গণপরিবহনে গণনৈরাজ্য
সিএনজিচালিত অটোরিকশাচালকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ নগরবাসী। চালুর তিন বছর পর থেকে ট্যাক্সিক্যাবের অস্তিত্বও প্রায় নেই। একমাত্র বিকল্প লক্কড়ঝক্কড় বাস-মিনিবাস। তাও চাহিদার তুলনায় কম। ভাড়া নিয়ে নৈরাজ্য তো আছেই। অনেক যুদ্ধের পর এই জোড়াতালির গণপরিবহনের যেকোনো একটিতে ওঠার পর শুরু হয় যানজট ঠেলে গন্তব্যে পৌঁছার আরেক সংগ্রাম। দিনের অনেকটা সময় চলে যাচ্ছে রাস্তায়। তাতে কাজের ক্ষতি, শরীরের ক্ষতি, অর্থেরও ক্ষতি। আবার প্রধানমন্ত্রী যদি রাস্তায় বের হন, তাহলে যানজটের তীব্রতা মাত্রা ছাড়ায়।গণপরিবহন খাতের এই নৈরাজ্য বন্ধে সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। বরং রাজনৈতিক পরিবহন-মালিকেরা যাত্রীদের ওপর চেপে বসেছেন। গণমানুষের গণপরিবহন-ব্যবস্থার সামান্য উন্নতি হয়নি এ সরকারের গত সাড়ে তিন বছরে। খাতটি গুরুত্বহীন হয়েই থেকেছে।আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে ঢাকার যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিল। বিচ্ছিন্নভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পুলিশের কিছু তৎপরতা ও কয়েকটি যানজটবান্ধব উড়ালসড়ক প্রকল্প হাতে নিয়েই সরকার পরিবহন খাতের দায়িত্ব সেরেছে।সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, রাজধানী ঢাকার জনসংখ্যা এক কোটি ২৫ লাখ। তবে প্রকৃত জনসংখ্যা এক কোটি ৪০ লাখের ওপরে বলে মনে করা হয়। বিপুল এই জনগোষ্ঠীর জন্য গণপরিবহন বলতে প্রায় সাড়ে পাঁচ হাজার বাস-মিনিবাস, ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশা ও প্রায় দুই হাজার হিউম্যান হলার। প্রতিদিন ঢাকায় গড়ে আড়াই হাজার মানুষ যোগ হচ্ছে, যা বছরে প্রায় নয় লাখ।সরকার যানজট নিরসনে তিনটি উড়ালসড়ক প্রকল্প বাস্তবায়ন করছে। আরও চারটি উড়ালসড়ক প্রকল্প হাতে নিয়েছে। বিশেষজ্ঞরা ও পুলিশ বলছে, এই উড়ালসড়কগুলো যানজট আরও বাড়াবে। গণপরিবহনবান্ধব বলে বিবেচিত মেট্রোরেল হয়নি বারবার পথ পরিবর্তনের কারণে। বাসের বিশেষ লেনের ক্ষেত্রে সরকারের আগ্রহ কম। ঢাকা মহানগরে, পুলিশের হিসাবমতে, যত্রতত্র গাড়ি পার্কিং ও দখলের কারণে ৩০ শতাংশ রাস্তা অব্যবহূত থাকে। ফুটপাত উদ্ধারেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই সরকারের আমলে জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে তিন দফা বাসের ভাড়া বেড়েছে। সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানো হয়েছে দুবার। কিন্তু সরকার-নির্ধারিত ভাড়া বৃদ্ধির হার মালিক-শ্রমিকেরা মানেননি। বরং বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। ভাড়াভিত্তিক যানবাহন চলাচল নীতিমালা অনুযায়ী, সরকার-নির্ধারিত ভাড়ার হার মেনে চলা বাধ্যতামূলক। না মানলে চলাচলের অনুমতি বাতিল হওয়ার কথা। কিন্তু আজ পর্যন্ত কোনো যানের অনুমতি বাতিল করেনি সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) একজন কর্মকর্তা