গণদাবি ছাড়াই ডিসিসি ভাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) উত্তর ও দক্ষিণ—এই দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় সংসদের চলতি অধিবেশনেই এ-সংক্রান্ত বিল পাস হবে বলে জানা গেছে। ডিসিসিকে ভাগ করার বিষয়টি নগরবাসীর মনে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। নগরভাবুকেরা বিষয়টিকে কীভাবে দেখছেন—তা নিয়ে এই আয়োজন।ডিসিসি দুই ভাগে ভাগ হলে লাভ হবে, নাকি ক্ষতি হবে—এমন প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান জানান, ডিসিসিকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্তটাই অযৌক্তিক। এতে প্রশাসনিক ব্যয় বাড়বে। আবার ডিসিসি যেটিকে উত্তর অঞ্চল চিহ্নিত করেছে, সেটি অভিজাত এলাকা। ফলে সেই অংশে কর বেশি পাওয়া যাবে। দক্ষিণ অংশে কর পাওয়া যাবে কম। তাই ভারসাম্যহীনতার সৃষ্টি হবে। এটি উত্তর-দক্ষিণ অংশের উন্নয়ন কার্যক্রমে প্রভাব ফেলবে, যার কুফল নাগরিকদের ভোগ করতে হবে।কারও কারও মতে, ডিসিসি বিভক্ত হলে দুটি মেয়র পদ সৃষ্টি হবে। মেয়রের সঙ্গে সঙ্গে উচুস্তরের কিছু পদও সৃষ্টি হবে। এসব পদের বেতন-ভাতা ডিসিসির সংশ্লিষ্ট ভাগকে বহন করতে হবে। আবার বর্তমান নগর ভবনই কি দুজন মেয়র ব্যবহার করবেন? যদি না করেন, তবে উত্তর অঞ্চল এলাকার জন্য বর্তমান নগর ভবনটি যথার্থ নয়। এদিকে ডিসিসির দক্ষিণ অঞ্চল বলে যেটিকে ভাগ করা হয়েছে, সেখানে সরকারি মালিকানার সম্পত্তি বেশি। যেমন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বঙ্গভবন, রমনা পার্ক প্রভৃতি। এসব জায়গায় ডিসিসি কর পায় না। এ কারণে দক্ষিণ অঞ্চলের আয়ের পরিমাণ কম আসবে। আবার ডিসিসির কর্মকর্তা- কর্মচারীদের দুটি অঞ্চলে বণ্টন করতে গিয়ে বাধা আসতে পারে। রাষ্ট্রপক্ষ আর কর্মচারীপক্ষের বিবাদও হতে পারে।এ প্রসঙ্গে ঢাকা গবেষক ও ঢাকার আদি বাসিন্দা শায়লা পারভীন বলেন, ‘সরকার আর সুশাসন এক সূত্রে গাঁথা। স্বচ্ছতা, জবাবদিহি আর কার্যকর একটি নগর প্রশাসনের দাবি করছি আমরা। ডিসিসি ভাগ করার ব্যাপারে সরকার যে নীতি নিয়েছে, সেগুলো বাস্তবে প্রণয়নের আগে নাগরিক ও সুশীল সমাজের মতামত নেওয়া উচিত ছিল। আবার নতুন একটি পরিকল্পনা বাস্তবায়নের আগে পুরোনো পরিকল্পনাগুলোর অগ্রগতি যাচাই করা দরকার বলেও আমি মনে করি।’এদিকে ডিসিসির বর্তমান কাঠামোকেই সমর্থন করেন ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ আজিম বখশ। তিনি দাবি করেন, ডিসিসির ১০টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে নগরবাসী তৃণমূল পর্যায়ে সেবা পাচ্ছে। এর মধ্যে ডিসিসি দুই ভাগ হলে সেটি নগরবাসীর জন্য সমস্যা বয়ে আনবে। বিষয়টি সরকার পুনর্বিবেচনা করতে পারে।এদিকে ডিসিসির ওয়ার্ডগুলোয় আয়তন অনুযায়ী বরাদ্দ হয় না। ফলে একটি ছোট এলাকার ওয়ার্ডে যে বরাদ্দ দেওয়া হয়, সেই একই বরাদ্দ দিয়ে চলতে হয় একটি বড় আয়তনের ওয়ার্ডকেও। এ কারণে বড় ওয়ার্ডটিতে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়।ডিসিসি ভাগ হচ্ছে, এমন খবরে ডিসিসির ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যেও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কোনো পক্ষ চাইছে ডিসিসি ভাগ হোক। আবার কোনো পক্ষ চাইছে আগের মতোই চলুক। এ বিষয়ে ডিসিসির ৭৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মকবুল ইসলাম খান জানান, ডিসিসি ভাগ হলে জটিলতা বাড়বে। রাজনৈতিক দুটি নেতৃত্বের চাপে থাকবে ঢাকা নগর। ফলে কার্যকর কিছু হবে বলে মনে হয় না।পুরান দক্ষিণ মৈশুণ্ডির বাসিন্দা আবিদ-উর-রহমান ডিসিসি ভাগের সিদ্ধান্তকে দেখছেন অন্যভাবে। তাঁর ভাষ্য, ‘বিশ্বের বিভিন্ন দেশের গণ্যমান্য অতিথিরা ঢাকায় এলে তাঁদের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়। দেশের কৃতী সন্তানদেরও নাগরিক সংবর্ধনা দেওয়ার রেওয়াজ আছে। এসব সংবর্ধনা অনুষ্ঠানে দুজন মেয়রের উপস্থিতি দৃষ্টিকটু লাগবে বলে আমি মনে করি। বিষয়টি কি হাস্যকরও হবে না?’ডিসিসি ভাগ করার বিষয়ে নগর গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম জানান ভিন্ন কথা। তিনি বলেন, ১৯৮২ সালে ঢাকার তিনটি পৌরসভা—ঢাকা মিউনিসিপ্যাল, মিরপুর পৌরসভা আর গুলশান পৌরসভাকে একত্রীকরণ করে ডিসিসি করা হয়। এই ৩০ বছরে ঢাকার আশপাশে যুক্ত হয়েছে উত্তরা, কামরাঙ্গীরচর আর পূর্ব ঢাকার কিছু গ্রামীণ এলাকা। ফলে ঢাকার আয়তন বেড়েছে। ৩০ বছর পর এসে আবার কেন এটাকে ভাগ করতে হবে? এর অর্থ দাঁড়ায়, বর্তমান ডিসিসির কার্যক্রম ঠিকমতো চলছে না। এর প্রশাসনিক দক্ষতার অভাব আছে। জনবলের ঘাটতি আছে। আছে আর্থিক অসংগতি। এ জন্য ডিসিসির ৩০ বছরের সেবার ধরন দেখতে হবে। মূল্যায়ন করতে হবে, কী কী ত্রুটি রয়েছে। এরপর দেখতে হবে ডিসিসিকে ভাগ করলে সেবার মান বাড়বে কি না।এদিকে ডিসিসি ভাগ করার আগে নগর বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার ছিল বলে কেউ কেউ মনে করেন। ডিসিসি বিভক্ত করার আগে নগরবাসীর মনে একটাই চাওয়া, একটু যাচাই বাছাই করে, তবেই যেন ডিসিসি ভাগের সিদ্ধান্ত নেওয়া হয়।