বিগত প্রায় এক দশকের ব্যবধানে ঢাকার জনসংখ্যা বেড়েছে ৩৯ লাখ। আর গত ছয় বছরে যানবাহন বেড়েছে সোয়া দুই লাখ। কিন্তু এক দশকে বাড়তি মানুষ ও যানবাহনের জন্য পরিবহন অবকাঠামো বলতে রাজধানীতে দুটি ফ্লাইওভার ও আড়াই কিলোমিটার রাস্তা নির্মাণ ছাড়া আর কিছুই হয়নি। অবশ্য হাতিরঝিল প্রকল্পের কাজ এখন চলছে।এর বাইরে আগামী তিন বছরে পরিবহন অবকাঠামোর ক্ষেত্রেও বড় কোনো প্রকল্প সরকারের হাতে নেই। বিশেষ করে জনপরিবহনের উন্নয়নে পরিকল্পনাধীন মেট্রো রেল, উড়াল সড়ক, বাসের বিশেষ লেন—এগুলো অন্তত আগামী ৫-১০ বছরের মধ্যে হবে না। এ অবস্থায় শিগগির নগরবাসীর দুর্ভোগ লাঘবের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।বর্তমান সরকার ক্ষমতায় এসে ঢাকার ভয়াবহ যানজট নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়ার কথা বলেছিল। স্বল্পমেয়াদি উদ্যোগগুলো বাস্তবায়ন করা হলেও কার্যকর ফল আসেনি। মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্যোগ এখনো প্রক্রিয়াধীন পর্যায়ে রয়েছে। এ অবস্থায় গবেষকেরা বলছেন, যানজটের কারণে বছরে এই নগরবাসীর ক্ষতি হচ্ছে প্রায় ২০ হাজার কোটি টাকা। এই ক্ষতি দিন দিন আরও বাড়ছে।শুধু যানজটে রাজধানী অচল হয়ে পড়েছে তাই নয়, অপরিকল্পিতভাবে ব্যক্তিগত গাড়ি বাড়ার কারণে সাধারণ মানুষের ব্যবহারের বাহন বাস ও সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সিক্যাবের সংকট দেখা দিয়েছে। প্রতিদিন সকাল-বিকেল ঘণ্টার পর ঘণ্টা সাধারণ মানুষকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানবাহনের জন্য। অনেককে গাড়িতে-রাস্তায় ইফতার করতে দেখা যায়।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক প্রথম আলোকে বলেন, হাতিরঝিল প্রকল্প, কুড়িল ফ্লাইওভার, বনানী ওভারপাস, জিয়া কলোনি ট্রাম্পেট ইন্টারচেঞ্জ আগামী তিন বছরের মধ্যে বাস্তবায়ন হতে পারে। কিন্তু এগুলোতে স্থানীয়ভাবে কিছু উপকার হবে। পরিবহনব্যবস্থার বড় উন্নয়ন করতে হলে এখনই মেট্রো রেল, উড়াল সড়ক, বাসের জন্য বিশেষ লেন করার দরকার ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে, এগুলো করতে অন্তত পাঁচ থেকে ১০ বছর সময় লাগবে। এ ক্ষেত্রে ঢাকার মানুষের দুর্ভোগ আরও বাড়বে।মানুষ, যান ও রাস্তা: জাপানি সংস্থা জাইকার ঢাকা নগর পরিবহন নেটওয়ার্ক উন্নয়ন সমীক্ষা অনুসারে বর্তমানে ঢাকার জনসংখ্যা এক কোটি ৪৫ লাখ। ২০০১ সালে এ সংখ্যা ছিল এক কোটি ছয় লাখ। অর্থাৎ এক দশকে মানুষ বেড়েছে ৩৯ লাখ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ২০০৯ সাল পর্যন্ত ঢাকায় যানবাহনের নিবন্ধন রয়েছে পাঁচ লাখ ২৭ হাজার। ২০০৩ সালে যানবাহন ছিল তিন লাখ তিন হাজার। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে যানবাহন বেড়েছে দুই লাখ ২৪ হাজার।