গণপিটুনিতে চার চরমপন্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে গ্রামবাসীর গণপিটুনিতে চার ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্যমতে, তাঁরা চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) সদস্য।নিহত ব্যক্তিদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—খলিলুর রহমান (৩৫) ও লিটন হোসেন (২৫)। এর মধ্যে খলিলুর রহমান পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) নেতা ছিলেন বলে পাবনার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাশেদুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানিয়েছেন।গ্রামবাসী ও পুলিশ সূত্র জানিয়েছে, পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের কালিয়ানী গ্রামের আবুল কালামের বাড়িতে আজ সকাল সাতটার দিকে পাঁচ-ছয়জনের একটি দল গিয়ে চাঁদা দাবি করে। ওই বাড়ির বাসিন্দাদের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে আসে। গ্রামবাসীর ধাওয়া খেয়ে চাঁদা দাবি করা ব্যক্তিরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। পরে হরডাঙ্গা গ্রামে দুইজন, কালিয়ানী গ্রামে একজন ও বিলকালিয়ানী গ্রামে আরেকজনকে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। পাবনার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাশেদুল ইসলাম বলেন, পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) এই সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রামে চাঁদাবাজি করত। এ কারণে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে তাদের পিটিয়ে মেরেছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ ফরিদপুর থানায় নেওয়া হয। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।