বলেন, বাস-মিনিবাস বা সিএনজিচালিত অটোরিকশার বেশির ভাগ মালিক রাজনৈতিকভাবে প্রভাবশালী। তাই অনুমোদন বাতিল করার সাহস দেখান না কেউ। তিনবার ভাড়া বৃদ্ধির পর প্রতি বার কয়েক দিন ধরে সাতজন ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছিল। এতে কিছুটা উপকারও হয়। কিন্তু তা অব্যাহত রাখা হয়নি। ওই সময় বাড়তি ভাড়া আদায় কিংবা অটোরিকশাচালকদের দৌরাত্ম্যের কারণে প্রায় ৫০টি যানের অনুমোদন বাতিলের সুপারিশ করেছিলেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু সেগুলো কখনোই বাস্তবায়িত হয়নি। বর্তমানে অনিয়মিতভাবে বিআরটিএর একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিআরটিএর নথিপত্র অনুযায়ী, ঢাকায় যানবাহন আছে পৌনে আট লাখ। এত বিপুল যানবাহনের শৃঙ্খলা রক্ষার জন্য মাত্র একজন ম্যাজিস্ট্রেটের এই ভ্রাম্যমাণ আদালত কেবল জরিমানাতেই সীমাবদ্ধ থাকে। বাসযাত্রীদের স্বাধীনতা নেই: মোটরযান আইনে ‘সিটিং সার্ভিস’ বলতে কোনো পরিবহনের উল্লেখ নেই। কিন্তু অধিকাংশ বাস অফিস সময়ে বাড়তি ভাড়া আদায়ের লক্ষ্যে ‘সিটিং সার্ভিস’ নামে চালানোর কারণে দুর্ভোগে পড়ছেন সাধারণ যাত্রীরা। পথে অন্য এলাকার যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাস পান না। মিরপুর এলাকায় বাস-মিনিবাসের ২৯টি পথের (রুট) অনুমোদন দিয়েছে আরটিসি। নথিপত্র অনুযায়ী চলে ৮৭৫টি বাস। এসব বাস গুলিস্তান, মতিঝিল, যাত্রাবাড়ী, সদরঘাট, আজিমপুর, পোস্তগোলা সেতু, আবদুল্লাহপুরসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করে। ২৯টি পথের বাসের অর্ধেকের বেশি যাত্রা করে পল্লবী থেকে। মিরপুর-১৪ নম্বর, চিড়িয়াখানা ও মিরপুর-১ নম্বর থেকেও যাত্রা করে বাস। বিআরটিএ সূত্র জানায়, পল্লবী থেকে যাত্রাবাড়ীর পথে সর্বাধিক ১১৫টি বাস-মিনিবাস চলে শিকড় পরিবহনের। এরপর চিড়িয়াখানা থেকে গুলিস্তান পথের চিড়িয়াখানা এক্সপ্রেসের বাসের সংখ্যা ৯২টি। পল্লবী থেকে বঙ্গবন্ধু এভিনিউতে চলে পল্লবী সুপার লোকাল কোম্পানির ৬৮টি বাস। যাত্রী, বাস কোম্পানির শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, এই কোম্পানিগুলো দিনের বেশির ভাগ সময়ই থেমে থেমে যাত্রী বোঝাই করে চলাচাল করে। অথচ সকালে অফিসগামী ও বিকেলে অফিস-ফেরত মানুষকে জিম্মি করে ‘সিটিং সার্ভিস’ নাম ধারণ করে।মোটরযান আইন ও বিআরটিসির নিয়ম অনুযায়ী, স্টপেজ বা বাস থামার স্থান মেনে না চলা এবং সকাল-বিকাল নিয়ম পাল্টানোর দায়ে চলাচলের অনুমোদন বাতিল হওয়ার কথা। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। পিছিয়ে পড়ছে গণপরিবহন: গণপরিবহন ও পর্যাপ্ত ফুটপাতের অভাবে ঢাকা ধীরে ধীরে রিকশানির্ভর নগরে পরিণত হয়েছে। বিগত দুই দশকে যানবাহনের সংখ্যা বাড়লেও ঢাকাবাসীর নির্ভরশীলতা বাড়ছে রিকশার ওপর। ১৯৯৪ থেকে ২০১০ সাল পর্যন্ত ১৬ বছরের ব্যবধানে রিকশায় যাতায়াত বেড়েছে ২১ শতাংশ এবং বাইসাইকেল ও পায়ে হেঁটে যাত্রা কমেছে ৪০ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, রিকশায় যাতায়াত