জাতীয় মানবাধিকার কমিশন সম্প্রতি বিভিন্ন ব্যক্তির নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। কমিশন র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারের কাছেই এই উদ্বেগ প্রকাশ করেছে। নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করতে এবং দোষী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করতে কমিশন র্যাবকে অনুরোধও করেছে।র্যাবের মহাপরিচালক আজ মঙ্গলবার বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনে আসেন। তিনি কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে কমিশনের পক্ষ থেকে বলা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কমিশন মানবাধিকার রক্ষায় একসঙ্গে কাজ করার জন্য র্যাবের প্রতি অনুরোধ জানায়।বৈঠকের বিষয়ে জানতে চাইলে কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা র্যাবের ডিজিকে (মহাপরিচালক) আমন্ত্রণ জানিয়েছিলাম। সমসাময়িক সময়ে বিভিন্ন ব্যক্তির নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। আমরা বলেছি যে মানবাধিকার লঙ্ঘন কেনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। র্যাবের কাজ করার সময় অভিযুক্ত ব্যক্তি যেন যথাযথ আইনি প্রক্রিয়ার সুযোগ পায়, সে বিষয়ে দৃষ্টি রাখতে বলেছি আমরা।’র্যাবের মহাপরিচালক কী বলেছেন, জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘উনি আমাদের কথায় আশ্বস্ত হয়েছেন। তিনি বলেছেন, বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত র্যাবের ৯০০ জনকে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা বলেছি, বিষয়টি যেন আরও স্বচ্ছ হয়। মানবাধিকার লঙ্ঘন যেন না হয়।’কমিশনের চেয়ারম্যান জানান, তাঁরা র্যাব, বিশেষায়িত বিভিন্ন বাহিনী ও মানবাধিকার সংগঠন—সবার সঙ্গে বসবেন। খোলামেলা আলোচনার মাধ্যমে মানবাধিকার রক্ষায় সবাই ঐক্যবদ্ধভাবে যেন কাজ করতে পারে, সে বিষয়ে তাঁরা চেষ্টা করবেন।র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কমিশনের চেয়ারম্যান নতুন এসেছেন। তিনি আমাদের সঙ্গে পরিচিত হতে চেয়েছেন। আমরা বলেছি, মানবাধিকার রক্ষায় আমরা একসঙ্গে কাজ করব।’