গণমাধ্যমকর্মীদের টিপাইমুখ প্রকল্প এলাকা পরিদর্শন
বাংলাদেশের গণমাধ্যমের কর্মীরা আজ বুধবার টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুত্ প্রকল্প এলাকা হেলিকপ্টারে পরিদর্শন করেছেন। এ সময় সেখানে কোনো অবকাঠামো তৈরির কাজ শুরু হতে দেখা যায়নি। তবে প্রকল্পের কাছাকাছি এলাকায় লুংফুলিয়াম নামক এলাকায় আদিবাসী জনগোষ্ঠীর বসতি দেখা যায়।আজ স্থানীয় সময় বেলা একটা ৪০ মিনিটে গণমাধ্যমকর্মীরা শিলচর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে প্রকল্প এলাকায় যান। আবার দুইটা ৫০ মিনিটে দলটি ফিরে আসে।প্রকল্প এলাকায় ২০ মিনিট ধরে হেলিকপ্টার থেকে বরাক ও ফুইভাই নদীর সংযোগস্থলে প্রস্তাবিত প্রকল্পটি গণমাধ্যমকর্মীদের ঘুরিয়ে দেখানো হয়।রাশিয়ার নির্মিত হেলিকপ্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার এস তিওয়ারির নেতৃত্বে চার সদস্যের একটি দল ছিল। আরও ছিল টিপাইমুখ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এনএইচপিসির একটি উচ্চপর্যায়ের দল।এর আগে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের টিপাইমুখ প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শনের কর্মসূচি থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় ও হেলিপ্যাড ক্ষতিগ্রস্ত হওয়ায় তা বাতিল করা হয়।২০০৯ সালের জুলাইয়ে বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধিদল টিপাইমুখ প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওই সময়ও দুই দিন চেষ্টা করে প্রতিনিধিদলকে বহন করা হেলিকপ্টার টিপাইমুখে অবতরণ করতে পারেনি। তাদেরও প্রকল্প এলাকার ওপর দিয়ে ঘুরে পরিদর্শন কাজ শেষ করতে হয়। ভারতের পানিসম্পদসচিব ধ্রুব বিজয় সিং গত সোমবার বলেছেন, বাংলাদেশ রাজি না হলে ভারত টিপাইমুখ প্রকল্প বাস্তবায়ন করবে না।