মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। স্বপ্ন মানুষকে জীবনের কঠিনতম অবস্থায় আশার আলো দেখায়, দুর্যোগ কাটিয়ে ওঠার প্রেরণা মানুষকে জোগায়। মনে পড়ে, ষাটের দশকের শেষ দিক থেকে ভিন্ন এক স্বপ্ন আমরা সেই সময়ের তরুণেরা দেখতে শুরু করেছিলাম, যে স্বপ্ন ছিল নতুন এক পরিচয় নিয়ে আত্মপ্রকাশের স্বপ্ন—যে পরিচয়ে থাকবে না কোনো গ্লানি, থাকবে না কোনো রকম শঙ্কা কিংবা উদ্বেগ। সময়টা তখন ছিল যেন অনেক অর্থেই অনিশ্চিত। মাত্র দুই দশক আগে নতুন এক স্বপ্নের দেশের সূচনালগ্নেই স্বপ্নভঙ্গের বেদনায় অনেকে তখন তাড়িত, ফলে নতুন আর একটি ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার আকাঙ্ক্ষাও আমাদের আগের সেই প্রজন্মের অনেকেই তখন যেন হারিয়ে ফেলেছিলেন। এর ঠিক বিপরীতে অনিশ্চিত সেই সময়ের তরুণদের মধ্যে অনেকেই ছিল স্বতন্ত্র আত্মপরিচয়ের স্বপ্নে তাড়িত, যা আমাদের একসময় অবশ্যম্ভাবীভাবে নিয়ে গেছে মুক্তির যুদ্ধে। সেই যুদ্ধ তো তাই একদিক থেকে ছিল স্বপ্ন বাস্তবায়নেরই যুদ্ধ। আর এ কারণেই শত প্রতিকূলতা সত্ত্বেও যুদ্ধে যে জয় আমাদের নিশ্চিত, দৃঢ় সেই প্রত্যয় থেকে আমরা ক্ষণকালের জন্যও হইনি বিচ্যুত।যুদ্ধজয়ের পর এসেছিল অন্য এক স্বপ্ন দেখার সময়। সদ্য মুক্ত আমাদের স্বাধীন দেশটাকে কীভাবে গড়ে নেওয়া যায়, সেটা ছিল সেই স্বপ্ন। আমরা স্বপ্ন দেখেছিলাম এমন এক দেশ গড়ে নেওয়ার, বিত্তবৈভব যেখানে না থাকলেও অনটনের সংসার হিসেবে যেটাকে গণ্য করা যাবে না। আমাদের স্বপ্নের ব্যর্থতার সূচনাও মনে হয় সেখান থেকেই। কেননা, যুদ্ধকালীন মানসিকতা আর যুদ্ধজয়ের পরে বিজয়ীর মনোভাবের যে ফারাক নিজে থেকেই তৈরি হয়ে যায়, সেটা মনে হয় আমরা ধর্তব্যের মধ্যে নিইনি। ফলে কেন সেই ব্যর্থতা, সেই আলোচনা হয়তো বা পুরোনো তত্ত্বের একই বৃত্তে আমাদের ফিরিয়ে নিয়ে যাবে, যে বৃত্তের চারপাশে আমরা ঘুরপাক খেয়ে মরছি গত চার দশক ধরে, খুঁজে পাচ্ছি না এর থেকে বের হয়ে আসার পথ। তবে স্বপ্ন দেখার তো শেষ নেই। কেননা, স্বপ্নের সমাপ্তির অর্থ যে অন্যভাবে দাঁড়ায় মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া! আজও তাই আমরা স্বপ্ন দেখে যাই আমাদের স্বপ্নের সেই দেশটাকে ঘিরে, আর মাত্র এক দশক পর যে দেশ পূর্ণ করবে এর অর্ধশতক।আমার প্রবাসজীবনের শুরু ধরে নেওয়া যায় বাংলাদেশের অভ্যুদয়ের সূচনালগ্ন থেকে। মাঝে এক দশকের বিরতিতে দেশটাকে আরও ভালোভাবে জেনে নিয়ে গত শতকের নব্বইয়ের দশকের একেবারে সূচনালগ্ন থেকে সেই যে আবারও আমার দেশছাড়া হওয়া, জীবনের দ্বিতীয় এই প্রবাসপর্ব আজও অব্যাহত আছে। তিন দশকের প্রবাসজীবনের পুরো সময় আমার কেটেছে তিনটি দেশে। সেসব দেশকে কাছ থেকে দেখে ভালোভাবে চিনতে পারার জন্য সময়ের এই ব্যাপ্তিকে অবশ্যই পর্যাপ্ত বলা চলে। দীর্ঘ প্রবাসজীবনের সে রকম অভিজ্ঞতার নিরিখে আমার দেশের দিকে চোখ মেলে তাকিয়ে নতুন যে স্বপ্ন এখন আমি দেখছি, তার অনেকটাই ভবিষ্যতের প্রত্যাশার সঙ্গে যুক্ত, যে প্রত্যাশা পাখা মেলার সুযোগ পেয়েছে প্রবাসজীবনের অভিজ্ঞতার আলোকেই।