গণমাধ্যমে প্রচারিত গ্রামীণ ব্যাংক বিষয়ে সরকার কর্তৃক গঠিত রিভিউ কমিটির প্রতিবেদনের বিভিন্ন বিষয়ে গ্রামীণ ব্যাংকের মন্তব্য
২৫ এপ্রিল, ২০১১ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক মাননীয় অর্থমন্ত্রীর নিকট পেশকৃত রিভিউ কমিটির প্রতিবেদনে গ্রামীণ ব্যাংক, এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর মুহাম্মদ ইউনূস বা গ্রামীণ ব্যাংকে কর্মরত কারো বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম বা তহবিল তছরুপের কোন অভিযোগ নেই। তাছাড়া প্রফেসর মুহাম্মদ ইউনূস অথবা তাঁর পরিবারের কোন সদস্য অথবা অন্য কোন ব্যক্তি যাঁরা এ কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন তাঁরা ব্যক্তিগতভাবে- আর্থিক বা অন্য কোন উপায়ে লাভবান হয়েছেন মর্মে প্রতিবেদনে কোন অভিযোগ আনা হয়নি।নোরাড ফাণ্ড বিষয়ে কোন অনিয়ম হয়নি এটা প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে সরকার পরিচালিত ক্ষুদ্রঋণ সংস্থাগুলিসহ বাংলাদেশে ক্ষুদ্রঋণ প্রদানকারী সকল প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণ ব্যাংকের সুদের হার সর্বনিম্ন বলে স্বীকৃতি দেয়া হয়েছে।গ্রামীণ ব্যাংক ও তার সহযোগী প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ইতিবাচক অবদান রাখছে বলে রিভিউ কমিটি মূল্যায়ন করেছে।গ্রামীণ ব্যাংকের সার্বিক কর্মকাণ্ডে তথা ঋণ ব্যবস্থাপনা, সঞ্চয় ব্যবস্থাপনা, বীমা ব্যবস্থাপনা ও অন্যান্য ব্যবস্থাপনাসহ মাঠ পর্যায়ের মূল কর্মকাণ্ড সম্বন্ধে কোন অনিয়ম হওয়া বা অস্বচ্ছতা নিয়ে প্রতিবেদনে কোন দোষ-ত্রুটির উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, পল্লী অঞ্চলের ভূমিহীন জনগোষ্ঠিকে ঋণ বিতরণ পদ্ধতির আওতায় আনয়নের সম্ভাব্যতা পরীক্ষা করার উদ্দেশ্যে ১৯৭৬ সালে প্রফেসর মুহাম্মদ ইউনূস-এর তত্ত্বাবধানে একটি প্রকল্পের আওতায় গ্রামীণ ব্যাংকের কার্যক্রম পদ্ধতির ধারণার সূচনা হয় এবং এর ফলশ্রুতিতে গ্রামাঞ্চলের ভূমিহীন জনগোষ্ঠির বিশেষ করে নারীর ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি হয়েছে।রিভিউ কমিটির প্রতিবেদনে কমিটি তার রিভিউ কাজে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা সকল সহযোগিতা প্রদান করেছেন বলে উল্লেখ করে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে। তবে প্রতিবেদনে উপরোক্ত ইতিবাচক বিষয়াবলীর উল্লেখ থাকলেও কমিটির কাছে গ্রামীণ ব্যাংক সম্পর্কিত সকল তথ্য উপাত্ত যথাযথভাবে জানা না থাকায় এবং কতিপয় বিষয়ে অস্পষ্টতা থাকায় প্রতিবেদনে বেশ কয়েকটি বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। নিম্নে এরূপ কয়েকটি বিষয়ে গ্রামীণ ব্যাংকের মন্তব্য তুলে ধরা হলো ঃ১.০ গ্রামীণ ব্যাংক একটি সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ (Statutory Public Authority) এবং প্রফেসর ইউনূস ও তাঁর সহকর্মীবৃন্দ “পাবলিক সার্ভেন্ট”। গ্রামীণ ব্যাংকের মন্তব্য ঃগ্রামীণ ব্যাংক একটি সরকারি ব্যাংক নয়। এটি গ্রামীণ দরিদ্র মানুষকে সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি বিশেষায়িত ব্যাংক। এটি বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৮৩ সালে অধ্যাদেশ দ্বারা গঠিত যার বৃহত্তর অংশীদার গ্রামীণ ব্যাংকের দরিদ্র ঋণ গ্রহীতারা। এই কারণেই আইন দ্বারা সৃষ্ট হলেও গ্রামীণ ব্যাংক একটি বেসরকারি ব্যাংক। এই ক্ষেত্রে সরকার নয়, বরং গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদই সিদ্ধান্ত গ্রহণকারী যোগ্য কর্তৃপক্ষ। ১৩ জন পরিচালনা পর্ষদের সদস্যের মধ্যে ৯ জনই দরিদ্র ঋণ গ্রহীতাদের দ্বারা নির্বাচিত সদস্য। এ কারণেই ব্যাংকের কার্যক্রম পরিচালনায় রাষ্ট্রায়ত্ব ব্যাংক বা সরকারি মালিকানাধীন ব্যাংকের উপর প্রযোজ্য আইন-কানুন গ্রামীণ ব্যাংকের উপর প্রযোজ্য হবে না।