উত্তর ও দক্ষিণ ঢাকা সিটি করপোরেশন
গণবিজ্ঞপ্তি ছাড়াই ওয়ার্ডের সংখ্যা ও সীমানা নির্ধারণ
সিটি করপোরেশনের ওয়ার্ড বিভাজনের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তি দেওয়ার বিধান থাকলেও সরকার বিভক্ত দুই সিটি করপোরেশনের ক্ষেত্রে তা অনুসরণ করেনি। মানা হয়নি জনসংখ্যার সর্বশেষ পরিসংখ্যানের ভিত্তিতে ওয়ার্ডের সংখ্যা নির্ধারণের বিধানও।উল্টো নির্বাচন কমিশনকে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়ে ৪ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় দুটি সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের জন্য নতুন নম্বর নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে।নির্বাচন কমিশন সচিবালয়ের পদস্থ কর্মকর্তাদের মতে, আইনের বিধান অনুযায়ী সীমানা বিন্যাস না করে সিটি করপোরেশন গঠন করে নির্বাচন করতে গেলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ২৭ ধারার বিধান অনুযায়ী, সীমানা নির্ধারণ কর্মকর্তা কাউন্সিলর নির্বাচনের জন্য করপোরেশনকে নির্ধারিতসংখ্যক ওয়ার্ডে ভাগ করার সুপারিশ করবেন। এরপর সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে জনসংখ্যার সর্বশেষ পরিসংখ্যানের ভিত্তিতে প্রতিটি করপোরেশনের ওয়ার্ডের সংখ্যা নির্ধারণ করবে। ২৮ ধারা অনুযায়ী সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত ব্যক্তিদের মধ্য থেকে প্রয়োজনীয়সংখ্যক সীমানা নির্ধারণ কর্মকর্তা নিয়োগ করতে পারবে।২৯ ধারামতে, সীমানা নির্ধারণ কর্মকর্তা ওয়ার্ডের সীমানা নির্ধারণের জন্য প্রয়োজনীয় তদন্তকাজ করবেন এবং এ-সংক্রান্ত পরামর্শ ও আপত্তি বিবেচনায় নিয়ে ওয়ার্ডের প্রাথমিক তালিকা প্রকাশ করবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে আপত্তি ও পরামর্শ জমা দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবেন। সব শেষে শুনানির মাধ্যমে আপত্তি নিষ্পত্তি করে ওয়ার্ডের চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন। নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডের সীমানা নির্ধারণের ক্ষেত্রে একই বিধান অনুসরণ করতে হবে। কিন্তু ঢাকার নতুন দুটি সিটি করপোরেশন গঠনের ক্ষেত্রে এই বিধান মানা হয়নি। গত মার্চে আদমশুমারির প্রতিবেদন প্রকাশ করা হলেও তা আমলে নেওয়া হয়নি। অবশ্য নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন গঠনের ক্ষেত্রে এই বিধান অনুসরণ করা হয়েছে।কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের মতে, ঢাকার দুটি সিটি করপোরেশনও নতুন। সুতরাং আইনের এই বিধান মেনেই ওয়ার্ডের সংখ্যা ও সীমানা নির্ধারণ করতে হবে।এ বিষয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আইন অনুযায়ী সীমানা নির্ধারক নিয়োগ, গণবিজ্ঞপ্তি জারি, আপত্তি গ্রহণ ও শুনানির মাধ্যমে তা নিষ্পত্তি করেই সীমানা বিন্যাস করা বাঞ্ছনীয়। আমরা কমিশন সভায় আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাব।’স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, ‘ঢাকার ক্ষেত্রে ওয়ার্ড বিন্যাস ও সীমানা নির্ধারণের প্রচলিত নিয়ম মানা হয়নি বলেই প্রতীয়মান হচ্ছে। বিষয়টি পর্যালোচনা করে দেখতে হবে। কারণ সম্প্রতি সরকার সিটি করপোরেশন আইন সংশোধন করেছে।’এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান বলেন, ‘আমরা সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করিনি। করপোরেশন ভাগ করে দুটি করেছি মাত্র। তাই এখানে সীমানা নির্ধারণের প্রয়োজন নেই। এ নিয়ে আইনি জটিলতার কোনো সুযোগ নেই।’ওয়ার্ডের নতুন নম্বর: স্থানীয় সরকার বিভাগ ৪ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য নতুন ওয়ার্ড নম্বর নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। গতকাল এই প্রজ্ঞাপনের কপি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়েছে।নতুন হিসাব অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য নির্ধারিত পুরোনো ওয়ার্ড ২৪ থেকে ৩৬-এর নতুন নম্বর যথাক্রমে ১ থেকে ১৩, পুরোনো ৪৮ থেকে ৫৩-এর নতুন নম্বর যথাক্রমে ১৪ থেকে ১৯ ও পুরোনো ওয়ার্ড ৫৬ থেকে ৯২-এর নতুন নম্বর হবে যথাক্রমে ২০ থেকে ৫৬। ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য নির্ধারিত পুরোনো ওয়ার্ড নম্বর ১ থেকে ২৩ অপরিবর্তিত থাকবে। পুরোনো ৩৭ থেকে ৪৭-এর নতুন নম্বর যথাক্রমে ২৪ থেকে ৩৪ এবং পুরোনো ৫৪ ও ৫৫-এর নতুন নম্বর হবে যথাক্রমে ৩৫ ও ৩৬।কমিশন সূত্র জানায়, দক্ষিণ ঢাকার ৫৬টি ওয়ার্ডের ভোটারসংখ্যা ১৬ লাখ ৭৯ হাজার ৭৪৫ জন। পুরুষ নয় লাখ ১৫ হাজার ৩৪২ এবং নারী সাত লাখ ৬৪ হাজার ৪০৩ জন। এই সিটিতে প্রতিটি ওয়ার্ডের গড় ভোটার সংখ্যা ২৯ হাজার ৯৯৫ জন।অপর দিকে উত্তর ঢাকার ৩৬টি ওয়ার্ডের ভোটারসংখ্যা ২১ লাখ ৬৯ হাজার ৩৫৪ জন। পুরুষ ১১ লাখ ৪০ হাজার ৮৭৯ ও নারী ১০ লাখ ২৮ হাজার ৪৭৫ জন। এই সিটির প্রতিটি ওয়ার্ডের গড় ভোটার ৬০ হাজার ২৬০ জন।কমিশন সচিবালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, আইন অনুযায়ী সর্বশেষ আদমশুমারির ভিত্তিতে ওয়ার্ড বিন্যাস হয়নি বলেই উত্তর ও দক্ষিণ ঢাকার ওয়ার্ডের গড় ভোটারের ব্যবধান অর্ধেকেরও বেশি।