গণতন্ত্রের সভ্য ভাষা হারিয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গণতন্ত্রের সভ্য ভাষা হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বিরোধী দলকে তো ছাড়া হয়ই না। আমরা বিনয়ের সঙ্গে বলি। তার পরও আমাদের মতো ক্ষুদ্র মানুষকেও ছাড়ে না।’আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন এসব কথা বলেন। তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী জনগণই সব ক্ষমতার উত্স ও মালিক। কোনো ভুল সিদ্ধান্ত হলে মানুষ কী শিক্ষা দিয়েছে গত ৫০ বছরে তা সবাই জানে।লিখিত বক্তব্যে কামাল হোসেন সচেতন নাগরিক ও সংগঠনগুলোকে সার্বিক সংস্কারের কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের দেশে কোনো কোনো অসুস্থ মহল সংস্কার শব্দটিকে খারাপ শব্দ হিসেবে দেখে। পৃথিবীতে ২০০ রাষ্ট্রের মধ্যে কোথাও পাওয়া যাবে না যে সংস্কার বা সংস্কারপন্থীদের খারাপ অথবা ষড়যন্ত্রকারী বলা হয়।’‘বিদ্যুত্ খাতের প্রকল্পগুলো ঠিকভাবে দেওয়া হয়েছে কি না, কারা এসব প্রকল্প পেয়েছে এবং প্রকল্পের কাজ সময়মতো শেষ করতে পারছে কি না, সেগুলো খুঁজে দেখা দরকার বলে মনে করেন ড. কামাল। তিনি বলেন, এ ক্ষেত্রে পাহারাদারের ভূমিকা নিতে পারে সংসদ। সাংসদ ও সংসদীয় কমিটিকে এ-সংক্রান্ত ফাইল তলবের আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনের ব্যাখ্যা চাইলে তিনি বিনা পয়সায় তা দিতে রাজি আছেন। ড. কামাল প্রশ্ন তোলেন, ব্যাংক থেকে হলমার্ক কীভাবে এত টাকা উঠিয়ে নিয়ে গেল? রামুতে এত বড় সাম্প্রদায়িক ঘটনা কীভাবে ঘটল? এর জবাব সরকারকেই দিতে হবে।সমমনা দল নিয়ে নতুন জোট করবেন কি না, জানতে চাইলে গণফোরামের সভাপতি বলেন, ‘জোট হবে কি না, সেটা ঠিক হয়নি। পত্রপত্রিকা পড়ে মনে হচ্ছে মানুষ পরিবর্তন চায়। পরিবর্তন কীভাবে আসবে, সেই মতামত নেওয়া শুরু হয়েছে এখান থেকেই।’ একটি জাতীয় দৈনিকের সম্পাদকসহ বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজের পর সরকারের পক্ষ থেকে তোলা প্রশ্নের বিষয়ে জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, ‘এ দেশে কে দাওয়াত খাচ্ছে-পাচ্ছে, এটা নিয়ে কথা বলা সভ্য কিছু নয়।’আগামী নির্বাচন কার অধীনে হওয়া উচিত বলে আপনি মনে করেন—এ প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, নির্বাচন কমিশনকে পুরোপুরি স্বাধীন হতে হবে। বিশেষ করে বিদায়ী সরকারের প্রভাবমুক্ত থাকতে হবে। কারণ বিদায়ী সরকার সব সময় মনে করে আর পাঁচটা বছর থাকতে পারলে ভালো হয়। এ জন্য নানা কৌশল করে। ‘রাজনৈতিক দলগুলোকে ব্যর্থ বলে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র হচ্ছে বলে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন। আপনি কি মনে করেন ১/১১-এর মতো সরকার কিংবা সেনাশাসিত সরকার আসবে? আর যদি আসে আপনি কি সমর্থন করবেন’—এসব প্রশ্নের জবাবে গণফোরামের সভাপতি বলেন, ‘একে অন্যকে নিয়ে সন্দেহ করা এবং ষড়যন্ত্রকারী বলা ঠিক নয়। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি-মার্চে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দেওয়ার কথা বলাবলি হচ্ছিল। তখন আমরা সংবাদ সম্মেলন করে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে সেনাশাসন ঠেকিয়েছি।’