গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন
ঢাকার সাভারে অবস্থিত গণবিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম বর্ষের এক ছাত্র গত শনিবার রাতে মানিকগঞ্জে খুন হয়েছেন। নিহত ছাত্রের নাম ইমরান হোসেন (২২)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার রমনপুর গ্রামের স্কুলশিক্ষক হাবিবুর রহমানের ছেলে।এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সেলিম নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেলিম সদর উপজেলার মুলজান গ্রামের নোয়াব আলীর ছেলে। সে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।নিহত ইমরানের বাবা হাবিবুর রহমান জানান, গত শনিবার রাত নয়টার দিকে রমনপুর গ্রামের বুলবুল ও সাকিবকে সঙ্গে নিয়ে ইমরানদের বাড়িতে যায় সেলিম। এরপর সে ইমরানকে ঘর থেকে ডেকে নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে কথা বলতে থাকে। কয়েক মিনিট পর রাত সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে মাত্র ১০০ গজ দূরে রাস্তার পাশে গুরুতর অবস্থায় ইমরানকে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। তাঁর মাথা ও দেহের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাতেই ইমরান মারা যান।ইমরানের বোন হাবিবা আক্তার জানান, গত শুক্রবার বিকেলে সেলিম তাঁদের বাসায় গিয়ে ইমরানের খোঁজ করে। এ সময় সেলিম নিজেকে ইমরানের বন্ধু পরিচয় দেয়। ইমরান তখন বাড়ি না থাকায় সেলিম তাঁর মুঠোফোনের নম্বর নিয়ে যায়। হাবিবা বলেন, সেলিম তাঁর ভাইয়ের বন্ধু পরিচয় দিলেও তিনি তাঁকে আগে কখনো দেখেননি।বুলবুল ও সাকিব পুলিশকে জানিয়েছেন, রাত নয়টার দিকে তাঁরা বাড়ি ফিরছিলেন। তখন ঘটনাস্থলের কাছে দাঁড়িয়ে সেলিমসহ আরও দুজনকে কথা বলতে দেখেন তাঁরা। তাঁদের দেখে ইমরানদের বাড়ি যাওয়ার কথা বলে ওই বাড়ি চিনিয়ে দিতে বলে সেলিম। তাঁরা সেলিমকে ওই বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যান।নিহত ইমরানের চাচা আবদুল মতিন বিশ্বাস জানান, দিন ১৫ আগে প্রতিবেশী নুরু ভূঁইয়ার ছেলে বাবুর সঙ্গে ইমরানের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ইমরান বাবুকে আঘাত করেন। এর জের ধরে বাবু ভাড়াটে লোকজন দিয়ে ইমরানকে খুন করিয়ে থাকতে পারেন বলে তাঁদের সন্দেহ হচ্ছে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, নিহত ইমরানের বাবা গতকাল একটি হত্যা মামলা করেছেন। মামলায় সেলিমের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে হত্যার অভিযোগ এনে বাবুকে সন্দেহভাজন আসামি করা হয়েছে।ওসি তাহের আরও বলেন, ঘটনার পর সেলিমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হত্যার ঘটনায় জড়িত নয় বলে সেলিম জানিয়েছে।