ঢাকার মোট যানবাহনের মধ্যে সোয়া চার লাখই কার ও মোটরসাইকেল। প্রায় দেড় কোটি মানুষের রাজধানীতে বাস-মিনিবাস আছে মাত্র পাঁচ হাজার ১০৩টি, সিএনজিচালিত অটোরিকশা ১২ হাজার এবং ট্যাক্সিক্যাব সর্বোচ্চ দেড় হাজার। এই তিনটিই সাধারণ মানুষের বাহন। ২০০৬ সালে প্রণীত কৌশলগত পরিবহন পরিকল্পনায় (এসটিপি) বলা হয়েছে, অত্যধিক যানজটের কারণে ঢাকার বাস ব্যস্ত সময়ে ঘণ্টায় গড়ে ১৪ কিলোমিটার এবং স্বাভাবিক সময়ে ১৮ কিলোমিটার গতিতে চলে। ফলে বাসের ট্রিপ (আসা-যাওয়া) ও যাত্রী পরিবহন কমে গেছে। অর্থাৎ বাসের স্বল্পতা ও যানজট মিলে বাস-সংকট নাগরিক সংকটে পরিণত হয়েছে। ঢাকা সিটি করপোরেশন বলছে, ঢাকায় যানবাহন চলাচলের মতো সড়ক আছে দুই হাজার ২৫০ কিলোমিটার। এর মধ্যে গলিপথ বা এক লেনের রাস্তা রয়েছে ৩৮৬ কিলোমিটার। দুই লেনের রাস্তা সর্বোচ্চ এক হাজার ৪০৮ কিলোমিটার এবং চার লেনের রাস্তা ৪৩৪ কিলোমিটার। ‘ঢাকার যানজট: সমস্যা ও করণীয়’ শীর্ষক প্রতিবেদনে ডিএমপি বলছে, রাজধানীর ভূমির ৪৫ শতাংশ আবাসিক, ১৫ শতাংশ ব্যবসা-বাণিজ্য ও শিল্প, ২০ শতাংশ প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক, ৮ শতাংশ রাস্তা ও ফুটপাত এবং অন্যান্য ১২ শতাংশ ব্যবহূত হচ্ছে। মূল রাস্তার আবার ৩০ শতাংশ অবৈধভাবে গাড়ি পার্কিংয়ে ব্যবহার করা হয়। অন্যদিকে বেশির ভাগ ফুটপাতও হকারদের দখলে। শুধু উদ্যোগ, কাজ নেই: বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যেসব স্বল্পমেয়াদি উদ্যোগ নেয় সেগুলো হলো—লেন মেনে যানবাহন চালানো, পুরোনো গাড়ির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সংকেত বাতির মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ, রাজধানীকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে একেক দিন একেক এলাকার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা, অফিস সময় এগিয়ে-পিছিয়ে আনা ইত্যাদি। তা সত্ত্বেও যানজট কমেনি। দীর্ঘমেয়াদি উদ্যোগ হিসেবে জাইকা উত্তরা থেকে মিরপুর হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত মেট্রো রেল (মাটির ওপরে) স্থাপনে সম্ভাব্যতা যাচাই করছে। তবে রেললাইন নির্মাণের কাজ শুরু করতে আরও তিন থেকে পাঁচ বছর লাগবে বলে যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। উত্তরা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে উড়ালপথ নির্মাণে প্রাথমিক দরপত্র আহ্বান করা হয়েছে। তবে সম্ভাব্যতা যাচাই সম্পন্ন না হওয়ায় এটিরও কাজ কবে শুরু হবে কেউ বলতে পারছে না। ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড বিমানবন্দর থেকে সদরঘাট পর্যন্ত বাসের জন্য বিশেষ লেন (বিআরটি) করার জন্য সম্ভাব্যতা যাচাই করছে। এটাও তিন বছরের মধ্যে সম্পন্ন করার কোনো সম্ভাবনা নেই।ঢাকা মহানগর পুলিশ মধ্যমেয়াদি কিছু উদ্যোগে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব জমা দিয়েছিল গত বছর। এগুলোর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ রেলক্রসিংগুলোতে ওভারপাস নির্মাণ, পরিকল্পিত বাস রুট করা, ঢাকা মহানগরের অভ্যন্তরে গড়ে ওঠা পাইকারি বাজার স্থানান্তর করা, অপরিকল্পিতভাবে স্থাপিত শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লিনিক, হাসপাতাল, শিল্পকারখানা ও পোশাক কারখানা পর্যায়ক্রমে সরিয়ে দেওয়া। এগুলোর কোনোটিই কার্যকর হয়নি।বুয়েটের উপাচার্য এ এম এম সফিউল্লাহ প্রথম আলোকে বলেন, উড়াল সড়ক, পাতালরেল, বাসের লেনসহ যেসব প্রকল্প নিয়ে নাড়াচাড়া হচ্ছে, সেগুলো আরও অন্তত ১০ বছর আগেই শুরু করা উচিত ছিল।