জামায়াত-শিবিরের নৈরাজ্যে ভীত না হয়ে গণদাবির প্রতি সম্মান জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আহ্বান জানিয়েছেন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনকারীরা। আজ বুধবার রাজধানীর মতিঝিলে অনুষ্ঠিত গণজাগরণ সমাবেশে এই আহ্বান জানানো হয়।মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার রায়ের আগের দিন এই আহ্বান জানানো হলো। আগামীকাল সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে বলে ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্দেশে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেন, ‘আপনাদের ওপর আমরা কোনো শক্তি বা চাপ প্রয়োগ করিনি। আপনারা নিরপেক্ষভাবে বিচার চালিয়ে যান। জামায়াত-শিবিরের নৈরাজ্য সন্ত্রাসকে ভয় পাবেন না। আপনাদের পাশে ১৬ কোটি জনতা আছে। আমরা বিশ্বাস করি, একাত্তরের খুনি-হায়নাদের শাস্তি যাবজ্জীবন হতে পারে না। আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি।’ট্রাইব্যুনালের উদ্দেশে ইমরান বলেন, ‘গণদাবিকে সম্মান করুন। বিভ্রান্ত হবেন না। ভয় পাবেন না।’ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম জনগণের রায় উপেক্ষা করে রায় না দেওয়ার আহ্বান জানান।ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু ট্রাইব্যুনালের উদ্দেশে বলেন, রাজাকারের ফাঁসি ছাড়া কোনো রায় জনগণ মানবে না। জনরায়কে ধারণ করুন। জনরায়কে ধারণ না করলে সব আইন আদালত বৃথা যায়।সমাবেশ শুরুসব যুদ্ধাপরাধীর ফাঁসিসহ ছয় দফা দাবিতে রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পর আজ বিকেল পৌনে চারটার দিকে মতিঝিলের শাপলা চত্বরে গণজাগরণ মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে পবিত্র কোরআনসহ অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর উপস্থিত জনতা দাঁড়িয়ে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর সমাবেশে ছাত্রনেতারা বক্তব্য দেন। সমাবেশে শেষের দিকে বক্তব্য দেন ইমরান এইচ সরকার।রাজাকারের নামে স্থাপনা নয়পাকিস্তানি হানাদার ও এ-দেশীয় রাজাকারের নামে বাংলাদেশে যত রাস্তা, স্থাপনা ও প্রতিষ্ঠান রয়েছে, তার নামফলক ভেঙে গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান এইচ সরকার। তিনি বলেন, ‘কোনো রাজাকারের নামে, কোনো হানাদারের নামে এ দেশে কোনো স্কুল, কলেজ ও সড়কের নাম হতে পারে না। সংগ্রামী জনতার প্রতি আমার আহ্বান, আপনারা যেখানেই রাজাকারদের নামে কোনো কিছু দেখবেন, তা গুঁড়িয়ে দেবেন।’ইমরান বলেন, কুখ্যাত জিন্নাহর নামে মতিঝিলের পাশের একটি রাস্তার নাম ছিল। পরে সেই রাস্তার নাম স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর নামে করা হয়েছে। ইতিহাস বিকৃতিতে সাংসদপদ বাতিলের দাবিইমরান অভিযোগ করেন, গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেলে একজন সাংসদ বলেছেন, ‘আমাদের মুক্তিযুদ্ধে নাকি ৩০ লক্ষ লোক শহীদ হননি। আমরা আপনাদের জানিয়ে দিতে চাই, কোনো ইতিহাস বিকৃতিকারীর ঠাঁই বাংলাদেশ নাই।’ ওই সাংসদকে উদ্দেশ করে ইমরান বলেন, ‘আপনাদের দিন ফুরিয়ে এসেছে।’ কোনো সাংসদ যদি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেন, তাহলে তাঁর সদস্যপদ বাতিল করার জন্য আইন করতে সংসদের প্রতি আহ্বান জানান তিনি।শাহবাগে অবস্থানের ঘোষণাইমরান বলেন, ‘আগামীকাল আমাদের ট্রাইব্যুনাল রায়ের তারিখ ঘোষণা করেছেন। কাল কুখ্যাত খুনির রায় হবে।’ তিনি বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রাতে আমরা প্রজন্ম চত্বরে অবস্থান করব। আগামীকাল ফাঁসির রায় নিয়ে বাড়ি ফিরব। উত্সব করব।’হরতাল প্রত্যাখ্যানের ডাকদেশবাসীর উদ্দেশে ইমরান বলেন, ‘শুনেছি জামায়াত-শিবির কাল হরতাল ডেকেছে। আপনারা আগের হরতাল প্রত্যাখ্যান করেছেন। আবারও হরতাল প্রত্যাখ্যান করে আপনারা দেখিয়ে দেন তাদের কোনো নির্দেশ, কোনো হরতাল বাংলাদেশের মানুষ পালন করবে না।’ সব প্রতিষ্ঠান প্রতিদিনের মতো খোলা রাখার আহ্বান জানান তিনি। ইমরান জানান, আগামীকাল সকাল ১০টায় শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। সবাইকে ওই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘আমরা মিছিল করে দেখিয়ে দেব, হরতাল মানুষ গ্রহণ করেনি।’জামায়াত-শিবির বর্জনের ডাকইমরান বলেন, ‘আমরা জামায়াত-শিবিরকে বর্জনের ডাক দিয়েছি। ইতিমধ্যে সারা দেশের মানুষ তাদের বয়কট করেছে। কেউ যাচ্ছে না ইসলামী ব্যাংকে। কেউ যাচ্ছে না ইবনে সিনায়। গণমাধ্যমের কাছে দাবি, টাকার জন্য আপনারা তাদের বিজ্ঞাপন নেবেন না।’জামায়াতের সঙ্গ ছাড়ুনকারও নাম উল্লেখ না করে ইমরান বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখনো জামায়াতের সঙ্গ ছাড়তে পারছেন না। তাদের সঙ্গে এখনো কিসের বন্ধুত্ব? আপনারা বলেন, ভালোবাসা দেখাতে। তরুণদের মধ্যে ভালোবাসার অভাব নেই। আমাদের ভালোবাসা দেশের প্রতি, শহীদদের প্রতি। রাজাকারদের প্রতি আমাদের ভালোবাসা নেই। আমরা ধিক্কার জানাই আপনাদের এই বক্তব্যকে। রাজাকারদের ছেড়ে মুক্তিযুদ্ধের রাজনীতি করুন।’ ইমরান ঘোষণা করেন, ‘আগের মতোই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রাতে আমরা প্রজন্ম চত্বরে অবস্থান করব। আগামীকাল ফাঁসির রায় নিয়ে বাড়ি ফিরব। উত্সব করব।’ শপথজামায়াতের নেতা কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে চলমান এই আন্দোলনের সমাবেশগুলোতে আন্দোলনকারীরা শপথ বাক্য পাঠ করেন। মতিঝিলের আজকের সমাবেশেও শপথ পড়া হয়। ইমরান এইচ সরকার উপস্থিত আন্দোলনকারীসহ সবার প্রতি শপথ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা শপথ করছি যে, সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আমরা শপথ করছি যে, যুদ্ধাপরাধীদের সাহায্যকারী ও সমর্থকদের ব্যবসায়িক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বয়কট করব। আমরা যুদ্ধাপরাধীদের পক্ষের গণমাধ্যম বর্জন করব।’ ইমরান আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এই অহিংস আন্দোলন চালিয়ে চান। আপনারা কারও উসকানিতে বিভ্রান্ত হবেন না। প্রজন্ম চত্বর জেগে থাকবে। আন্দোলনের ২৩তম দিনআজ বুধবার সেই আন্দোলনের ২৩তম দিন। শাহবাগের বাইরে আজ গণজাগরণ মঞ্চের তৃতীয় মহাসমাবেশ। আগের মতো আজকের সমাবেশেও মানুষের ঢল নামে। দুপুর গড়িয়ে বিকেল হতেই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতে শুরু করেন সমাবেশস্থলে। সমাবেশে আসেন নানা শ্রেণী-পেশার মানুষ। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থীরাও সমাবেশে উপস্থিত হয়। স্লোগানে স্লোগানে হাজার হাজার জনতা জানিয়ে দেন তাঁদের সব দাবি।এর আগে গত শনিবার রায়েরবাজার বধ্যভূমিতে গণজাগরণ মঞ্চের প্রথম মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। ওই মহাসমাবেশেও মানুষের ঢল নামে। মহাসমাবেশে সবাই হাত তুলে মানবতাবিরোধী অপরাধীদের প্রতিহত করার শপথ নেন। গত সোমবার মিরপুর ১০ নম্বর গোলচত্বরে গণজাগরণ মঞ্চের দ্বিতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। গণজাগরণ মঞ্চের আন্দোলন নিয়ে অপপ্রচার ও সাম্প্রদায়িক উসকানিদানকারী হিসেবে চিহ্নিত করে ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবি ওঠে মিরপুরের সমাবেশ থেকে।এদিকে, আন্দোলনকারীদের ছয় দফা দাবির সমর্থনে আজও সকাল থেকে শাহবাগে গণস্বাক্ষর সংগ্রহ চলছে।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন বিকেলে কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এরপর সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ গিয়ে যোগ দেন। এরপর সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। আর বাংলাদেশের কণ্ঠস্বরে পরিণত হয় শাহবাগ।