গণভবনে বিয়ে হলো রত্না-রুনা ও আসমার
নিমতলীর অগ্নিকাণ্ডে স্বজন হারানো রত্না, রুনা ও আসমার বিয়ে হলো গণভবনে। আজ বুধবার রাত ১১টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বিয়ে সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে রুনা-জামিল, রত্না-সুমন এবং আসমা-আলমগীরের বিয়ে দেন। গণভবনে এটিই প্রথম কোনো বিয়ের অনুষ্ঠান।রাজধানীর নিমতলীতে গত বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বোন রত্না ও রুনার পরিবারের সদস্যসহ ১১৯ জন লোক প্রাণ হারায়। আজ বুধবার রাত নয়টার দিকে রুনা, রত্না ও আসমা বধূবেশে গণভবনে প্রবেশ করে। এর ৪০ মিনিট পর তিন বর জামিল, সুমন ও আলমগীর ৮০টি গাড়িতে করে আসেন গণভবনে। রাজধানীর পুরান ঢাকা থেকে গাড়িতে করে গণভবনে যান বরযাত্রীরা।রুনা-রত্নার বিয়ের বিষয়টি আগেই ঠিক করা ছিল। এর সঙ্গে আজ যুক্ত হয় আসমা নামের আরেক হতভাগ্য তরুণীর নাম। রুনা-রত্নার মতো নিমতলীর অগ্নিকাণ্ডে স্বজনদের হারিয়েছেন আসমা। আগুনে মারা গেছেন তাঁর মা, নানি আর ভাতিজি। সম্মিলিত সামরিক হাসপাতালে বাবা এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে বোন মৃত্যুর সঙ্গে লড়ছেন।এদিকে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন, ‘আজ আমার তিন মেয়ের বিয়ে। বিয়েতে মেয়েদের জন্য শাড়ি-গয়না, জামাইদের জন্য পাঞ্জাবি—সবই কেনা হয়েছে। আসবাবপত্র, ক্রোকারিজ এসবও আনা হয়েছে। মা হিসেবে মেয়ে বিদায় দেওয়ার সব আয়োজনও হয়েছে।’ সরকারি দলের সাংসদ শাহীন মনোয়ারা হকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তিন মেয়ে-জামাইয়ের মধ্যে একজন বেকার ছিলেন। তাঁকে বেসিক ব্যাংকে চাকরির ব্যবস্থা করা হয়েছে। আজ বিয়ের অনুষ্ঠানেই তাঁর নিয়োগপত্র দেওয়া হবে।