অধিকন্তু গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ অনুসারে গ্রামীণ ব্যাংকের ২৫% শেয়ার মালিকানা সরকারের এবং বাকী ৭৫% মালিকানা গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা সদস্যদের। আজ পর্যন্ত সরকার প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মূলধন হিসেবে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ৮০ লক্ষ টাকা প্রদান করেছে। অন্যদিকে গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা সদস্যরা মূলধন হিসেবে ৫৩ কোটি টাকা প্রদান করেছে। বস্তুতঃপক্ষে সরকার গ্রামীণ ব্যাংকের ৩.৩ শতাংশের মালিক বাকী ৯৬.৭ শতাংশের মালিক ঋণ গ্রহীতা সদস্যরা। এমতাবস্থায় ৯৭ শতাংশের মালিকানার গরীবের গ্রামীণ ব্যাংককে সরকারী ব্যাংক বলার কোন সুযোগই থাকে না।আইনগত স্বত্ত্বা হিসেবে গ্রামীণ ব্যাংকের সংগে কাছাকাছি মিল পাওয়া যাবে চট্টগ্রামে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব ওমেন (AUW) এর সংগে। AUW একটি বিশেষ আইনে সৃষ্ট স্বাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশেষ আইনে সৃষ্ট হলেই সেটা সরকারি প্রতিষ্ঠান হয়ে যায় না।গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ আইন প্রদত্ত ক্ষমতা বলে স্বাধীন ভাবে তার কার্যক্রম পরিচালনা করে। এর সংখ্যাগরিষ্ঠ বোর্ড মেম্বার আসেন ঋণ গ্রহীতা মালিকদের পক্ষ থেকে। ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয় পরিচালনা পর্ষদ; যেখানে বেসরকারি সদস্যরা সংখ্যা গরিষ্ঠ। গ্রামীণ ব্যাংক যেমন সরকারি প্রতিষ্ঠান নয়, তেমনি এর ব্যবস্থাপনা পরিচালক এবং তাঁর সহকর্মীবৃন্দও “পাবলিক সার্ভেণ্ট” নন। ব্যবস্থাপনা পরিচালক একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাত্র। এশিয়ান মহিলা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবং শিক্ষকগণও একই কারণে “পাবলিক সার্ভেণ্ট” নন।যাঁরা সরকারি বাজেট থেকে বেতন নেন তাঁরাই হলেন “পাবলিক সার্ভেণ্ট”। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য কর্মকর্তারা কেউই সরকারি বাজেট থেকে বেতন নেন না।গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের এমন কোন ব্যাখ্যা দাঁড় করানোর কোন সুযোগ নাই যে, গ্রামীণ ব্যাংককে সরকারি ব্যাংক বলা যাবে এবং প্রফেসর ইউনূস ও তাঁর সহকর্মীদের “পাবলিক সার্ভেণ্ট” বলা যাবে। যদি কেউ এরকম দাবী করেন তবে বলতে হবে যে তিনি গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সম্বন্ধে খুব বেশি একটা পরিচিত নন। প্রতিবেদনের একাংশে উল্লেখ করা হয়েছে, “প্রণিধানযোগ্য যে, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে সরকার কর্তৃক মনোনীত সদস্যরা প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংকের প্রকৃতি সম্বন্ধে ভ্রান্ত ধারণা নিয়ে কাজ করেছেন। তাঁরা একটি Statutory Public Authority কে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে গণ্য করেছেন।” উল্লেখ করা প্রয়োজন যে, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রায়শই সরকারের সচিব পর্যায়ের কর্মকর্তাগণ চেয়ারম্যান ও সদস্য ছিলেন। তাঁরা গ্রামীণ ব্যাংকের আইনগত অবস্থান সঠিকভাবে বুঝেই কাজ করে গেছেন। বরং রিভিউ কমিটি বিষয়টি বুঝতে ভুল করেছেন।২.০ গ্রামীণ ব্যাংকের নিয়ম-নীতি বিধি না মানার প্রবণতা ।