প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাব্য সবকিছু করবে বর্তমান সরকার। প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ৩০ বছর আগে সামরিক শাসকের বিরুদ্ধে যে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছিল, তাতেও প্রবাসীরা বড় ভূমিকা রেখেছিলেন।সুইজারল্যান্ডের জেনেভার হোটেল ক্যাম্পানেক্সিতে গত মঙ্গলবার আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদ সুইজারল্যান্ড শাখা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই গণসংবর্ধনার আয়োজন করে। বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ও আবহাওয়াবিষয়ক পৃথক সম্মেলনে যোগ দিতে শেখ হাসিনা জেনেভায় আসেন।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর প্রবাসজীবনের স্মৃতিচারণা করে শেখ হাসিনা বলেন, ‘প্রবাসীদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। মিলিটারি ডিক্টেটরদের (সামরিক একনায়ক) বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলাম প্রবাস থেকেই।’প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে। বিদেশে যাওয়ার সময় এবং দেশে ফেরার সময় বিমানবন্দরে যেন প্রবাসীদের নাজেহাল হতে না হয়, সে ব্যাপারে সরকার পদক্ষেপ নিয়েছে, আরও নেবে। তিনি বলেন, সরকার পাঠ্যপুস্তক ‘ই-বুক’ আকারে প্রকাশ করেছে। এর ফলে প্রবাসী শিক্ষার্থীরা ওয়েবসাইটে পাঠ্যপুস্তক পাবে।সর্বইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাসগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, ইতালিতে বসবাসকারী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রবাসী নেতারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানান। একাধিক বক্তা নারী উন্নয়ন নীতি সমর্থন করেন। একাধিক প্রবাসী যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান।প্রধানমন্ত্রী বিদ্যুৎ, শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন খাতের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। বিরোধী দলের, বিশেষ করে বিএনপির নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, মানি ল্যান্ডারিং করে তাঁর (খালেদা জিয়া) ছেলে ধরা খেয়েছে। জিয়া অরফানেজের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াকে বিরোধী দল বাধাগ্রস্ত করতে চায়।শেখ হাসিনা বলেন, স্বৈরশাসকদের বিরুদ্ধে আদালত গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। সংবিধান সংশোধনের জন্য কমিটি কাজ করছে। হাঁটি হাঁটি পা-পা করে দেশের গণতন্ত্র এগোচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে তোলার সুযোগ এসেছে।অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদও বক্তব্য দেন। মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও আওয়ামী লীগের সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দীন।টরন্টোর উদ্দেশে জেনেভা ত্যাগ: শেখ হাসিনা সুইজারল্যান্ড সফর শেষে গতকাল বুধবার প্যারিস হয়ে কানাডার টরন্টোর উদ্দেশে জেনেভা ত্যাগ করেন। স্থানীয় সময় সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী এয়ার ফ্রান্সের একটি বিমান জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানসহ অন্যরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী ২৪ মে ফ্রান্সের উদ্দেশে কানাডা ত্যাগ করবেন এবং ২৬ মে প্যারিসে ‘গ্লোবাল ইনিশিয়েটিভস অন গার্লস অ্যান্ড উইমেন এডুকেশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করবেন। ২৮ মে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।সংশোধনী: গতকাল প্রকাশিত খবরে জেনেভাকে সুইজারল্যান্ডের রাজধানী বলা হয়েছে। প্রকৃতপক্ষে দেশটির রাজধানী বার্ন।