গণবিচার নিয়ে উদ্বিগ্ন হিউম্যান রাইটস ওয়াচ
বাংলাদেশে ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনায় গণহারে বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। ন্যায়বিচার নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব গণহারে বিচার বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছে সংস্থাটি। নিউইয়র্কভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি বলেছে, বিদ্রোহের সঙ্গে জড়িতদের অবশ্যই বিচার করতে হবে। তবে যে সামরিক ও বেসামরিক আদালতে এই বিচার চলছে, সেগুলোর আন্তর্জাতিক মানও নিশ্চিত করা উচিত। গত ২৭ জুন ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৬ জন বিডিআর সদস্যের বিচারের রায়ে উদ্বেগ প্রকাশ করে এইচআরডব্লিউ। এই রায়ে নয়জন বাদে সবাইকে চার মাস থেকে সাত বছর পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। এ বিষয়ে সংস্থার এশিয়ার পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, একসঙ্গে শত শত মানুষের বিচার করা এবং একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করা অসম্ভব। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় বাংলাদেশের মানুষ প্রচণ্ড আঘাত পেয়েছে। কিন্তু এ ঘটনায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করতে প্রত্যেক সদস্যের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করা উচিত।বিদ্রোহের সময় হত্যার ঘটনায় বিডিআরের ৮৪৭ জন সদস্যের বিরুদ্ধে আসন্ন রায় নিয়েও উদ্বিগ্ন এইচআরডব্লিউ। কৌঁসুলির কার্যালয়ের বরাত দিয়ে সংস্থাটি বলেছে, কখনো কখনো ১২ জন জওয়ানকে একই মামলায় একই সঙ্গে একজনমাত্র আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে হয়েছে। পরামর্শের জন্য এত কম সময় দেওয়া উদ্বেগের বিষয়। ‘নিষ্ঠুর ও পরিবর্তনীয় নয়’ উল্লেখ করে বিডিআর বিদ্রোহের সব মামলার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার বিরোধিতা করে এইচআরডব্লিউ।এইচআরডব্লিউর মিনাক্ষী গাঙ্গুলি বিবিসি বেতারকে বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রেপ্তার হওয়া প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে আলাদাভাবে সুনির্দিষ্ট অভিযোগ আনতে হবে। এই অভিযোগের পক্ষে সুনির্দিষ্টভাবে তথ্য-প্রমাণ উপস্থাপন করে শাস্তি দিতে হবে। তিনি বলেন, বিচারের অনেক ক্ষেত্রে এই প্রক্রিয়া না মেনে অনেকের বিরুদ্ধে একই অভিযোগ তুলে বিচার করা হচ্ছে। এতে ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে না বলে তাঁরা মনে করেন।ফৌজদারি মামলাগুলোর বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আনিসুল হক বিবিসিকে বলেন, হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ পোক্ত নয়। এতে সত্য ঢেকে রেখে মানুষের সমবেদনা পাওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি দাবি করেন, প্রত্যেক অভিযুক্তকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ আলাদা করে পড়ে শোনানো হয়েছে।এদিকে অন্তত ১০০ জন অভিযুক্ত জওয়ানের আইনজীবী ফারুক আহমেদ বিবিসিকে জানিয়েছেন, সময়-স্বল্পতার কারণে অভিযোগ গঠনের প্রক্রিয়া সংক্ষিপ্ত করা হচ্ছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের সদর দপ্তরে বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭৪ জন নিহত হন। দেশের বিভিন্ন স্থানে বিডিআর ব্যাটালিয়নেও বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিদ্রোহ করেন জওয়ানেরা। এ ঘটনায় বিডিআরের ছয় হাজারের বেশি সদস্যকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়। সূত্র: এইচআরডব্লিউ ওয়েবসাইট।