শুরুতেই বলে নিতে হয় যে বাংলাদেশের গত চার দশককে হারিয়ে যাওয়া দশক হিসেবে চিহ্নিত করতে যারা আগ্রহী, সেই দলে নাম লেখাতে আমি রাজি নই। গত চার দশকে অনেক কিছু আমরা করতে না পারলেও সবটাই যে আমাদের একেবারে পুরোপুরি ব্যর্থতায় ঢাকা, সেই যুক্তি আমি মেনে নিতে নারাজ। হতে পারে আমাদের চলার পথ একেবারেই মসৃণ ছিল না, হতে পারে আমরা আমাদের গন্তব্য নিয়ে বিভ্রান্তির বেড়াজালে আটকা পড়ে গিয়ে বারবার হোঁচট খেয়েছি, হতে পারে বারবার আমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে একই আবর্তে ঘুরপাক খাচ্ছি। তার পরও প্রাপ্তির ঘর যে একেবারে শূন্য, তা মেনে নেওয়া কষ্টকর। অন্তত বিদেশের অভিজ্ঞতা কিন্তু আমাদের সে কথাই বলে।চার দশক পর বিদেশ-বিভুঁইয়ে এখন আর আমাদের তলাবিহীন ঝুড়ি হিসেবে দেখা হয় না। অনেকে মেনে নিতে না চাইলেও নোবেল পুরস্কারের মতো সম্মান বিদেশে আমাদের মর্যাদাকে করে দিয়েছে আরেকটু পোক্ত। ত্রুটিপূর্ণ হওয়া সত্ত্বেও গত দুই দশকে গণতন্ত্রের পথে আমাদের ধীর পদযাত্রা সেসব রাষ্ট্রের বলয়ের বাইরে আমাদের নিয়ে এসেছে, যাদের প্রসঙ্গ আলোচিত হওয়ার অর্থ অন্যদিকে হচ্ছে শুভবুদ্ধির মানুষের মনে বিরক্তি দেখা দেওয়া। এসব সীমিত অর্জন সম্ভব হয়েছে আমাদের সম্মিলিত শ্রম আর ত্যাগের কল্যাণে, একক কারও সাফল্যের মধ্য দিয়ে নয়। ফলে এ-ও কিন্তু স্বপ্ন দেখার প্রক্রিয়াতেই বরং আরও কিছুটা উৎসাহ আমাদের জুগিয়ে চলেছে এবং এ রকম স্বপ্ন আমরা এখন দেখছি যে ৫০ বছর পূর্তির বছরে আমাদের বাংলাদেশ সমতাপূর্ণ এক সমাজ গড়ে তোলার পথে আরও একটু এগিয়ে যেতে সক্ষম হবে। তবে আমাদের দেখা সেই ছোট স্বপ্নের বাস্তবায়ন সম্ভব করে তুলতে হলে সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো, সহনশীল একটি রাজনৈতিক সংস্কৃতি দেশে চালু হওয়া, ভিন্ন মত ও পথের উপস্থিতি সত্ত্বেও যে সংস্কৃতি অন্যের প্রতি শ্রদ্ধাশীল, নিজের দলের লোক যারা নয়—তাদেরও একই নিক্তিতে ওজন করে দেখার প্রয়োজনীয়তা আমাদের শিখিয়ে দেবে যে সংস্কৃতি। গণতন্ত্রের অর্থই তো হচ্ছে সরকারের যারা সমালোচক, তাদের সরব উপস্থিতি মেনে নেওয়া এবং সেই সমালোচনার জবাব কাজের মধ্য দিয়ে দেওয়া, পেশিশক্তি ব্যবহারের মধ্য দিয়ে নয়।