গ্রামীণ ব্যাংকের মন্তব্য ঃ এই মন্তব্য মোটেই তথ্যভিত্তিক নয়। গ্রামীণ ব্যাংক সম্বন্ধে ধারণা না থাকা এবং ভুল ধারণার বশবর্তী হয়ে এই ধরনের মন্তব্য করা হয়েছে। প্রথমতঃ রিভিউ কমিটি ধরে নিয়েছে গ্রামীণ ব্যাংক একটা সরকারি প্রতিষ্ঠান। যেখানেই সরকারি প্রতিষ্ঠানের কাজ কর্মের সঙ্গে এর গরমিল দেখেছে সেখানেই তাদের মনে হয়েছে গ্রামীণ ব্যাংক আইন ভঙ্গ করেছে। প্রকৃতপক্ষে গ্রামীণ ব্যাংক একটি বেসরকারি প্রতিষ্ঠান। এই আলোকে দেখলে কমিটি তখন বিষয়টি পরিস্কারভাবে দেখতে পারতো- তাদের চোখে নিয়মনীতি ভঙ্গের দৃষ্টান্ত ধরা পড়ত না। গ্রামীণ ব্যাংক একটি পৃথক অধ্যাদেশ (গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩) বলে প্রতিষ্ঠিত বিশেষায়িত প্রতিষ্ঠান। শুরু থেকেই গ্রামীণ ব্যাংক তার অধ্যাদেশে বর্ণিত বিধিবিধান ও কার্যাবলী যথাযথভাবে অনুসরণ করে কর্মসূচি পরিচালনা করে আসছে। গ্রামীণ ব্যাংক তার কর্মসূচি পরিচালনায় কখনোই অধ্যাদেশে বর্ণিত বিধি বিধান বা নিয়মনীতি লংঘন করেনি। গ্রামীণ ব্যাংক তার অধ্যাদেশ অনুসরণের পাশাপাশি উক্ত অধ্যাদেশের আলোকে প্রণীত ব্যাংকের নিজস্ব বিধি বিধান ও নীতিমালা যেমন ঃ গ্রামীণ ব্যাংক বিধিমালা, গ্রামীণ ব্যাংকের ঋণ নীতিমালা, বোর্ড সদস্য নির্বাচন প্রজ্ঞাপন, গ্রামীণ ব্যাংক চাকুরি বিধিমালা, আমানত সংক্রান্ত গাইড লাইন, ক্রয় মেন্যুয়াল, গ্রামীণ ব্যাংক হিসাব মেন্যুয়াল, ইত্যাদি মেনেই ব্যাংকের সকল কার্যক্রম যথাযথ ভাবে পরিচালনা করা হচ্ছে। বিধি বিধান বা নীতিমালা লংঘন করে কোন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকও ১৯৯৭ হিসাব বর্ষ থেকে বার্ষিক ভিত্তিতে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে বিশদ পরিদর্শন প্রতিবেদন পেশ করছে। পরিদর্শন প্রতিবেদনে পূর্ববর্তী বছরের কোন অনুচ্ছেদ/দফা অনিষ্পন্ন নেই মর্মে পরবর্তী বছরের প্রতিবেদনে উল্লেখ করা আছে।এমতাবস্থায় দৃঢ়তার সাথে বলা যায় যে, গ্রামীণ ব্যাংকের যাবতীয় লেনদেন (যথা-সদস্য, আমানতকারী, কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত সকল লেনদেন) দেশের প্রচলিত আইন কাঠামো, অধ্যাদেশ ও ব্যাংকের প্রণীত নীতিমালা অনুসারেই সম্পন্ন হয়েছে। ৩.০ শুরু থেকেই গ্রামীণ ব্যাংকের রেগুলেটর না থাকার অভিযোগ।গ্রামীণ ব্যাংকের মন্তব্য ঃ বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানেই গ্রামীণ ব্যাংক কাজকর্ম চালিয়ে এসেছে। গ্রামীণ ব্যাংকের শাখা খোলার জন্য বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স নিয়ে শাখার কার্যক্রম শুরু করা হয়। এ ছাড়া নিয়ন্ত্রক হিসেবে বাংলাদেশ ব্যাংক গ্রামীণ ব্যাংকের কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করার লক্ষ্যে নিয়মিত নির্ধারিত ছকে গ্রামীণ ব্যাংক থেকে বিভিন্ন প্রকার তথ্য নিয়ে থাকে। এ ছাড়াও বাংলাদেশ ব্যাংক গ্রামীণ ব্যাংকের কার্যক্রম নিয়মিত পরিদর্শন করে প্রযোজ্য ক্ষেত্রে ব্যাংক পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছে। ৪.০ সহযোগী প্রতিষ্ঠান গঠন অধ্যাদেশ বহির্ভূত।গ্রামীণ ব্যাংকের মন্তব্য ঃ গ্রামীণ ব্যাংক নিজে কোন প্রতিষ্ঠান সৃষ্টি করেনি। গ্রামীণ ব্যাংক কোন প্রতিষ্ঠানের মালিক নয়। কোন প্রতিষ্ঠানে তার কোন শেয়ার নাই, কোন প্রতিষ্ঠান সে নিয়ন্ত্রণ করে না। রিভিউ কমিটি একটা ভুল ধারণার বশবর্তী হয়ে কিছু ভুল সিদ্ধান্তে এসেছে এবং ভুল পরামর্শ দিয়েছে। কমিটির মধ্যে ধারণা ছিল যে, “গ্রামীণ” নামের যত প্রতিষ্ঠানের সংগে প্রফেসর ইউনূস জড়িত আছেন সবগুলি গ্রামীণ ব্যাংকের সংগে আইনগতভাবে যুক্ত প্রতিষ্ঠান। তাদের এ ধারণা সম্পূর্ণ ভুল। “গ্রামীণ” নামের উপর কারো কোন দখল নাই। “গ্রামীণ” নামকে ট্রেড নাম বা ট্রেড মার্ক হিসেবে নিবন্ধন করা যায় না- যেহেতু এটি একটি বিশেষণ। গ্রামীণ নাম থাকলেই সেটা গ্রামীণ ব্যাংকের সংগে আইনগতভাবে যুক্ত হতে হবে এরকম ধারণা করার কোন কারণ নাই। গ্রামীণ নামের প্রতিষ্ঠানসমূহের মধ্যে বাণিজ্যিক, আর্থিক সম্পর্ক থাকতে পারে। কিন্তু আইনগত প্রাতিষ্ঠানিক কোন সম্পর্ক নাই।