গণতন্ত্রের বিকল্প নেই
দেশ স্বাধীনের পর বেশির ভাগ সময় সামরিক শাসন থাকায় দেশের অর্থনীতি ও সাধারণ মানুষ নিষ্পেষিত হয়েছে উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেন, দেশের মানুষের সার্বিক উন্নয়নে গণতন্ত্রের বিকল্প নেই। আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় আবদুল হামিদ এসব বলেন।স্পিকার মতবিনিময় সভায় বলেন, নব্বইয়ের গণ-আন্দোলনের পর দেশে গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে। গণতন্ত্রের দুই দশক সময় খুব বেশি নয়। তাই দলমত-নির্বিশেষে সবাইকে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রাখার জন্য সতর্ক থাকতে হবে। এ সময় প্রেসক্লাবের সভাপতি এ কে নাসিম খান, সহ-সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেনসহ গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।পরে বিকেলে স্পিকার সার্কিট হাউস মিলনায়তনে হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘দেশে জনসংখ্যার প্রচণ্ড চাপ। তাই ভূমির অপচয় রোধ করে আমাদের বহুতল ভবন নির্মাণে উদ্যোগ নিতে হবে।’ অনুষ্ঠানে বক্তব্য দেন করপোরেশনের চেয়ারম্যান মো. ইয়াছিন আলী, ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আলম তালুকদার, জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম প্রমুখ।