দীর্ঘ প্রবাসজীবনের অভিজ্ঞতা খুবই স্পষ্টভাবে যে বিষয়টি আমাদের সামনে নিয়ে আসছে তা হলো, দুই দশকের বিরতিহীন অভিজ্ঞতা এবং জনতার রায়ে ক্ষমতার পালাবদল ঘটে যাওয়া সত্ত্বেও গণতন্ত্রের ভিত্তি আমরা এখনো শক্ত করে তুলতে পারিনি। কেন সেই ব্যর্থতা, তার কারণ খুঁজে দেখার প্রক্রিয়ায় দেশের চলমান রাজনৈতিক ধারার দিকে সমালোচনামূলক দৃষ্টিপাত করার চেয়ে তুলনামূলক বিশ্লেষণ মনে হয় অনেক বেশি অর্থবহ হয়ে উঠতে পারে।জাপানে গণতন্ত্রের বয়স আমাদের বাংলাদেশের গণতন্ত্রের চেয়ে তেমন একটা বেশি নয়। আমরা যদি ১৯৭২-এর সংবিধানকে গণতন্ত্রের পথে আমাদের যাত্রার প্রথম মাইলফলক হিসেবে ধরে নিই, তাহলে জাপানের চেয়ে আমাদের পিছিয়ে থাকার সময়গত ব্যবধান মাত্র আড়াই দশকের। জাপানে সত্যিকার অর্থে গণতন্ত্র বিকশিত হওয়ার সুযোগ লাভ করেছে ১৯৪৭ সালে দেশের বর্তমান সংবিধান কার্যকর হওয়ার পর থেকে। দীর্ঘ এই সাড়ে ছয় দশকের চলার পথ পরিক্রমণের শেষে জাপানের গণতন্ত্রকে এখন বিশ্বের সবচেয়ে ফলপ্রসূ একটি গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে দেখা হয়, যদিও এই গণতান্ত্রিক ব্যবস্থা একক একটি দলকে পাঁচ দশকের বেশি সময় ধরে টানা ক্ষমতাসীন থাকার পথ করে দিয়েছিল। তবে সেই পথ কিন্তু নির্বাচনী কারচুপির মধ্য দিয়ে হয়নি, বরং সেটা হয়েছিল অর্থনৈতিক সাফল্যের ফলাফল জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ায় দলটির দেখানো সাফল্যের কল্যাণে। এখান থেকে মনে হয়, আমাদের রাজনৈতিক দলগুলোর প্রথম যে শিক্ষাগ্রহণ প্রয়োজন তা হলো, গণতন্ত্রের সুফল জনগণ ভোগ করতে না পারলে গণতন্ত্র শেষ পর্যন্ত অর্থহীন হয়ে ওঠে এবং সেই সুযোগে অগণতান্ত্রিক বিভিন্ন শক্তির পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসে যাওয়ার মতো অবস্থা তা তৈরি করে দেয়। ফলে গণতন্ত্রকে অর্থবহ করে তুলে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় টিকে থাকতে হলে অর্থনৈতিক অগ্রগতির ফলাফল জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য আর কোনো বিকল্প একেবারেই নেই।আমাদের দেশে অনেকেই বলতে ভালোবাসেন, বাংলাদেশের উচিত অর্থনৈতিক অগ্রগতির জাপানি মডেল অনুসরণ করা। তবে সে সঙ্গে আবার জাপানি মডেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ, সেই রাজনৈতিক কাঠামোর কথা উল্লেখ করতে এরা ভুলে যান অথবা ইচ্ছাকৃতভাবে সেটা তাঁরা করেন না। জাপানের কোনো মডেল অনুসরণ করতে হলে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি বাদ দিয়ে যে তা করা সম্ভব না, সে কথা তো কারও অজানা থাকার নয়। ফলে জাপানকে অনুসরণ বা অনুকরণ করতে হলে এর গণতান্ত্রিক কাঠামো থেকেই সেই অনুসরণ-প্রক্রিয়া শুরু হওয়া উচিত।জাপানের গণতন্ত্রে সেই অর্থে বলিষ্ঠ নেতৃত্ব কিন্তু কখনোই দেখা যায়নি। গড়ে দুই বছর অন্তর দেশটিতে প্রধানমন্ত্রীর বদল ঘটে। তার পরও কিন্তু দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে না। গণতান্ত্রিক-প্রক্রিয়া শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পেরেছে বলেই তা সম্ভব হচ্ছে। আমাদের স্বপ্নের বাংলাদেশেও গণতন্ত্রকে সে রকম এক শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে যেতে আমরা দেখি, যেখানে রক্ত সম্পর্কের সূত্রে একবার নেতৃত্বের আসনে বসে যাওয়ার অর্থ এ রকম বোঝাবে না যে নেতৃত্ব হতে হবে বংশানুক্রমিক এবং সমগ্র জীবনের জন্য।গণতন্ত্রের অন্য যে আরেকটি দিক থেকে জাপানের অনুকরণ স্বপ্নের বাংলাদেশ গড়ে নিতে সহায়ক হতে পারে তা হলো, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। শক্তিশালী স্থানীয় সরকার ছাড়া গণতন্ত্র অনেকাংশেই অর্থহীন হয়ে পড়ে। এতটাই তা অর্থহীন যে এমনকি দূর পাড়াগাঁয়ের ভেঙে পড়া রাস্তাঘাট মেরামত করতে হলেও মন্ত্রীর আগমনের অপেক্ষায় থাকতে হয়। আর মন্ত্রীপ্রবররাও তাঁদের ক্ষমতার এতটা বাড়ন্ত প্রভাব লক্ষ করে আনন্দে এতই মোহাচ্ছন্ন হয়ে পড়েন যে মুখ দিয়ে কী কথাবার্তা বের হচ্ছে, তার কোনো হুঁশ আর তাঁদের তখন থাকে না। অগ্রসর গণতান্ত্রিক-কাঠামোতে কিন্তু কেন্দ্রে ক্ষমতাসীন মুষ্টিমেয় ব্যক্তির ওপর সারা দেশের ভবিষ্যৎ নির্ভরশীল হয়ে পড়ে না এবং আমলারাও ক্ষমতার অযথা দাপট দেখানোর সুযোগ থেকে বঞ্চিত হন। জাপানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এখন এতটা বিস্তৃত যে স্থানীয় পর্যায়ের প্রায় সব রকম সিদ্ধান্ত স্থানীয় প্রশাসনই নিয়ে থাকে এবং সেই স্থানীয় প্রশাসন আবার হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত প্রশাসন। ডিসি কিংবা এসপির উপস্থিতি জাপানে আদৌ নেই। পুলিশ প্রশাসন যেহেতু স্থানীয় সরকারের অধীন, ফলে পুলিশকেও স্থানীয়ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়বদ্ধ থাকত হয়, কেন্দ্রের বড় কর্তাদের কাছে নয়। কেন্দ্রীয় সরকারের কোনোরকম প্রতিনিধিত্ব স্থানীয় সরকারে নেই, যদিও অর্থ ও বিচার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ের প্রতিনিধি কার্যালয় বিভিন্ন জেলায় রয়েছে। ফলে স্থানীয়ভাবে ভালোমন্দ বেছে নেওয়ার দায়িত্ব পরোক্ষে স্থানীয় অধিবাসীদের ওপরই পড়ছে, যা কি না গণতন্ত্রকে করে তুলছে আরও অনেক বেশি অর্থবহ।বিদেশে বসবাসের সূত্রে এ রকম এক বাংলাদেশের স্বপ্নই এখন আমি দেখছি, যেটাকে বাস্তববর্জিত কোনো অবস্থাতেই বলা যাবে না। আমাদের চেয়ে মাত্র আড়াই দশক আগে গণতন্ত্রের পথে যাত্রা করা একটি দেশ যদি গণতন্ত্রকে সেই অর্থে অর্থবহ করে তুলতে পারে, আমরা তাহলে তা পারব না—সেই যুক্তি কি আদৌ মেনে নেওয়া যায়?মনজুরুল হক: শিক্ষক ও সাংবাদিক।