গণভোট তত্ত্বাবধানে সম্মত জুডিশিয়াল কাউন্সিল
মিসরের নতুন খসড়া সংবিধানের ওপর ১৫ ডিসেম্বরের গণভোটের তত্ত্বাবধান করতে সম্মত হয়েছে দেশটির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরের বরাত দিয়ে গতকাল সোমবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির আইন উপদেষ্টা মোহাম্মদ গাদাল্লাহ গতকাল জানিয়েছেন, দেশটির বিচারকদের সর্বোচ্চ সংস্থা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ওই গণভোট তত্ত্বাবধানে প্রতিনিধি বিচারক দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। কাউন্সিলের সদস্য ও বিচারক আহমেদ আবদুল রহমানও এই তথ্য নিশ্চিত করেছেন। তবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পক্ষ থেকে এ খবরের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।মিসরে ঐতিহ্যগতভাবেই গণভোটের তত্ত্বাবধান করে থাকেন দেশের বিচারকেরা।এর আগে গতকাল সোমবার মিসরের বিচারকদের স্বতন্ত্র সংস্থা ‘দ্য জাজেস ক্লাব’ ওই গণভোট বর্জনের ঘোষণা দেয়। বিচার বিভাগের সঙ্গে প্রেসিডেন্ট মুরসির দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে বিচারকদের কাছ থেকে এমন ঘোষণা আসে।গত শুক্রবার দেশটির পার্লামেন্টে খসড়া সংবিধান পাস হয়। খসড়া সংবিধান অনুমোদনের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হলে ১৫ ডিসেম্বর গণভোটের ডাক দেন মোহাম্মদ মুরসি। এদিকে মিসরের পার্লামেন্টের উচ্চকক্ষ শুরা কাউন্সিল ও দেশের খসড়া সংবিধান প্রণয়নের দায়িত্ব পাওয়া সাংবিধানিক পরিষদের বৈধতার বিষয়ে গত রোববার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্টের রুল জারির কথা ছিল। তবে মুরসির সমর্থকেরা বিচারকদের প্রবেশে বাধা দেন এবং ওই দিন আদালত ভবন ঘেরাও করে রাখেন। এতে করে শুনানি স্থগিত করতে বাধ্য হন বিচারকেরা।পরে ওই ঘটনার প্রতিবাদে আদালতের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া মুরসিবিরোধী গ্রুপগুলো সংবিধানের ওপর গণভোটের প্রতিবাদে আজ মঙ্গলবার বিক্ষোভের ডাক দিয়েছে। তারা অভিযোগ করেছে, জাতীয় পর্যায়ে বৃহত্তর মতৈক্যে প্রতিষ্ঠার আগে গণভোটের আয়োজন করা হবে না বলে মুরসি প্রতিজ্ঞা করলেও তিনি সেই প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন।গত ২২ নভেম্বর নিজের ক্ষমতা বৃদ্ধি করে একটি ডিক্রি জারি করেন প্রেসিডেন্ট মুরসি। ওই ডিক্রির কারণে বিচার বিভাগ তাঁর কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবেন না। বিরোধীরা অভিযোগ করেছেন, ডিক্রি জারির মাধ্যমে প্রেসিডেন্ট মুরসি যে ক্ষমতা হাতে নিয়েছেন, তা আইনের আওতাবহির্ভূত।