গণভোটেও সংকট কাটছে না মিসরের
মিসরে খসড়া সংবিধানের ওপর অনুষ্ঠিত গণভোটের আনুষ্ঠানিক ফলাফল আজ সোমবার ঘোষণা করা হতে পারে। জনগণ সংবিধানের পক্ষে রায় দিয়েছেন বলে বেসরকারি ফলাফলে বলা হচ্ছে। তবে বিরোধী জোট কারচুপির অভিযোগ তুলে তদন্তের দাবি করায় সংকট কাটছে না মিসরের। বিবিসি ও আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বেসরকারি প্রাথমিক ফলাফলে দেখা যায়, গণভোটে খসড়া সংবিধানের পক্ষেই বেশি ভোট পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, দুই দফার রায় মিলিয়ে প্রায় ৬৪ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়েছে; অর্থাত্ তাঁরা খসড়া সংবিধানের পক্ষেই রায় দিয়েছেন। মিসরে ক্ষমতাসীন দলের সমর্থক মুসলিম ব্রাদারহুড গতকাল সকালের দিকে দাবি করে, বেশির ভাগ ভোট গণনা শেষ হয়েছে। এতে ৭০ শতাংশ ভোট খসড়া সংবিধানের পক্ষেই পড়েছে।তবে বিরোধী জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টও (এনএসএফ) গতকাল রোববার দাবি করেছে, গণভোটে কারচুপি হয়েছে। তাই এ বিষয়ে তদন্তও দাবি করেছে দলটি। এনএসএফ বলছে, মুসলিম ব্রাদারহুড-সমর্থিত সংবিধানের বিরুদ্ধে লড়াই করবে তারা। বিশ্লেষকেরা বলছেন, লাখ লাখ মিসরীয় মনে করেছিলেন, এই গণভোটের পর দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। কিন্তু বিরোধী দল গণভোটের ফলাফল নিয়ে আপত্তি তোলায় মিসরের রাজনৈতিক সংকটের শিগগির সমাধান হচ্ছে না। এদিকে গণভোটের ফলাফলকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা মোকাবিলায় মিসরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক রাখা হয়েছে। তবে বেসরকারি ফল আসার পর এখন পর্যন্ত কোথাও কোনো গণবিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেনি।গণভোটের বেসরকারি ফলাফল সঠিক হলে, তা হবে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির জন্য এক বিরাট রাজনৈতিক জয়।গত ২২ নভেম্বর ডিক্রি জারির মাধ্যমে প্রেসিডেন্ট মুরসি তাঁর ক্ষমতা বৃদ্ধি করেন। পরে খসড়া সংবিধানের ওপর গণভোটের ডাক দেওয়াকে কেন্দ্র করে বেশ কয়েক সপ্তাহ ধরে মিসরে রাজনৈতিক অস্থিরতা চলছে। এ নিয়ে সৃষ্ট সহিংসতায় মিসরের রাজপথে হতাহতের ঘটনাও ঘটেছে। রাজনৈতিক অস্থিরতা মিসরের অর্থনীতিকেও দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে।এনএসএফের অভিযোগ, খসড়া সংবিধানে জনগণের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করা হয়নি। নারী ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা বলা হয়নি। মোবারকবিরোধী বিপ্লবকেও গুরুত্ব দেওয়া হয়নি। ইসলামি ভাবাদর্শের কাছাকাছি গিয়ে খসড়া সংবিধান তৈরি করা হয়েছে। এটি মিসরের জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করবে।