গণতান্ত্রিক প্রতিষ্ঠানে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসন, বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানোর প্রত্যয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ অংশীদারির সংলাপ শেষ হয়েছে। ওয়াশিংটনে গত বুধবার দুই দেশ প্রথমবারের মতো দুই দিনের এ সংলাপে বসে। আজ শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সংলাপ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস ও রাজনীতিবিষয়ক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারমেন। আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করা, মানবাধিকার ও সক্রিয় নাগরিক সমাজের বিকাশে কাজ করবে ওবামা প্রশাসন। বৈঠকে গ্রামীণ ব্যাংকে একজন সম্মানিত ব্যক্তিকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের বিষয়টির গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে আজ শুক্রবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংক নিয়ে আলোচনা হয়েছে কি না, তা উল্লেখ করা করা হয়নি। যদিও এই বিজ্ঞপ্তিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সুশাসন ও সুশীল সমাজের বিকাশে যুক্তরাষ্ট্রের সহায়তার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে।