গণপরিবহনে ‘ভাড়া নৈরাজ্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। বাসমালিকেরা গন্তব্যভেদে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়ে দিয়ে যাত্রীদের কাছ থেকে তা আদায় করছেন। গতকাল শনিবার দিনভর ঢাকার বিভিন্ন বাসস্ট্যান্ডে টিকিট বিক্রেতা ও যাত্রীদের মধ্যে মারমুখী অবস্থা দেখা গেছে। যাত্রীরা জানিয়েছেন, এভাবে পকেট কাটতে থাকলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। দূরপাল্লার রুটেও গতকাল বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে।সংকোচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ার পর এ অবস্থার সৃষ্টি হয়েছে। সিএনজি অটোরিকশাচালকেরা কখনোই আইন মানেননি। তাঁদের দৌরাত্ম্য বন্ধে সরকার কোনো উদ্যোগও নেয়নি। এখণ তাঁরা আরও বেপরোয়া হয়ে পড়েছে। আর রাস্তায় নেমে হেনস্থা হচ্ছে সাধারণ মানুষ। এক মাস ধরে সিএনজির দাম বাড়ানোর আলোচনা চলছে। এই আলোচনার শুরুতে এক দফা ভাড়া বাড়িয়ে দেন বাসমালিকেরা। এখন সিএনজির দাম বাড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গে আরেক দফা যাত্রীদের পকেট কাটা শুরু করেছেন বাসমালিকেরা। বর্তমানে সিএনজিচালিত বড় বাসের (৫২ আসন) ভাড়া কিলোমিটারপ্রতি এক টাকা ২০ পয়সা ও মিনিবাসের ভাড়া এক টাকা ১০ পয়সা করা হয়েছে। বড় বাসের জন্য সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, মঙ্গলবারের মধ্যে মালিক-শ্রমিকসহ সবাইকে নিয়ে একটা ফয়সালা করবেন তাঁরা। এর আগে সবাইকে বাড়তি ভাড়া আদায় থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।রাজধানী: রাজধানীর টিকিট কাউন্টারগুলোতে ১২ থেকে ১৫ টাকার নিচে কোনো টিকিটই পাওয়া যাচ্ছে না। দূরের গন্তব্যে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে।গতকাল দুপুরে বসুন্ধরা সিটির সামনে বাড়তি ভাড়া নিয়ে পরিবহনকর্মীদের সঙ্গে ঝগড়া করতে দেখা গেছে কয়েকজন যাত্রীকে। তাঁদের একজন ব্যাংক কর্মকর্তা হাসানুজ্জামান। তিনি বলেন, ‘দেশটা মগের মল্লুক হয়ে গেছে। এক কিলোমিটার দূরের গন্তব্যেও ১২ টাকা ভাড়া দাবি করছে। কেন এত ভাড়া সেটা জিজ্ঞেস করলেও খারাপ ব্যবহার করেন পরিবহনকর্মীরা।’বসুন্ধরা সিটির সামনে উইনার পরিবহনের টিকিট কাউন্টারে ১২ টাকার নিচে কোনো টিকিট পাওয়া যায়নি। সেখানে দিবানিশি পরিবহনেও সর্বনিম্ন ১২ টাকার টিকিট আছে। উইনার পরিবহন সাতরাস্তা, মহাখালী, গুলশান হয়ে উত্তরা যায়। আর দিবানিশি এফডিসি, মগবাজার চৌরাস্তা, মৌচাক, রামপুরা পথে চলাচল করে। সোনারগাঁও হোটেলের বিপরীতে টিসিবি ভবনের পাশে উইনার পরিবহনের দুটি টিকিট কাউন্টার আছে। এই দুটি কাউন্টার থেকে টিকিট কেটে পরবর্তী কাউন্টার সাতরাস্তা পর্যন্ত গেলেও ১২ টাকার টিকিট কাটতে হচ্ছে। অথচ এই পথের দূরত্ব দুই কিলোমিটারের মধ্যে। ভাড়া হওয়ার কথা পাঁচ টাকা। বসুন্ধরা সিটির পর দিবানিশি পরিবহনেরও পরবর্তী টিকিট কাউন্টার মগবাজার চৌরাস্তা। বাংলামোটর হয়ে মগবাজারের দূরত্বও দুই কিলোমিটার। এই পথের ভাড়া হওয়ার কথা পাঁচ টাকা। লাব্বায়েক পরিবহনে সোহ্রাওয়ার্দী হাসপাতালের সামনে থেকে ফার্মগেট পর্যন্ত ১৫ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। টিকিট বিক্রেতা জানান, ১৫ টাকার নিচে তাঁদের কোনো টিকিট নেই। গতকাল বিকেল চারটার দিকে এক উত্তেজিত যাত্রী চড়াও হলে কাউন্টারের দায়িত্বে থাকা ব্যক্তি টিকিটে লেখা ফোন নম্বর দেখিয়ে বলেন, ‘আমাদের বলে লাভ নেই। মালিককে ফোন করেন।’