যে সকল প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক গঠনই করেনি- সেগুলি গঠন করে অধ্যাদেশের বিধি লংঘন করার কোন প্রশ্নই উঠে না। বিধি বহির্ভূত হবে জেনেই গ্রামীণ ব্যাংক নিজে কোন প্রতিষ্ঠান গঠন করেনি। প্রতিবেদনে সরকারের প্রচলিত আইন অনুসারে প্রতিষ্ঠিত কয়েকটি স্বতন্ত্র প্রতিষ্ঠানকে গ্রামীণ ব্যাংকের মধ্যে নিয়ে আসার পরামর্শ দেয়া হয়েছে। এরকম পদক্ষেপ গ্রহণ করার কোন আইনগত ক্ষমতা গ্রামীণ ব্যাংকের নাই।৫.০ গ্রামীণ ব্যাংক কর্তৃক সহযোগী প্রতিষ্ঠানে তহবিল স্থানান্তর এখতিয়ার বহির্ভূত।গ্রামীণ ব্যাংকের মন্তব্য ঃ গ্রামীণ ব্যাংক এখতিয়ার বহির্ভূতভাবে কোন সহযোগী প্রতিষ্ঠানে তহবিল স্থানান্তর করেনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং দাতাদের মধ্যে সম্পাদিত মূল চুক্তির শর্ত মোতাবেক এ টাকা স্থানান্তর করা হয়েছে। একইভাবে দাতাদের দেয়া শর্তানুসারে গঠিত SAF তহবিল গ্রামীণ ব্যাংকের সদস্য ও কর্মীদের কল্যাণে বহুমুখী কর্মসূচি গ্রহণের লক্ষ্যে গ্রামীণ কল্যাণে স্থানান্তর করা হয়েছে। নতুন প্রযুক্তি উদ্ভাবন, প্রয়োগ, নতুন ব্যবসা ক্ষেত্র তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে গ্রামীণ ব্যাংক SIDE (Studies Innovation, Development and Experimentation) কর্মসূচির আওতায় বিভিন্ন প্রকল্পের কার্যক্রম শুরু করে। গবেষণা ও উদ্ভাবনী এ সকল প্রকল্প পরিচালনার জন্য দাতা সংস্থাসমূহ অনুদান ফাণ্ড সরবরাহ করে এবং এ অর্থ দ্বারা একটি পৃথক তহবিল গঠন করার জন্য মতামত দেয়। দাতা সংস্থার মতামতের প্রেক্ষিতে SIDE প্রকল্প পরিচালনার জন্য দাতাদের প্রদত্ত অর্থ দ্বারা SVCF (Social Venture Capital Fund) তহবিল গঠন করা হয়। পরীক্ষামূলক এই সকল প্রকল্পের কার্যক্রম ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বাণিজ্যিক ভাবে অনিশ্চিত SIDE (Studies Innovation, Development and Experimentation) প্রকল্পসমূহের পরিচালনার জন্য গ্রামীণ ব্যাংক যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য SVCF তহবিলকে একটি ভিন্ন সত্ত্বায় রূপান্তর করার জন্য দাতা সংস্থা বারবার তাগিদ দেয়। এ ব্যাপারে Annual Review Mission Final Report November, 1990-এ উল্লেখ আছে। ''The recommendation for a formal legal separation is still important, as it would reduce the risk to the bank. The principle of close-end funding would prevent any further funding from GB.'' এ ব্যাপারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও দাতাদের মধ্যে মূল চুক্তি সম্পাদিত হয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও গ্রামীণ ব্যাংকের মধ্যে একটি সাবসিডিয়ারি চুক্তি সম্পাদিত হয়।এ প্রেক্ষাপটে ১৭ই জানুয়ারি ১৯৯৪ সালে কোম্পানী আইন মোতাবেক “গ্রামীণ ফাণ্ড” নামে একটি নতুন কোম্পানী গঠিত হয়ে কার্যক্রম শুরু করে। গ্রামীণ ফাণ্ড একটি নট ফর প্রফিট কোম্পানী লিমিটেড বাই গ্যারান্টি হিসেবে নিবন্ধিত হয়।গ্রামীণ ফাণ্ড নিবন্ধন হওয়ার পর SIDE (Studies Innovation, Development and Experimentations) প্রকল্পসমূহ পরিচালনার জন্য দাতাদের প্রদত্ত ফাণ্ড দ্বারা গঠিত SVCF এর সমূদয় তহবিল গ্রামীণ ফাণ্ডকে ঋণ হিসেবে দেয়া হয়। সুতরাং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং দাতাদের SIDE প্রকল্পসমূহে অর্থায়নের জন্য দাতাদের দেয়া অর্থ দ্বারা SVCF নামে একটি পৃথক তহবিল গঠন করা হয় এবং আইনগত স্বত্ত্বা দিয়ে গ্রামীণ ফাণ্ড নামে একটি পৃথক কোম্পানী গঠন করে দাতাদের দেয়া SVCF এর সমূদয় তহবিল (SIDE প্রকল্পে বিনিয়োগসহ) গ্রামীণ ফাণ্ডে ঋণ হিসেবে দেয়া হয়েছে। গ্রামীণ ব্যাংক এখতিয়ার বহির্ভূত ভাবে সহযোগী প্রতিষ্ঠানে তহবিল স্থানান্তর করেনি। ৬.০ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য কর্মকর্তাগণের সহযোগী প্রতিষ্ঠানের চেয়ারম্যান/পরিচালক হিসেবে দায়িত্বপালন এখতিয়ার বহির্ভূত ।গ্রামীণ ব্যাংকের মন্তব্য ঃরিভিউ কমিটি ধরে নিয়েছে যে, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য কর্মকর্তাগণ “পাবলিক সার্ভেন্ট”। সে জন্যই এবিষয়টি তাদের কাছে আইন অমান্যের সামিল মনে হয়েছে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য কর্মকর্তাগণ পাবলিক সার্ভেন্ট নয় বিধায় তাঁদের বিভিন্ন প্রতিষ্ঠানে চেয়ারম্যান/পরিচালক হিসেবে দায়িত্বপালনে আইনগত কোন বাধা নেই। এ সকল প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকগণ সামাজিক দায়িত্ব হিসেবে এ দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব পালনের জন্য তাঁরা কোন পারিশ্রমিক বা সম্মানীও গ্রহণ করেন না। নাগরিক হিসেবে যেকোন ব্যক্তি সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানে অবৈতনিক বোর্ড মেম্বার বা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। ৭.০ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য কর্মকর্তাগণ কর্তৃক গ্যারান্টি প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠান গঠন এখতিয়ার বহির্ভূত ।গ্রামীণ ব্যাংকের মন্তব্য ঃকোম্পানী আইন মোতাবেক “লিমিটেড বাই গ্যারান্টি” জাতীয় কোম্পানী গঠন করার সময় উদ্যোক্তা বোর্ড মেম্বারদেরকে একটা নির্দিষ্ট অংকের টাকার গ্যারান্টি দিতে হয়। কোম্পানী দেওলিয়া হলে ঐ পরিমাণ অর্থের জন্য তারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। ১২টি “গ্রামীণ” নামের প্রতিষ্ঠান গ্যারান্টি প্রদানের মাধ্যমে এই আইনের অধীনে নিবন্ধিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ব্যবস্থাপনা পরিচালকসহ গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা এসব প্রতিষ্ঠান গঠনে গ্যারান্টি দিয়েছেন পরিচালনা পরিষদের অনুমতি ব্যতিত। নতুন প্রতিষ্ঠান গঠনে সংযুক্ত হওয়া ও গ্যারান্টি প্রদান করা তাদের এখতিয়ার বহির্ভূত। কি কারণে এবং কিভাবে এখতিয়ার বহির্ভূত তা উল্লেখ করা হয়নি। যেহেতু গ্রামীণ ব্যাংকের পক্ষে কোন গ্যারান্টি দেয়া হয়নি এবং এর জন্য গ্রামীণ ব্যাংকের উপর কোন দায় সৃষ্টি হয়নি সে কারণে ব্যক্তিগত এই গ্যারান্টি প্রদান এখতিয়ার বহির্ভূত হবার কোন কারণ নাই। এটা একজন নাগরিকের নিজস্ব সিদ্ধান্ত। এর সঙ্গে গ্রামীণ ব্যাংকের কোন সম্পর্ক নাই। ফলে এর এখতিয়ার বহির্ভূত হবারও কোন কারণ নাই। ৮.০ গ্রামীণ কৃষি ফাউন্ডেশন এর ৯.৩০ কোটি টাকা মওকুফ।গ্রামীণ ব্যাংকের মন্তব্য ঃগ্রামীণ ব্যাংক ১৯৮৭-৮৮ সালে কৃষি কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে রংপুর দিনাজপুর কৃষি প্রকল্প নামে একটি প্রকল্পের কার্যক্রম শুরু করে। এ প্রকল্পটি গ্রামীণ ব্যাংকের SIDE কার্যক্রমের আওতাভূক্ত ছিল। SIDE প্রকল্পসমূহকে অর্থায়নের জন্য দাতাদের মতামতের ভিত্তিতে দাতাদের দেয়া অর্থ দ্বারা SVCF তহবিল নামে একটি পৃথক তহবিল গঠন করা হয়। SVCF তহবিল থেকে অন্যান্য SIDE প্রকল্পের ন্যায় রংপুর দিনাজপুর কৃষি প্রকল্পকে ঋণ প্রদান করা হয়। পরবর্তীতে ১৯৯১ সালে রংপুর দিনাজপুর কৃষি প্রকল্প গ্রামীণ কৃষি ফাউণ্ডেশন নামে পৃথক আইনগত সত্ত্বা নিয়ে আত্মপ্রকাশ করে। গ্রামীণ কৃষি ফাউণ্ডেশন পৃথক একটি প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করায় SVCF তহবিল থেকে রংপুর দিনাজপুর কৃষি প্রকল্পকে দেয়া ঋণের দায় গ্রামীণ কৃষি ফাউণ্ডেশনকে হস্তান্তর করা হয়।