বাংলাদেশের গণতন্ত্র সমুন্নত রাখার স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করার তাগিদ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি এ দেশের উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে সুশাসনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো বিশ্বাসযোগ্য উপায়ে সমাধানের পক্ষে মত দিয়েছেন।আজ শনিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে হিলারি ক্লিনটন এ অভিমত দেন।এর আগে এদিন বিকেল সাড়ে চারটার দিকে বেইজিং থেকে দুই দিনের সফরে ঢাকায় আসেন হিলারি ক্লিনটন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দীপু মনি।এ ছাড়া আনুষ্ঠানিক বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী অংশীদারি সংলাপের যৌথ ঘোষণায় সই করেন।আজ সন্ধ্যায় দুই পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন। প্রায় দেড় ঘণ্টার বৈঠকের পর তাঁরা সাংবাদিকদের মুখোমুখি হন। প্রথমে দীপু মনি ও হিলারি ক্লিনটন বক্তৃতা করেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন হিলারি ক্লিনটন।দীপু মনি বলেন, দ্বিপক্ষীয় অন্য বিষয়গুলোর পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, বিশেষায়িত মার্কিন উন্নয়ন তহবিল মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্টে (এমসিএ) বাংলাদেশের অন্তর্ভুক্তি ও যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়গুলো তোলা হয়েছে।বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি নিখোঁজ বিএনপির নেতা ইলিয়াস আলী ও পোশাক শ্রমিক অধিকার সংগঠন বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সংগঠক আমিনুল ইসলামের হত্যাকাণ্ডের বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে বলেন, এসব ঘটনা সম্পর্কে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া উচিত।হিলারি বলেন, গণতন্ত্রকে টেকসই করতে বাংলাদেশ সাফল্য পেয়েছে। বিশেষ করে ২০০৮ সালের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার পাশাপাশি আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্য হয়েছে। তবে যেকোন ব্যক্তির নিখোঁজ হওয়া, সংঘাতপূর্ণ পরিবেশ, নাগরিক সমাজের ওপর নিপীড়নমূলক আচরণ, গণমাধ্যমের প্রতি ভীতি প্রদর্শন করার বিষয়গুলো যথাযথভাবে দূর করার মাধ্যমে একুশ শতকে গণতন্ত্রকে টেকসই করতে হবে।