত এমআরটিভির এক খবরে বলা হয়, দাঙ্গাপূর্ণ শহরগুলো বাদেও পর্যটকদের প্রিয় ঠান্ডওয়ে এবং গুরুত্বপূর্ণ শহর কাইয়ুকাইয়ু শহর দুটিতেও কারফিউ জারি করা হয়েছে।রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, চলমান ‘বিক্ষোভ ও সন্ত্রাসী হামলা’ ঠেকাতে এবং ‘দ্রুততম সময়ের মধ্যে জনগণের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা’ নিশ্চিত করতে এই জরুরি অবস্থা জারি করা হয়।মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয়ের পরিচালক জাও তে রয়টার্সকে বলেন, ‘আমরা সেনাবাহিনীকে সিতউ শহরের বিমানবন্দর ও আশপাশের রাখাইন গ্রামগুলোকে রক্ষার জন্য নির্দেশ দিয়েছি।’দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি গত এপ্রিল মাসে একটি উপনির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আগ্রহ প্রকাশ করছে, এ সময় এসব সহিংসতার ঘটনা ঘটছে।বিশেষজ্ঞদের মতে, সহিংসতার ঘটনায় দেশটির পর্যটনশিল্প ও বিদেশি বিনিয়োগ লাভের সুযোগ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে।বিশ্লেষকদের মতে, বহু বছরের চাপা সাম্প্রদায়িক দ্বন্দ্ব রাখাইন রাজ্যে দাঙ্গায় রূপ নিয়েছে। হাজার হাজার মানুষ শিকার হয়েছে সহিংসতার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, ৯ জুন সেনাবাহিনী দাঙ্গাপ্রবণ এলাকাগুলোতে অবস্থান নিলেও ব্যর্থ হয়েছে দাঙ্গাকারীদের দমন করতে। স্থানীয় মানুষের অভিযোগ, নিরাপত্তা বাহিনী কোনো কাজেই আসেনি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার সারাদিন সিতউ শহরের আশপাশের গ্রামগুলোতে মুসলমানদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেন বৌদ্ধরা। এ সময় সেনাসদস্যদের নিষ্ক্রিয় থাকতে দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন রাখাইন রয়টার্সকে বলেন, ‘রোহিঙ্গা লোকজনের বাড়িঘর আমরা পুড়িয়ে দিচ্ছি। কারণ তারা আমাদের গ্রামের খুব কাছে বাস করে। রাতে ওরা জড়ো হয়ে আমাদের ওপর হামলা চালায়।’ আরেকজন বলেন, ‘একদল রোহিঙ্গা কিছুক্ষণ আগে ৩৫৭ নম্বর পদাতিক ব্রিগেডের পেছনে রাখাইনদের কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। সেনারা কেবল দাঁড়িয়ে দেখেছেন, কোনো ব্যবস্থা নেননি।’দাঙ্গার কারণে ক্ষয়ক্ষতির পাশাপাশি বেড়েছে আতঙ্ক। ভীত-সন্ত্রস্ত মানুষ যেদিকে পারছে পালাচ্ছে। বাড়িঘর তো গেছেই, এবার জীবন রক্ষার উপায় খুঁজছে মানুষ।একজন বৃদ্ধ রোহিঙ্গা রয়টার্সকে বলেন, বৌদ্ধরা ‘তলোয়ার আর লাঠি’ হাতে রাস্তায় টহল দিচ্ছে। আতঙ্কিত ব্যক্তিটি তাঁর পরিবার নিয়ে ওই এলাকায়ই অবস্থান করছেন।সেনাসদস্যরা দাঙ্গা দমনে নয়, বরং বাড়াতে সাহায্য করছে—এমন অভিযোগও এসেছে অনেক।সিতই বিমানবন্দর-সংলগ্ন এলাকার একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, ‘নিরাপত্তা বাহিনীর লোকেরা মুসলমানদের বাড়িগুলো ভাঙচুর করতে সহায়তা করেছে।’ তিনি বলেন, সেনাসদস্যদের সহায়তায় একদল বৌদ্ধ তাঁর বাড়িতে আগুন লাগাতে উদ্যত হলে আরেকজন প্রতিবেশী বৌদ্ধ দাঙ্গাকারীদের থামান।গোষ্ঠীগত বিরোধরাখাইন রাজ্যে বৌদ্ধধর্মের অনুসারী রাখাইন লোকজন সংখ্যাগরিষ্ঠ। তবে রাজ্যটির তিনটি জেলায় রোহিঙ্গা মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ। রোহিঙ্গারা বাংলার একটি উপভাষায় কথা বলে। তাই মিয়ানমারের অধিকাংশ মানুষ রোহিঙ্গাদের বহিরাগত হিসেবে গণ্য করে।জাতিসংঘের শরণার্থী-বিষয়ক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাখাইন রাজ্যের তিনটি জেলায় রোহিঙ্গাদের সংখ্যা প্রায় আট লাখ। তারা বিভিন্ন ধরনের নির্যাতন, বৈষম্য ও প্রতারণার শিকার। জবরদস্তিমূলক কাজে নিয়োগ করা হয় তাদের। তাদের স্বাধীনভাবে বিয়ে করা ও যাতায়াতের ওপরও রয়েছে রাষ্ট্রীয় বিধি-নিষেধ। শিক্ষার সুযোগও খুব সীমিত।এশিয়ার হিউম্যান রাইটস ওয়াচের উপপরিচালক ইলেন পিয়ারসন বলেন, বছরের পর বছর মিয়ানমার সরকার ওই অঞ্চলে যে নির্যাতন ও নিপীড়নের চালিয়েছে, তাতে দাঙ্গা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে।রোহিঙ্গারা নিজেদের আদিবাসী হিসেবে দাবি করে এলেও সরকার তা বরাবরই নাকচ করেছে। জাতিসংঘ ওই অঞ্চলে তীব্র মানবিক-সংকট নিয়ে দীর্ঘদিন অভিযোগ করলেও সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।