SIDE প্রকল্পসমূহকে অর্থায়নের জন্য দাতাদের দেয়া অর্থ দ্বারা গঠিত SVCF তহবিলকে একটি ভিন্ন আইনগত সত্ত্বার অধীনে নিয়ে আসা এবং SIDE প্রকল্পকে উক্ত সত্ত্বার অধীনে ন্যস্ত করার জন্য দাতা সংস্থার সুপারিশ ও তাগিদ এর প্রেক্ষিতে ১৭ই জানুয়ারি ১৯৯৪ সালে গ্রামীণ ফাণ্ড নামে একটি পৃথক আইনগত স্বতন্ত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয় এবং SVCF এর সমূদয় তহবিল (SIDE প্রকল্পসমূহের নিকট পাওনাসহ) গ্রামীণ ফাণ্ডে ঋণ হিসেবে দেয়া হয়।গ্রামীণ কৃষি ফাউণ্ডেশন ১৯৯৬ সালে ১১.৮০ কোটি টাকা মওকুফ করে দেয়ার জন্য অনুরোধ জানিয়ে একটি প্রস্তাব প্রেরণ করে। প্রস্তাবে উল্লেখ করা হয় গ্রামীণ কৃষি ফাউণ্ডেশন পৃথক হওয়ার তারিখে রংপুর দিনাজপুর কৃষি প্রকল্পের যাবতীয় হিসাব স্বতন্ত্র নিরীক্ষক দ্বারা নিরীক্ষা করানো হয় এবং উক্ত তারিখ পর্যন্ত মোট লোকসান বাবদ ১১.৮০ কোটি টাকা নিরীক্ষকদের পরামর্শ মোতাবেক বিলম্বিত মুনাফা জাতীয় খরচ দেখিয়ে হিসাব চূড়ান্ত করা হয়। উক্ত টাকা ঋণের এক বিরাট বোঝা হয়ে দাঁড়ায়।গ্রামীণ কৃষি ফাউণ্ডেশন লোকসানগ্রস্ত হলেও এর ব্যাপক কর্মকাণ্ড জাতীয় অর্থনীতিতে বিরাট অবদান রেখেছে। এটি বিনিয়োগের একটি অবকাঠামো তৈরিতে ব্যাপক ভূমিকা রেখেছে। গ্রামীণ কৃষি ফাউণ্ডেশন এর আবেদন বিবেচনা করে গ্রামীণ ব্যাংকের পরিচালনামণ্ডলীর ৫২তম পর্ষদ সভায় গ্রামীণ কৃষি ফাউণ্ডেশন এর ঋণ বাবদ ৯.৩০ কোটি টাকা মওকুফ করা হয়।গ্রামীণ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গ্রামীণ কৃষি ফাউণ্ডেশনকে ঋণ প্রদান করা হয়নি। দাতাদের দেয়া অর্থ দ্বারা গঠিত SVCF তহবিল থেকে গ্রামীণ কৃষি ফাউণ্ডেশনকে ঋণ প্রদান করা হয়েছে। দাতারা এ সকল ঝুঁকিপূর্ণ প্রকল্পে অর্থায়নের জন্যই এ টাকা প্রদান করেছে এবং এ টাকা সে কাজেই ব্যবহার করা হয়েছে। SVCF গঠনের সময়েই ধরে নেয়া হয়েছিল যে যেহেতু এটা একটা ভেনচার ফাণ্ড, এটার সব প্রকল্প সফল না-ও হতে পারে। এ-ঝুঁকিতে এ-তহবিলকে নিতে হবে। গ্রামীণ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এ টাকা বিতরণ করা না হওয়ায় এ টাকা মওকুফ করার ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের স্বার্থ ক্ষুন্ন হয়নি।৯.০ নিয়ম ভংগ করে GRAMEEN BANK BORROWER`S INVESTMENT TRUST- কে ৭৯.১১ কোটি টাকা প্রদান ।গ্রামীণ ব্যাংকের মন্তব্য ঃগ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩ তে বর্ণিত বিধি বিধান মেনেই GRAMEEN BANK BORROWER`S INVESTMENT TRUST গঠন করেছে এবং পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী গ্রামীণ ব্যাংকের সদস্যদের কল্যাণে গ্রামীণ ফোনের শেয়ার ক্রয় করে লাভবান হওয়ার লক্ষ্যে Dividend Equalization Fund থেকে GRAMEEN BANK BORROWER`S INVESTMENT TRUST কে ৭৯.১১ কোটি টাকা প্রদান করা হয়েছে। অতএব এ তহবিলে বিনিয়োগ করাটা গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের সাথে সংগতিপূর্ণ নয় বলে প্রকাশিত মন্তব্যটি সঠিক নয়। আইনজ্ঞদের পরামর্শ নিয়েই GRAMEEN BANK BORROWER`S INVESTMENT TRUST গঠন করা হয়েছে। একই প্রক্রিয়ায় অর্থাৎ ট্রাস্ট আইনে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল হিসাব রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য সাধারণ ভবিষ্য তহবিলের ট্রাস্ট এবং পেনশন হিসাব সংরক্ষণের জন্য গ্রামীণ ব্যাংক সুপার এ্যানুয়েশন ট্রাস্ট গঠন করা হয়েছে।