গোলটেবিল বৈঠকে তথ্যমন্ত্রী
গণমাধ্যম নিয়ে দু-একজন সাংসদের বক্তব্য ও সরকারের অবস্থান এক নয়
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, ১/১১-এর জরুরি অবস্থা থেকে আজকের গণতন্ত্রে উত্তরণে দেশের গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। গণমাধ্যমের বিরুদ্ধে সংসদে কোনো সাংসদের বক্তব্য সরকারের অবস্থান নয়। দু-একজন এমন কথা বললেও প্রধানমন্ত্রী এসব ব্যাপারে সচেতন। তথ্যমন্ত্রী আরও বলেন, কালো টাকা এখন সর্বত্র। গণমাধ্যমও এর বাইরে নয়। তবে আদর্শ ও নৈতিকতা মেনে সাংবাদিকতা করতে হবে। টাকার কাছে বিক্রি হলে চলবে না। আজ বৃহস্পতিবার ‘গণমাধ্যমের স্বাধীনতা ও দায়বদ্ধতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তথ্যমন্ত্রী এ কথা বলেন। প্রথম আলোর কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দৈনিকের সম্পাদক এবং বেতার-টেলিভিশনের বার্তা প্রধানেরা গণমাধ্যমের বিভিন্ন সমস্যার কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হয়েছে। দেশের কোথাও সাংবাদিক নির্যাতনের খবর পেলেই সরকার ব্যবস্থা নেয়। নিউজপ্রিন্টের শুল্ক প্রত্যাহার, সরকারি বিজ্ঞাপনের দাম বাড়ানোসহ অন্যান্য বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক এ বি এম মূসা, দ্য ইনডিপেনডেন্টের সম্পাদক মাহবুবুল আলম, সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, সাংবাদিক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ইকবাল সোবহান চৌধুরী, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান গীতি আরা নাসরীন, আমাদের সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, এবিসি রেডিওর বার্তা ও অনুষ্ঠান প্রধান সানাউল্লাহ লাভলু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা প্রধান শাহ আলমগীর, এটিএন বাংলার বার্তা প্রধান জ ই মামুন, এটিএন নিউজের বার্তা প্রধান মুন্নী সাহা এবং দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক।