গণমাধ্যম ভাষা শিক্ষায় তরুণদের বিভ্রান্ত করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেছেন, ভাষা শিক্ষা ও ব্যবহারের ক্ষেত্রে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে গণমাধ্যম। কিছু এফএম রেডিও ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মিশ্র ও বিশৃঙ্খল বাংলা ভাষা ব্যবহার করছে। এতে তরুণ প্রজন্ম বিভ্রান্ত হচ্ছে।গতকাল বৃহস্পতিবার স্কাউট ভবনে ‘বাংলা ভাষা ও গণমাধ্যম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতিসংঘ সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান বলেন, গণমাধ্যমের ভাষা হবে সহজ-সরল কিন্তু নির্ভুল। সাংবাদিকদের ভাষার ব্যাপারে সচেতন থাকতে হবে।মূল প্রবন্ধে কবি ও সাংবাদিক সোহরাব হাসান বলেন, ‘কানু ছাড়া যেমন গীত হয় না, তেমনি ভাষা ছাড়া গণমাধ্যম হয় না। অনেকে মনে করেন, সাহিত্যের ভাষা ও গণমাধ্যমের ভাষা হবে আলাদা।’ তিনি বলেন, ‘সাহিত্যে ও গণমাধ্যমে আমরা যে বাংলা ভাষা ব্যবহার করছি, তা শিক্ষিত জনগোষ্ঠীর একাংশ এখনো সহজভাবে মেনে নিতে পারছে না। দেশভাগের মতো মাতৃভাষাকেও তাঁরা হিন্দু-মুসলমান দুই ভাগে ভাগ করতে তৎপর।’ তিনি শিক্ষাবিদ আনিসুজ্জামানের ১৯৮৯ সালে প্রকাশিত ‘সংবাদপত্রে বাংলা ভাষার ব্যবহার’ নিবন্ধটি সংবাদপত্রসেবী ও সাংবাদিকদের পড়তে অনুরোধ করেন।জাতিসংঘ সমিতির মহাসচিব সৈয়দ মো. শাহেদ বলেন, গণমাধ্যম নতুন শব্দের ব্যবহার করছে, তেমনি আবার শব্দকে বিকৃত করছে।জাতিসংঘ সমিতির সভপতি কাজী এবাদুল হক বলেন, কিছু গণমাধ্যম মৌখিক ও আঞ্চলিক ভাষা ও শব্দ ব্যবহার করছে। বিশেষ করে বেসরকারি চ্যালেনগুলোতে শব্দের ভুল প্রয়োগ, অপপ্রয়োগ বেশি হচ্ছে, যা সম্পাদনা করার প্রয়োজন মনে করছেন না সম্পাদকেরা। এক প্রশের উত্তরে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ভৌগোলিকভাবে ভাষা ভাগ করলে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রকে ভাগ করতে হবে।