বিআরটিএর হিসাবে সোহ্রাওয়ার্দী হাসপাতালের সামনে থেকে ফার্মগেটের দূরত্ব তিন কিলোমিটার। এ পথের ভাড়া হওয়ার কথা মাত্র পাঁচ টাকা। সোহ্রাওয়ার্দী হাসপাতালের সামনে শতাব্দী পরিবহনেও পাঁচ টাকার ভাড়া ১৫ টাকা নেওয়া হচ্ছে। মোহাম্মদপুর থেকে শনির আখড়া পথে চলাচলকারী লোকাল মিনিবাস ৩৬(বি) গত মাসের শুরুতেও মোহাম্মদপুর থেকে ফার্মগেট পর্যন্ত তিন টাকা এবং কারওয়ান বাজারে চার টাকা ভাড়া ছিল। গতকাল এই বাসে ফার্মগেট পাঁচ টাকা এবং কারওয়ান বাজার ১০ টাকা ভাড়া হয়ে গেছে। কয়েকজন যাত্রী জানান, ভাড়ার কথা জিজ্ঞেস করাতে পরিবহনকর্মীরা উত্তেজিত হয়ে বলেন, ‘গেলে ওঠেন, না গেলে নামেন।’মোহাম্মদপুর থেকে ফার্মগেটের দূরত্ব তিন কিলোমিটার। সে হিসাবে ভাড়া হওয়ার কথা তিন টাকা ৩০ পয়সা। কারওয়ান বাজার পর্যন্ত আরও আধাকিলোমিটার ধরলে ভাড়া সর্বোচ্চ চার টাকা হয়। অথচ ১০ টাকা আদায় করা হচ্ছে। ছালছাবিল পরিবহনে দোলাইরপাড় থেকে আবদুল্লাহপুর পর্যন্ত এতদিন ২৬ টাকা ভাড়া নেওয়া হতো। গত শুক্রবার থেকে তা হয়ে গেছে ৩৫ টাকা।অটোরিকশা: বেসরকারি সংস্থায় কর্মরত ইয়াসমিন হক তাঁর সারা দিনের ভোগান্তির কথা জানাতে গিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কয়েক দিনের ব্যবধানে যাতায়াত বাবদ দ্বিগুণ খরচ করতে হচ্ছে, কিন্তু আমার বেতন বাড়েনি, যা ছিল তাই আছে। ফলে সংসারের প্রয়োজনীয় খরচও কাটছাঁট করতে হচ্ছে।’গতকাল শনিবার ইয়াসমিন ধানমন্ডির শঙ্কর থেকে মেগাসিটিতে করে মৎস্য ভবন পর্যন্ত যান। ভাড়া দিতে হয়েছে ১৫ টাকা। আগে ভাড়া ছিল ১০ টাকা। আবার অন্য একটি জরুরি কাজে কারওয়ান বাজার থেকে অটোরিকশায় গুলিস্তান যান ৯০ টাকায়। অথচ শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় দুপুর বেলাটা রাস্তাঘাট ফাঁকাই ছিল। অটোরিকশাচালক ভাড়া চেয়েছিলেন ১০০ টাকা। গুলিস্তান নেমে ৮০ টাকা দিতে চাইলে চালক তর্ক শুরু করেন। পরে ৯০ টাকা দিয়ে পার পেতে হয়েছে। ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার গতকাল এক বিবৃতিতে আকস্মিক সিএনজির দাম বাড়ানোর প্রতিবাদ জানান।দূরপাল্লা: সরকার ডিজেলের দাম লিটারপ্রতি দুই টাকা বাড়ালেও বাসে ভাড়া বেড়ে গেছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। বিশেষ করে দূরপাল্লার রুটে চলাচলকারী কম বিলাসবহুল বাসে ভাড়া বেড়েছে সবচেয়ে বেশি। গতকাল গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, কুমিল্লা, নরসিংদী ও ভৈরবসহ কম দূরত্বের গন্তব্যে ডিজেলের দাম বাড়ার পর ভাড়া বাড়িয়ে দিয়েছেন বাসমালিকেরা। সৌহার্দ্য পরিবহনে গাবতলী থেকে রাজবাড়ীর ভাড়া নেওয়া হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা। যাত্রীরা জানান, এই পথে কয়েক দিন আগেও ভাড়া নেওয়া হতো ১২০ টাকা। মো. মিলন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাসমালিকেরা ঈদ এলে ভাড়া বাড়ান। জ্বালানির দাম বাড়লেও বাড়ান। অনেক সময় কোনো কারণ ছাড়াই ভাড়া বেড়ে যায়। সরকার কোনো ব্যবস্থা নেয় না। যত সমস্যা সাধারণ মানুষের।’সায়েদাবাদ থেকে মনোহরদী পর্যন্ত চলাচলকারী মনোহরদী পরিবহন ভাড়া নিচ্ছে ৬০ টাকা করে। আগে এ পথে ভাড়া নেওয়া হতো ৪০ টাকা। সায়েদাবাদ থেকে ভৈরব পর্যন্ত এতদিন ৬০ টাকা ভাড়া নেওয়া হতো ডিলাক্স পরিবহনে। এখন নেওয়া হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। ডিলাক্স পরিবহনের কর্মী আসাদউল্লাহ বলেন, তেলের দাম বাড়ার কারণে মালিক ভাড়াতে বলেছেন। তাই তাঁরা কিছু বাড়তি ভাড়া নিচ্ছেন।ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, সরকার ডিজেল ও সিএনজির দামের সঙ্গে সমন্বয় করে যানবাহনের ভাড়া পুনর্নির্ধারণের আশ্বাস দিয়েছে। সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে যারা ভাড়া বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।