১০.০ বিধিবদ্ধ রিজার্ভ ফাণ্ড সৃষ্টি না করা ।গ্রামীণ ব্যাংকের মন্তব্য ঃরিভিউ কমিটির প্রতিবেদনে বিধিবদ্ধ রিজার্ভ ফাণ্ড সৃষ্টি করা হয়নি বলে যে মন্তব্য করা হয়েছে তা সঠিক নয়। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ এর ২৫ নং ধারা অনুযায়ী গ্রামীণ ব্যাংক পরিচালকমণ্ডলীর অনুমোদন মোতাবেক রিজার্ভ ফাণ্ড গঠন করা হয়েছে। যা জেনারেল রিজার্ভ নামে পরিচিত এবং গ্রামীণ ব্যাংকের ব্যালেন্স শীটে প্রদর্শিত। বর্তমানে পরিশোধিত মূলধনের চেয়ে বিধিবদ্ধ রিজার্ভ এর পরিমাণ বেশি। ২০১০ সালে পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৪ কোটি ৭৭ লক্ষ টাকা। একই সময়ে বিধিবদ্ধ রিজার্ভের পরিমাণ ১৩৯ কোটি ৪০ লক্ষ টাকা। ১১.০ বেশি সুদে আমানত সংগ্রহ করে কম সুদে বিনিয়োগের মাধ্যমে ব্যাংকের ক্ষতিসাধন।গ্রামীণ ব্যাংকের মন্তব্য ঃগ্রামীণ ব্যাংক যে বেশি সুদে আমানত গ্রহণ করে তার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। গ্রামীণ ব্যাংকে বেশি সুদে আমানতের হিসাব একমাত্র সদস্যরাই খুলতে পারে। গ্রামীণ ব্যাংকের এই নীতি গ্রামীণ ব্যাংকের মূল লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ গ্রামীণ ব্যাংক ভূমিহীন বিত্তহীনদের কল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি ব্যাংক। সদস্যদের নিকট থেকে বেশি সুদে আমানত গ্রহণ করে সদস্যদেরকে আর্থিকভাবে ক্ষমতায়ন করাই এর মূল উদ্দেশ্য। এছাড়া কম সুদে বিনিয়োগের যে আপত্তি তোলা হয়েছে তাও সঠিক নয়। কারণ গ্রামীণ ব্যাংক বরাবরই মুদ্রা বাজারে প্রচলিত সর্বোচ্চ সুদের হারে বিনিয়োগ করতে সচেষ্ট থাকে। উল্লেখ্য তারল্য না রেখে বা কম রেখে ব্যাংকের লোকসান কমানোর ব্যাপারে যে মন্তব্য করা হয়েছে তাও যথাযথ নয়। কারণ সঞ্চয়কারীর আস্থা অক্ষুন্ন রাখার জন্য ব্যাংককে সব সময়ই সঞ্চয়ের একটি অংশ তরল অবস্থায় রাখতে হয়, যাতে করে সঞ্চয়কারীর সঞ্চয়ের টাকা চাহিবামাত্র ফেরত দেয়া যায়। এ জন্য ব্যাংকসমূহ তাদের সঞ্চয়ের একটি নির্দিষ্ট অংশ সব সময়ই লিকুইড অবস্থায় রাখে। গ্রামীণ ব্যাংকের আমানতকারীগণ বাংলাদেশের বিস্তীর্ণ ও প্রত্যন্ত এলাকায় বসবাস করেন। বাংলাদেশ একটি দৈব দুর্যোগ প্রবণ এলাকায় অবস্থিত। প্রায়শঃই ঝড়, ঝঞ্জা, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদিতে আমাদের আমানতকারীগণ আক্রান্ত হয়ে থাকেন। এ সময় আমানতকারীদের সঞ্চয় উত্তোলনের তাৎক্ষণিক চাহিদা সৃষ্টি হয়। তাই আমানতকারীদের টাকা চাহিবা মাত্র পরিশোধের লক্ষ্যে ব্যাংকের তারল্য নিশ্চিত রাখার জন্য গ্রামীণ ব্যাংক অভ্যন্তরীণভাবে আমানতের একটা অংশ বাণিজ্যিক ব্যাংকসমূহে FDR এ বিনিয়োগের ব্যবস্থা রেখে আসছে।অধিকন্তু তারল্য সংকটের জন্য ঋণ বিতরণ, দুর্যোগ মোকাবেলা দেশীয় এবং বৈদেশিক ঋণ পরিশোধে যাতে গ্রামীণ ব্যাংক এক দিনের জন্য খেলাপি না হয় সে জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থানের ব্যবস্থা রাখতে হয়। তাই গ্রামীণ ব্যাংক এক দিনের জন্য দেশীয় ও বৈদেশিক ঋণ পরিশোধে খেলাপী হয়নি। অর্থ মন্ত্রণালয়ের DSL শাখা কর্তৃক গ্রামীণ ব্যাংকের যথা সময়ে ঋণ পরিশোধের বিষয়টি প্রসংশিত হয়েছে।বেশি সুদে আমানত সংগ্রহ করে কম সুদে বিনিয়োগের মাধ্যমে ব্যাংকের ক্ষতিসাধন হয়নি। ব্যাংক তারল্য নিশ্চিত রাখার জন্য সঞ্চয়ের একটি নির্দিষ্ট অংশ সব সময় লিকুইড অবস্থায় রাখতে হয়। নগদ তহবিল অলসভাবে না রেখে বাণিজ্যিক ব্যাংকসমূহে প্রচলিত সুদের হারে বিনিয়োগ করায় ব্যাংকের আর্থিক ক্ষতিসাধন না হয়ে ব্যাংক আর্থিক ভাবে লাভবান হয়েছে, যেহেতু টাকাটা অলসভাবে রেখে দেয়া হয়নি।