গণতান্ত্রিক সুযোগ সবারই গ্রহণ করা উচিত: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, সবারই গণতান্ত্রিক সুযোগ গ্রহণ করা উচিত। তিনি চরমপন্থীদের গণতান্ত্রিক সুযোগ গ্রহণ করে আত্মসমর্পণেরও আহ্বান জানিয়েছেন।আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সবারই গণতান্ত্রিক সুযোগ গ্রহণ করা উচিত। এই কথাটি আমার মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে চরমপন্থীদের উদ্দেশে বহুবার বলা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব নয়।’ মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও চরমপন্থী নির্মূলে কাজ করে যাচ্ছে বলে তিনি দাবি করেন।পাবনার পুলিশ হত্যা প্রসঙ্গে শামসুল হক বলেন, এ হত্যার সঙ্গে জড়িত চরমপন্থী বা আত্মগোপনকারী যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। এদের শাস্তি দিতে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চরমপন্থীরা সব সময় সন্ত্রাসমূলক কাজ করার জন্য দুর্গম এলাকাকে বেছে নেয়। আইনশৃঙ্খলা বাহিনীও তাদের গতিবিধির ওপর নজর রাখে। এর পরও চরমপন্থীরা দ্রুত স্থান পরিবর্তনের কারণে এভাবে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটে। এ ছাড়া যাতায়াতের অসুবিধার কারণে সব সময় চরমপন্থীদের নজরদারিতে রাখা যায় না।পুলিশের আইজি নূর মোহাম্মদ বলেন, পাবনায় হত্যাকাণ্ডের ঘটনার পর বিভিন্ন দুর্গম এলাকায় অভিযান চালানো হচ্ছে।