গণতান্ত্রিক উপায়ে মতপ্রকাশের অধিকার চর্চার আহ্বান কানাডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আসন্ন নির্বাচন সামনে রেখে শান্তিপূর্ণভাবে ও গণতান্ত্রিক উপায়ে মতপ্রকাশের অধিকার চর্চার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে কানাডা। ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি এ আহ্বান জানিয়েছেন। আজ বুধবার সকালে ফ্রাঙ্কোফোন উত্সব উপলক্ষে রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে কানাডীয় হাইকমিশনার এ আহ্বান বলেন।ফ্রান্সসহ ঢাকায় অবস্থানরত ফরাসি ভাষা চর্চাকারী কানাডা, সুইজারল্যান্ড, মিসর, মরক্কো, কাতার ও ভিয়েতনাম মিশনের সহায়তায় এ উত্সবের আয়োজন করা হয়েছে। ১৩ থেকে ২২ মার্চ পর্যন্ত এ উত্সবে চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, কনসার্ট, প্রীতি ফুটবল ম্যাচ ও আলোচনার আয়োজন করা হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় ক্রুডেন বলেন, এ অনুষ্ঠান আমাদের শুধু ফরাসি ভাষা উদযাপনের নয়। এটি একই সঙ্গে ফ্রাঙ্কোফোনের বৈচিত্র্যময় সংস্কৃতি এবং এর মূল আদর্শ শান্তি, গণতন্ত্র, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও উন্নয়নের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। আর তাই গণতন্ত্রের বিকাশ, মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন এবং শান্তি ও নিরাপত্তা সুরক্ষায় কানাডার প্রয়াস অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মিশের ট্রিনকুইয়ে, ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন কুয়াং থুক, মরক্কোর চার্জ দ্য অ্যাফেয়ার্স সাইদ কাসমি, সুইজারল্যান্ডের উপরাষ্ট্রদূত ক্যারোলিন ট্রটউইলে ও মিসরের উপরাষ্ট্রদূত ওমর শোয়েব।