বৃদ্ধি ও হাঁটায় যাতায়াত কমে যাওয়া যানজট বৃদ্ধির বড় কারণ। ১৯৯৪ সালে পরিচালিত ঢাকা সমন্বিত যানবাহন সমীক্ষা (ডিআইটিএস) অনুযায়ী, ঢাকায় বাইসাইকেল ও হেঁটে যাতায়াত হতো (ট্রিপ) ৫১ লাখ, যা মোট যাতায়াতের ৬০ শতাংশ। সর্বশেষ ২০১০ সালে জাপানি সংস্থা জাইকা পরিচালিত ঢাকা নগর পরিবহন নেটওয়ার্ক উন্নয়ন সমীক্ষায় (ডিএইচইউটিএস) বাইসাইকেল ও হেঁটে যাতায়াতের পরিমাণ উল্লেখ করা হয় চার লাখ ৬১ হাজার, যা মোট যাতায়াতের ১৯ দশমিক ৭৯ শতাংশ।ডিআইটিএসের সমীক্ষায় বলা হয়েছিল, ঢাকায় রিকশা-ভ্যানে যাতায়াত ১৪ লাখ ৮০ হাজার। শতকরা হিসাবে তা মোট যাতায়াতের ১৭ দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে, ডিএইচইউটিএসের সমীক্ষায় এই সংখ্যা ৭৯ লাখ। যা মোট যাতায়াতের ৩৮ দশমিক ২৬ শতাংশ।এই সময়ের মধ্যে বাস, অটোরিকশা ও গাড়ির যাতায়াতও বেড়েছে। তবে হাঁটা ও রিকশায় যাত্রার মতো এত বিপরীতমুখী অবস্থা তৈরি হয়নি। লক্কড়ঝক্কড় গণপরিবহন: ঢাকায় গণপরিবহন বলতে বাস-মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা, হিউম্যান হলার ও অল্প কিছু ট্যাক্সিক্যাব। নামে গণপরিবহন হলেও এর কোনোটাই যাত্রীবান্ধব নয়। বাস-মিনিবাসের ৮০ শতাংশই রংচটা, লক্কড়ঝক্কড় ও চলাচলের অনুপযোগী (ফিটনেসবিহীন)। হিউম্যান হলার ও অল্প যে কটা ট্যাক্সিক্যাব চলাচল করে সেগুলোতেও ওঠার জো নেই। এক সিএনজিচালিত অটোরিকশা চলাচলের উপযোগী হলেও সেগুলোর চালকদের দৌরাত্ম্যে মানুষ অতিষ্ঠ।বিআরটিএর হিসাব অনুযায়ী, ঢাকায় যানবাহনের সংখ্যা সাত লাখ ৬৯ হাজার। এর মধ্যে প্রায় ৪৯ হাজারের ফিটনেস সনদ নেই। বিআরটিএ কর্মকর্তারা বলছেন, মোট যানবাহনের পাঁচ লাখই ব্যক্তিগত ব্যবহারের গাড়ি ও মোটরসাইকেল। এই শ্রেণীর মধ্যে মোটরসাইকেলের ফিটনেস সনদ দেওয়া হয় না। ফিটনেসবিহীন যানবাহনের বেশির ভাগই বাস-মিনিবাস, ট্রাক, হিউম্যান হলার ও ট্যাক্সিক্যাব। মন্ত্রণালয় একদিকে পুরোনো বাস-মিনিবাসে রং করার কথা বলছে, অন্যদিকে ১০ বছরের পুরোনো বাস নামানোর তোড়জোড় শুরু করেছে। বাস আমদানিকারকদের আবেদনের ভিত্তিতে যোগাযোগ মন্ত্রণালয় জাপানে ব্যবহূত ১০ বছরের পুরোনো বাস নামানোর বিষয়ে বিআরটিএকে নির্দেশনা দিয়েছে। কিন্তু বিআরটিএ সূত্র বলছে, ঢাকায় নতুন বাসই কয়েক দিনের মধ্যে অচল হয়ে যায়। পুরোনো বাস হলে তো টিকবেই না। এর আগেও ঢাকায় পুরোনো বাস নামানো হয়েছিল। কিন্তু সেগুলো অল্প কিছু দিনের মধ্যেই অকেজো হয়ে যায়। ১০ বছরের পুরোনো বাস নামানো ঠিক হবে কি না সে বিষয়ে মতামত দেওয়ার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মতামত চেয়ে চিঠি দিয়েছে বিআরটিএ। এর মধ্যেই আবার গত মে মাসে যোগাযোগ মন্ত্রণালয়ে এক বৈঠকে ঢাকায় চলাচলকারী বাস-মিনিবাসগুলোকে জরাজীর্ণ, রংচটা ও ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করে এগুলো তিন মাসের মধ্যে সারিয়ে রাস্তায় নামানোর সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে গণপরিবহনে গণনৈরাজ্য অব্যাহতই আছে।