আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম হত্যাকাণ্ড সম্পর্কে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হকের দেওয়া বক্তব্য নিয়ে প্রকাশিত খবরের প্রতিবাদ করেছে ডিএমপি। গতকাল ডিএমপির জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনারের কার্যালয় থেকে এ প্রতিবাদ জানানো হয়।এতে বলা হয়, ডিএমপি কমিশনারের বক্তব্যকে বিকৃত ও মনগড়াভাবে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করেছে। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনারের দেওয়া বক্তব্যের মূল বিষয় ও মর্মার্থ গণমাধ্যমে প্রতিফলিত হয়নি বলে প্রতিবাদে উল্লেখ করা হয়।এতে বলা হয়, ডিএমপির মাসিক অপরাধ সভা উপলক্ষে সংবাদ সম্মেলনে বিভিন্ন অপরাধ ও উদ্ধারের পরিসংখ্যান সাংবাদিকদের কাছে তুলে ধরেন কমিশনার। অথচ প্রশ্নোত্তর পর্বে উপস্থিত সাংবাদিকেরা অপরাধবিষয়ক প্রশ্ন না করে শুধু ইব্রাহিম হত্যা মামলায় কেন সাংসদ নুরুন্নবী চৌধুরীকে সম্পৃক্ত করা হচ্ছে না, কেন তাঁকে রক্ষার চেষ্টা করছে পুলিশ ইত্যাদি প্রশ্ন করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার ইব্রাহিম হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের জানান। কমিশনার সংবাদ সম্মেলনে বলেন, মামলাটি তদন্তে পুলিশ প্রথম থেকেই যথাযথ পদ্ধতি অনুসরণ করে গাড়ি ও অস্ত্র জব্দ, মৃতদেহের ময়নাতদন্ত, রক্ত ও অস্ত্রের রাসায়নিক পরীক্ষাসহ সব ব্যবস্থা নিয়েছে। প্রথমে থানায় প্রদত্ত অভিযোগের ভিত্তিতে অপমৃত্যু মামলা হলেও পরে ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হত্যা মামলা করা হয়। এই অপমৃত্যু মামলার সূত্র ধরে কমিশনার পূর্বে বক্তব্য রেখেছিলেন এবং মামলার তদন্ত নিরপেক্ষ ও সঠিকভাবে হবে বলে উল্লেখ করেছিলেন। মামলায় গ্রেপ্তার হওয়া আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তি এবং অন্যান্য সাক্ষ্যপ্রমাণে সাংসদ নুরন্নবীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ কারণে তাঁকে ওই মামলায় আসামি করা হয়নি বলে কমিশনার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন।প্রতিবাদে বলা হয়, ইব্রাহিম হত্যা মামলার তদন্ত অনেকের মনঃপূত না হওয়ায় তাঁরা নানা ধরনের অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য ও সংবাদপত্রে বিবৃতি দিচ্ছেন।প্রতিবাদপত্রে আরও বলা হয়, ডিএমপি কমিশনারের দেওয়া বক্তব্যকে বিকৃত করে উদ্দেশ্যমূলকভাবে ছেপেছে কয়েকটি পত্রিকা। কমিশনারকে উদ্ধৃত করে ‘আল্লাহকে হাজির নাজির করে বলছি শাওন নির্দোষ’, ‘তদন্ত চলাকালেই সাফাই’ ইত্যাদি শিরোনামে সংবাদ পরিবেশন করা হয়েছে। অথচ সাংসদ নুরুন্নবীকে ইব্রাহিম হত্যা মামলায় আড়াল করার চেষ্টা চলছে এ অভিযোগের জবাবে ডিএমপি কমিশনার বলেছিলেন, “আল্লাহকে হাজির নাজির করে বলছি এ ধরনের কোনো টেন্ডেন্সি পুলিশের মধ্যে নাই।” ডিএমপি কমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তদন্তের অগ্রগতি সম্পর্কে তাঁদের জানিয়েছেন মাত্র। এ ক্ষেত্রে কারও পক্ষে সাফাই গাওয়ার বিষয়টি অবান্তর। কারও পক্ষে সাফাই মানে সংশ্লিষ্ট ব্যক্তির স্তুতি করা বা তার গুণগান করা। এ ক্ষেত্রে কমিশনার মোটেই তা করেননি। সাফাই শব্দটি প্রতিবেদনে ব্যবহার করে কমিশনারকে জনসমক্ষে হেয় করার চেষ্টা করা হয়েছে।’প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত খবরে কোনো মনগড়া তথ্য পরিবেশিত হয়নি। পুলিশ কমিশনারকে হেয় করার কোনো উদ্দেশ্যে প্রতিবেদন লেখা হয়নি। পুলিশ কমিশনার তাঁর নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে যেসব কথা বলেছেন, তা-ই ছাপা হয়েছে। এসব বক্তব্যের রেকর্ড রয়েছে।