গণপরিবহনের বিকল্প নেই
গণপরিবহন-ব্যবস্থা এখন প্রতি মুহূর্তের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যানজট থেকে যে শিগগির আমরা বেরিয়ে আসতে পারব, আপাতত তা মনে হচ্ছে না। প্রশ্ন হলো, সমস্যার সমাধান নিয়ে আসল প্রশ্নটা কি আমরা তুলে ধরতে পেরেছি?গণপরিবহন-ব্যবস্থার মুখ্য দিক হলো, এটা শুধু পরিবহন চলাচলের সমস্যাকে ঘিরে আবর্তিত নয়। এটি নাগরিক সংস্কৃতি, পরিবেশ, অবকাঠামো ও সামাজিক গঠন নিয়ে নগরজীবনের সমন্বিত রূপ। এ কারণে আমরা অনবরত একটি প্রশ্নই করে যাচ্ছি: রাজধানী শহরের ভবিষ্যৎ রূপকল্প ছাড়া চলাচলব্যবস্থার পরিকল্পনা করা হচ্ছে কীভাবে?আমাদের শীর্ষ নীতিনির্ধারকেরা এখনো ঠিক করে উঠতে পারেননি ঢাকা শহর কোন দিকে বিস্তৃত হচ্ছে বা হওয়া উচিত। এ অবস্থায় পরিবহন ও চলাচলব্যবস্থার সামগ্রিক আয়োজন কীভাবে করা হবে।দেড় কোটি লোকের এ শহরে ব্যক্তিগত মোটরগাড়ি ও তার মালিকেরা চলাচলের পথে সব সময় বাড়তি সুবিধা পান। শহরের একটি ক্ষুদ্র অংশ গাড়ির মালিক। অথচ এসব গাড়িই রাস্তা শাসন করে আসছে এবং হাতেগোনা এ মানুষেরাই গণপরিবহনের নিয়মকানুন, তথা নাগরিক জীবনের কায়দাকানুন সম্পর্কে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। আর সাধারণ মানুষ গাদাগাদি করে বাস বা টেম্পোর রডে ঝুলে যাওয়া-আসা করছে।গাড়ির আবিষ্কার শহরের ওপর কীভাবে ক্ষতিকর প্রভাব ফেলেছে, তা নিয়ে প্রভাবশালী স্থাপত্য ইতিহাসবিদ কেনেথ ফ্র্যাম্পটন বিস্তারিত লিখেছেন। গাড়ি একটি শহরের হূৎপিণ্ডের মধ্যে বিষফোড়ার মতো। গাড়ি ও অন্যান্য যানবাহন মানুষের হাঁটার স্পৃহা কীভাবে নষ্ট করে দেয়; পদব্রজে দলবদ্ধভাবে হাঁটার ফলে নগরবাসীর পরস্পরের মধ্যে যে সামাজিক ও মানবিক সম্পর্ক গড়ে ওঠে, তা কীভাবে গাড়ির কারণে ক্ষতিগ্রস্ত হয় এবং সর্বোপরি গাড়ির কারণে শহরের খালি জায়গা কীভাবে হারিয়ে যায়, তা তিনি বিশ্লেষণ করে দেখিয়েছেন।চীনের রাজধানী বেইজিংয়ের কাছে সম্প্রতি এক দীর্ঘতম যানজটের ঘটনা ঘটেছে। ওই জট প্রায় ১০ দিনের বেশি স্থায়ী ছিল বলে ঘটনাটি বিশ্ব গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়। অন্যদিকে মাওয়া ফেরিঘাটে ১০ ঘণ্টার জট লাগলেই আমরা সবাই উত্তেজিত হয়ে পড়ি। নিউ ইয়র্কার পত্রিকায় সম্প্রতি প্রকাশিত একটি নিবন্ধে মস্কোর গোলকধাঁধাপূর্ণ গণপরিবহন-ব্যবস্থার হতাশাজনক চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, মস্কোয় যেভাবে গণপরিবহনের সংখ্যা বাড়ছে, তাতে সেখানে যতই নতুন রাস্তা বানানো হোক বা বিদ্যমান লেনগুলো সম্প্রসারিত করা হোক, তা দিয়ে চলাচল ব্যবস্থাপনা সামাল দেওয়া সম্ভব হবে না। এ থেকে স্পষ্ট বোঝা যায়, আলাদাভাবে একটি একটি করে যান চলাচলের ভিত্তিতে যত দিন পুরো পরিবহনব্যবস্থা পরিচালিত হচ্ছে, তত দিন সড়ক-মহাসড়ক, দ্বিতল সড়ক, চওড়া রাস্তা—এসবের কোনো কিছুই কাজে আসবে না। পরিবহন ও চলাচলের জন্য আরও রাস্তা বানানো দরকার, সে কথা ঠিক; কিন্তু ঢাকার মতো এমন জটিল যোগাযোগব্যবস্থা-সম্পন্ন শহরের ক্ষেত্রে কেবল রাস্তা বানিয়েই এ সমস্যার সমাধান সম্ভব নয়।টোকিও, নিউইয়র্ক, লন্ডন—এসব আধুনিক সংস্কৃতিসম্পন্ন নিখুঁৎ ও কার্যকর শহর বলে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। গণপরিবহন ও হাঁটার ওপর নির্ভর করে তারা পরিপাটি সামাজিক শহর তৈরি করেছে। তারা যদি এভাবে তাদের পরিবহনব্যবস্থাকে নির্বিঘ্ন করে তুলতে পারে, তাহলে আমরা কেন অন্যদিকে যাব? ঢাকা বিশ্বের দ্রুত সম্প্রসারণশীল ও চলাচলসংকটে পড়া প্রথম শহর নয়।বাস্তব অবস্থা হলো, গাড়ির চাপ থেকে শিগগির আমাদের মুক্তি নেই। মুক্তি পাওয়ার বিষয়ে আমাদের কাছে কোনো জাদুকরি প্রস্তাবও নেই। তবে সংকট মোকাবিলায় আমরা আরও ভালো কোনো পরিকল্পনা করতে পারি।অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি খাত আমরা চিহ্নিত করেছি। এগুলো হলো—রেলপথ, সাধারণ সড়কপথ ও নৌপথ। খুব বেশি অবকাঠামোগত ও নির্মাণসংশ্লিষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি না হয়েও এই তিন পথে চলাচলের নতুন ধরন দ্রুত বাস্তবায়ন করা সম্ভব।রেলপথের ব্যাপারে আমরা পরিষ্কার দুটো পদ্ধতির কথা বলতে পারি। প্রথমত, শহররক্ষা বাঁধ ঘেঁষে ঢাকা মহানগরকে বেষ্টন করে বৃত্তাকারে রেললাইন বসানো যায়। পাশাপাশি নগরকে ছেদ করে আড়াআড়িভাবে অপর আরেকটি রেল যোগাযোগ গড়ে তোলা যেতে পারে। কমলাপুর থেকে সরিয়ে ঢাকার প্রধান রেলস্টেশন টঙ্গীতে সরিয়ে নিয়ে টঙ্গী ও নারায়ণগঞ্জের মধ্যে নিরবচ্ছিন্ন দ্রুতগতির নতুন ট্রেন চালু করা যায়। নগরকে বেষ্টন করে রাখা রেললাইনের সঙ্গে সড়ক ও নৌপরিবহন-ব্যবস্থার যোগাযোগ স্থাপন করা যেতে পারে। বাঁধসংলগ্ন রেলস্টেশনগুলো ভবিষ্যতে স্থানীয় উন্নয়নের কেন্দ্রবিন্দু হতে পারবে; একই সঙ্গে অন্যান্য পরিবহনব্যবস্থার সংযোগস্থল হিসেবেও কাজ করতে পারে।শহুরে গণপরিবহনের ধরন ও প্রকৃতি অনুযায়ী বাস চলাচলব্যবস্থার বিস্তার ঘটানো যেতে পারে। বিদ্যমান যাত্রাপথগুলোয় বিপুলসংখ্যক যাত্রী আনা-নেওয়ার জন্য আর্টিকুলেটেড যান বা বিশেষ যাত্রীবাহী বাস চালু করা যায় কি না, তা খতিয়ে দেখা দরকার। যাত্রীদের দ্রুত ওঠানো-নামানোর জন্য বিশেষ ধরনের বাসস্ট্যান্ড তৈরি করা যায়। এই সড়ক ব্যবস্থাপনা সফল করতে হলে বেসরকারি ও সরকারি উদ্যোগ নেওয়ার মাধ্যমে সরকারের জন্য কর-সুবিধা ও বেসরকারি প্রতিষ্ঠানকে অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।ঢাকা নদীমাতৃক ভূখণ্ড হওয়ায় ওয়াটার বাস ও ওয়াটার ট্যাক্সির মাধ্যমে একটি জলপথভিত্তিক যোগাযোগব্যবস্থার পত্তন করা স্বাভাবিকভাবেই সবার কাম্য। এ নিয়ে সীমাহীন আলোচনা চলছে। ইতিমধ্যে দুটো ওয়াটার বাস দিয়ে অপরিকল্পিতভাবে এ রকম একটি কার্যক্রম চালু করা হয়েছে। বলা বাহুল্য, সাধারণ লোকজনের চলাচলের বাইরেও নৌপথ আরও অনেক ভূমিকা পালন করে। নদীতীরবর্তী চলাচলব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখতে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নদীতীরে উন্নয়নমূলক এলাকা গড়ে তোলা এবং এর মাধ্যমে সামাজিক-অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করার ক্ষেত্রে নৌচলাচল-ব্যবস্থা ভূমিকা রাখতে পারে।ঢাকা যে একটি নদীবিমুখ শহরে পরিণত হয়েছে, একটি শক্তিশালী নদীভিত্তিক চলাচলব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে সে চিত্র পাল্টে দেওয়া সম্ভব। শুধু যে ঢাকার চারপাশেই বৃত্তাকারে নৌপথ থাকতে হবে তা নয়, ঢাকার ভেতরের খাল-নালা ইত্যাদি সংস্কার করে সেগুলোর সঙ্গে বাইরের নৌপথের যোগাযোগ তৈরি করাও খুবই সম্ভবপর।[email protected] খ. আশরাফ: স্থপতি ও নগর চিন্তাবিদ। সাইফ উল হক: স্থপতি।