গণভোট নেওয়ার আহ্বান
তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে প্রয়োজনে গণভোট নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘গণভোট দিয়ে দেখুন জনগণ তত্ত্বাবধায়ক সরকার চায় কি না।’ জাতীয় প্রেসক্লাবে ‘রামুর ঘটনা ও সরকারের দুর্নীতি’ শীর্ষক এক আলোচনা সভায় এম কে আনোয়ার এ দাবি জানান। আজ বৃহস্পতিবার সাংবিধানিক ফোরাম নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। আওয়ামী লীগের সরকার দেশকে দুর্নীতিবাজদের অভয়াশ্রমে পরিণত করেছে অভিযোগ করে এম কে আনোয়ার বলেন, এর আগে একবার আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে ২১ বছর রাস্তায় রাস্তায় ঘুরেছে। এবার ক্ষমতা থেকে গেলে তাদের ৬৩ বছর রাস্তায় ঘুরতে হবে। বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকার তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে। কিন্তু সরকারের সেই ইচ্ছা কখনো পূরণ হবে না বলে সতর্ক করেন তিনি।রামুর ঘটনাকে পরিকল্পিত আখ্যা দিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম থেকেই বিএনপিকে নিয়ে একটি কার্ড খেলার চেষ্টা করছেন; তা হলো জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা।’ তিনি বলেন, সরকার বিএনপিকে সাম্প্রদায়িক দল হিসেবে প্রতিষ্ঠিত করে একটি জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন করা ও আন্তর্জাতিক অঙ্গনে বিএনপিকে ছোট করার চেষ্টা করছে। কিন্তু ১৯৯৬-২০০০ সালে আওয়ামী লীগের আমলেই বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উত্থান হয়েছে বলে তিনি দাবি করেন। এ সরকার ডেসটিনিকে বাঁচানোর পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন এম কে আনোয়ার। তিনি বলেন, বর্তমান সরকার ডেসটিনিকে বাঁচাতে চায় বলেই এখনো অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। আলোচনা শেষে এক মানববন্ধন অনুষ্ঠানে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারীর গাড়িচালককে এই সরকার বের করতে পারছে না। অথচ সাংবাদিকেরা ঠিকই তাঁকে বের করেছেন। এতেই প্রমাণিত হয়, সরকার কতটা ব্যর্থ। বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার বিষয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু আইন যদি কারও ইঙ্গিতে চলে, তাহলে তা মেনে নেওয়া হবে না।’