গণতন্ত্রের ব্যাপারে আপস নেই: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশের গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, জাতীয় স্বার্থসহ কিছু বিষয়ে কোনোভাবেই আপস করবে না। তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রকে শক্তিশালীকরণ, জনগণের কল্যাণ, যুদ্ধাপরাধীদের বিচার এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ইস্যুতে কোনো আপস করব না।’আজ সোমবার সন্ধ্যায় নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাত্ করতে গেলে শেখ হাসিনা এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। সুতরাং এসব বিষয়ে আপস করে এবং নির্বাচনে কারচুপির মাধ্যমে ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার কোনো অভিপ্রায় আমাদের নেই। জীবন থাকতে কোনো অন্যায়-অবিচারের কাছে আমরা মাথা নত করব না।’শেখ হাসিনা বলেন, তাঁর সরকার শান্তি ও স্থিতিশীলতার নিশ্চয়তা বিধানসহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা এবং ন্যায়বিচারের স্বার্থে যুদ্ধাপরাধীদের বিচারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। নতুন নির্বাচন কমিশন নিয়োগে মতৈক্যে পৌঁছতে রাষ্ট্রপতির উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। ভবিষ্যতেও সব নির্বাচন একইভাবে অনুষ্ঠিত হবে।বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য প্রকাশে সতর্ক থাকার জন্য নোয়াবের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সংবাদপত্রগুলোতে ভুয়া খবর যাতে ছাপা না হয়, সে ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে।’ইন্ডিপেনডেন্টের সম্পাদক মাহবুবুল আলমের নেতৃত্বে নোয়াবের প্রতিনিধিদলে ছিলেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিউজ টুডের সম্পাদক এম রিয়াজউদ্দিন, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, দৈনিক সংবাদ সম্পাদকের আলতামাস কবির, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক এম তসলিম উদ্দিন চৌধুরী, দৈনিক যুগান্তরের প্রকাশক নূরুল ইসলাম বাবুল ও দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ।এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ এম ওয়াহিদুজ্জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের প্রধান নির্বাহী মাহাবুবুল হক উপস্থিত ছিলেন। বাসস।