গণভোট ছাড়া সংবিধান পরিবর্তন করা যাবে না: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘এ সরকার মুখে আইনের শাসন, গণতন্ত্রের কথা বলে। কিন্তু মনে-প্রাণে একদলীয় মনোভাব পোষণ করে। আমি চ্যালেঞ্জ করতে পারি, গণভোট ছাড়া সংবিধানের পরিবর্তন করে ধর্মনিরপেক্ষতার নীতি আনা যাবে না।’মওদুদ বলেন, যে সরকার তাদের নির্বাচনী ওয়াদা পূরণ করতে পারে না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। এ সরকারকে সংঘবদ্ধ আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে।আজ সোমবার দুপুরে শহরের টাউন হল চত্বরে ‘ব্যর্থ সরকারের পদত্যাগ ও মধ্যবর্তী নির্বাচন’-এর দাবিতে আয়োজিত বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এসব কথা বলেন।আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিবাদী সরকার দাবি করে মওদুদ বলেন, শেয়ারবাজার থেকে লুণ্ঠিত ৮৫ হাজার কোটি টাকার ভাগ-বাটোয়ারার সঙ্গে সরকারের অনেক বড় নেতারা জড়িত। দেশে আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আর এ জন্য তিনি ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করে বলেন, দেশব্যাপী সন্ত্রাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে আওয়ামী লীগের লোকজনই জড়িত। তিনি বলেন, দেশে বর্তমানে প্রতিদিন ১০ জন মানুষ খুন ও সাতজন নারী ধর্ষিত হচ্ছেন। এ সরকার সব দিক থেকে ব্যর্থ সরকার। এ ব্যর্থ সরকারকে তাই অবিলম্বে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন খালেদা জিয়ার উপদেষ্টা হায়দার আলী, আবদুল কাইয়ুম, আবদুল আলিম, এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ জেলা-থানার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।