গণমাধ্যমকে আরও গণমুখী করতে তথ্যমন্ত্রীকে রাষ্ট্রপতির নির্দেশ
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে আরও গণমুখী করতে পদক্ষেপ গ্রহণে তথ্য এবং সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।আজ রোববার তথ্যমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে এলে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন।রাষ্ট্রপতি বলেন, ‘প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া যাতে সাধারণ মানুষের কল্যাণে আরও অবদান রাখতে পারে, সে লক্ষ্যে একে আরও গণমুখী করতে হবে।’রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহযোগিতা প্রদানে তথ্যমন্ত্রীর বিরামহীন প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করেন।সাক্ষাত্কালে তথ্য এবং সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ ২৫ মে ত্রিশালে অনুষ্ঠেয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। আগামী জুনে রাজধানীতে আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠানের বিষয়টিও রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। তিনি জানান, প্রধানমন্ত্রী এ সম্মেলন উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতি ত্রিশালে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গেছে।এ সময় সংস্কৃতিবিষয়ক সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন। বাসস।