গণতান্ত্রিক সংস্কারে ইতিবাচক পদক্ষেপ চায় বিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে গতকাল রোববার প্রেসিডেন্ট হোসনি মোবারকের নেতৃত্বাধীন শাসকগোষ্ঠীর সঙ্গে বৈঠকের পর বিরোধীরা বলেছে গণতান্ত্রিক সংস্কারের উদ্দেশ্যে সরকার যে প্যানেল গঠনের প্রস্তাব দিয়েছে তা যথেষ্ট নয়। তারা এখনই কিছু ইতিবাচক পদক্ষেপ দেখতে চায়। গতকাল রোববার সম্প্রতি নিয়োগ পাওয়া ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমানের সঙ্গে বৈঠকে নিষিদ্ধঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডসহ বিরোধী কয়েকটি ধর্মনিরপেক্ষ দল এবং আন্দোলনরত তরুণদের কয়েকজন প্রতিনিধি অংশ নেন। বৈঠক শেষে মুসলিম ব্রাদারহুডের শীর্ষস্থানীয় নেতা মোহাম্মদ মুরসি জানান, সংস্কারের প্রশ্নে সরকারের প্যানেল গঠনের প্রস্তাব যথেষ্ট নয়। খবর বিবিসি, এএফপি, রয়টার্সের।হোসনি মোবারকের পদত্যাগ ও তাঁর তিন দশকের শাসনাবসানের দাবিতে গত ২৫ জানুয়ারি থেকে মিসরে বিক্ষোভ চলছে। প্রচণ্ড বিক্ষোভের মুখেও মোবারক পদত্যাগ করেননি, বরং ঘোষণা করেছেন আগামী সেপ্টেম্বরে নির্বাচনের আগ পর্যন্ত ক্ষমতা ছাড়ছেন না।বিক্ষোভ শুরু হওয়ার পর গতকালই প্রথমবার বিরোধী ব্রাদারহুড নেতাদের সঙ্গে বৈঠক করেছে সরকার। এদিকে এক সপ্তাহের মধ্যে গতকাল প্রথমবারের মতো অনেক ব্যাংক ও আর্থিক সেবামূলক প্রতিষ্ঠান এবং দোকানপাট খুলেছে। তবে শেয়ারবাজার ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল বন্ধ। গতকালও রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে বিপুলসংখ্যক বিক্ষোভকারী জড়ো হয়ে মোবারককে পদত্যাগের আহ্বান জানায়। অবশ্য গতকাল পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। বিক্ষোভকারীরাও শান্তিপূর্ণ আচরণ করেছে। গতকাল বিক্ষোভ ১৩ দিনে গড়িয়েছে।গতকাল সকাল ১০টায় ব্যাংকগুলো খোলার পর গ্রাহকদের দীর্ঘ সারি দেখা গেছে। বেলা দেড়টা পর্যন্ত লেনদেন চলে। মিসরীয় লোকজন আতঙ্কিত হয়ে অতিরিক্ত অর্থ তুলতে পারে, এ আশঙ্কায় চাপ সামাল দিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক তাদের মজুদ থেকে বৈদেশিক মুদ্রা ছাড় করে। কায়রোয় অবস্থানরত সাংবাদিকেরা জানিয়েছেন, মিসরীয় লোকজন এখন অপেক্ষায় রয়েছে, কত দ্রুত স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে।দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আলোচনায় বসতে রাজি হওয়া ব্রাদারহুডের নেতারা জানান, তাঁরা মূল দাবি থেকে সরে আসেননি। বৈঠকে অংশ নেওয়া ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি বলেন, ‘আমরা জনগণের দাবির গুরুত্ব কর্মকর্তাদের অনুধাবন করানোর জন্য আলোচনায় বসতে রাজি হয়েছি।’ তিনি বলেন, ‘বিবৃতিটি যথেষ্ট নয়।’ দলের আরেক নেতা এসাম আল-এরিন বলেন, ‘আমাদের দাবি এখনো একই রয়েছে। তারা আমাদের বেশির ভাগ দাবির প্রতি গুরুত্ব দেয়নি। কয়েকটি দাবি মানার আশ্বাস দিয়েছে। তবে তা গাছাড়াভাবে।’ অবশ্য দলটির দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা মাহমুদ ইজ্জত বলেন, তাঁরা আলোচনা থেকে বেরিয়ে যাচ্ছেন না। তবে বিক্ষোভ চলবে। বিক্ষোভকারীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, আস্থা বাড়াতে সরকারকে এখনই ইতিবাচক কিছু পদক্ষেপ নিতে হবে। যার মধ্যে রয়েছে, ৩০ বছর ধরে চলা জরুরি আইন প্রত্যাহার, মোবারকের এখনই পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া ইত্যাদি।আলোচনার শেষে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, দেশের গণতান্ত্রিক সংস্কার দেখভালের জন্য জুরি ও রাজনীতিকদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে। তাদের চূড়ান্ত লক্ষ্য হবে একটি নির্বাচন অনুষ্ঠান। পাশাপাশি রাজনৈতিক বন্দীদের চিকিৎসার বিষয়ে অভিযোগ গ্রহণের জন্য একটি অভিযোগকেন্দ্র খোলা, গণমাধ্যমের ওপর কড়াকড়ি শিথিল এবং জরুরি অবস্থা প্রত্যাহার করার বিষয়ে রাজি হয়েছে সরকার। তবে বিক্ষোভকারীদের একটি বড় অংশ মোবারক পদত্যাগ না করা পর্যন্ত ঘরে না ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। বিশেষ করে ‘ইউনিফাইড লিডারশিপ অব দ্য ইয়ুথ অব দ্য রেইজ রেভ্যুলেশন’ ব্যানারে বিক্ষোভের অন্যতম আয়োজক যুবসম্প্রদায় এক বিবৃতিতে ঘোষণা করেছে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।এদিকে কায়রোয় অবস্থানরত বিশেষ মার্কিন দূত ফ্র্যাঙ্ক উইসনার বলেন, ক্ষমতার পালাবদল মসৃণ করার জন্যই মোবারকের আরও কিছুটা সময় ক্ষমতায় থাকা দরকার। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর দ্রুত এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, এটা ফ্র্যাঙ্ক উইসনারের ব্যক্তিগত মত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ পশ্চিমা দেশগুলো মিসরে দ্রুত ক্ষমতার পালাবদল প্রক্রিয়া শুরু করার জন্য মোবারকের প্রতি আহ্বান জানান। তবে মিসরে পার্লামেন্ট ভেঙে দেওয়া বা সংবিধান সংস্কার এবং নতুন নির্বাচন আহ্বান করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের। সে কারণেও মোবারককে ক্ষমতায় থাকতে দেওয়া হতে পারে। সরকারের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের নেতাদের আলোচনায় বসার বিষয়টিকে স্বাগত জানালেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, যুক্তরাষ্ট্র এ বিষয়ে পরবর্তী অগ্রগতি দেখে মন্তব্য করার কথা বিবেচনা করছে।অন্যদিকে বিক্ষোভের অন্যতম নেতা মোহাম্মদ এলবারাদি বলেছেন, তাঁকে সরকারের সঙ্গে বিরোধীদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। ওই বৈঠককে ‘অস্বচ্ছ’ হিসেবে অভিহিত করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের এনবিসি টেলিভিশন চ্যানেলে প্রচারিত একটি অনুষ্ঠানে এলবারাদি বলেন, ‘আমি ওই আলোচনার অংশ নই। আমাকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি। তবে কী ঘটছে সে বিষয়ে আমি নজর রাখছি।’ তিনি আরও বলেন, ‘প্রক্রিয়াটি অস্বচ্ছ। কেউ জানছে না কে কার সঙ্গে আলোচনা করছে।’এর আগে শুক্রবার ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) নেতৃত্বে ব্যাপক পরিবর্তন আসে। মোবারকের ছেলে গামালসহ তাঁর দুজন ঘনিষ্ঠ ব্যক্তি দলে তাঁদের পদ হারান। এনডিপির নতুন সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয় হোসাম বাদরাবিকে।