১২.০ পুনর্বাসন তহবিল যথাযথভাবে ব্যবহার না করা ।গ্রামীণ ব্যাংকের মন্তব্য ঃপ্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংক সদস্যদের পুনর্বাসন কাজে ব্যবহারের লক্ষ্যে সরকারের পরামর্শে পুনর্বাসন তহবিল গঠিত হয়েছিল। ১৯৯৯ সালে এই তহবিল গঠিত হওয়ায় ১৯৯৮ সালের প্রলয়ংকরী বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে এ তহবিল ব্যবহারের সুযোগ ছিল না। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদির দেশ। যে কোন সময় বড় রকমের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে সে বিবেচনায় পুনর্বাসন তহবিলকে টেকসই তহবিল হিসেবে এর দীর্ঘমেয়াদী ব্যবহারের লক্ষ্য নিয়ে কেবলমাত্র প্রয়োজনের সময় এই তহবিলের ব্যবহার করা হয়েছে। প্রয়োজনের নিরীখ বিবেচনা না করে দান/অনুদানের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ তহবিল ব্যবহার করে এ তহবিল নিঃশেষ করে ফেলা হলে ভবিষ্যৎ দুর্যোগ মোকাবেলার আর কোন সুযোগ থাকবে না। প্রসংগত উল্লেখ্য যে, ২০০৫ সাল থেকে এই তহবিলে নতুন করে আর কোন অর্থ জমা হওয়ার সুযোগ নেই বলে পুনর্বাসন তহবিলের পরিমাণ বৃদ্ধি পেয়ে স্ফিত হওয়ারও কোন সুযোগ নেই। তাই সামগ্রিক বিবেচনায় কেবলমাত্র প্রয়োজনের নিরীখে প্রাকৃতিক দুর্যোগে প্রকৃত ক্ষতিগ্রস্ত সদস্যদের পুনর্বাসন কাজে এ তহবিলের ব্যবহার করা হয়েছে। ১৩.০ প্যাকেজেস করপোরেশনের বিষয়ে রিভিউ কমিটির মন্তব্য।গ্রামীণ ব্যাংকের মন্তব্য ঃগ্রামীণ ব্যাংকের ঋণ ও সঞ্চয় কর্মসূচি সাপ্তাহিক ভিত্তিক হওয়ায় দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের জন্য গ্রামীণ ব্যাংকে প্রচুর প্রিন্টিং সামগ্রী (লেজার, রেজিস্টার, বিভিন্ন প্রকার পাশ বই, ফরম, এ্যাডভাইস, উইথড্রয়াল ফরম, স্বাক্ষর কার্ড ইত্যাদি) প্রয়োজন হতো। ১৯৮৮ সালে গ্রামীণ ব্যাংক ব্যাপক সম্প্রসারণ কর্মসূচি গ্রহণ করায় প্রিন্টিং সামগ্রীর চাহিদা আরো বিপুলভাবে বেড়ে যায়। সরবরাহকারীরা যথাসময়ে প্রিন্টিং সামগ্রীর সরবরাহ নিশ্চিত করতে না পারায় মাঝে মাঝে ব্যাংকের দৈনন্দিন কাজ ব্যহত হতে থাকে। এমতক্ষেত্রে যথাসময়ে প্রিন্টিং সামগ্রী সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে একটা নিজস্ব প্রিন্টিং প্রতিষ্ঠান স্থাপনের চিন্তা করা হচ্ছিল। এতে বড় অংকের বিনিয়োগের প্রয়োজন (জায়গা, মেশিনারীজ, ইমারত ইত্যাদি) দেখা দেয়। এই প্রেক্ষাপটে প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁদের পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস করপোরেশন লিঃ গ্রামীণ ব্যাংককে তাদের ব্যবহারের জন্য এর ব্যবস্থাপনার দায়িত্ব একটি চুক্তির মাধ্যমে গ্রামীণ ব্যাংকের উপর ন্যস্ত করেন। এতে যথা সময়ে প্রিন্টিং সামগ্রী সরবরাহ পাওয়ার সুযোগ সৃষ্টি হয়। গ্রামীণ ব্যাংকের নিজস্ব ব্যবহারের জন্য প্রিণ্টিং সামগ্রী উৎপাদনের এই আয়োজন গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ১৯(e) এবং ১৯(u) ধারা মতে আইনানুগ।চুক্তির শর্ত অনুসারে মালিকপক্ষ প্যাকেজেস করপোরেশনের সমস্ত সুযোগ সুবিধা ব্যবহারের জন্য গ্রামীণ ব্যাংকের পরিচালনাধীন প্যাকেজেস করপোরেশন থেকে কোন দিন কোন লাভ, ভাড়া, ফি কিংবা অন্য কোন আর্থিক সুবিধা গ্রহণ করেনি। নতুন প্রযুক্তি উদ্ভাবন ও ক্রয় এবং নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে দাতাদের নিকট থেকে প্রাপ্ত অনুদানের অর্থ থেকে প্যাকেজেস করপোরেশনের কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঋণ দেয়া হয়। এ ব্যাপারে দাতাদেরও সম্মতি ছিল। গ্রামীণ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে প্যাকেজেস করপোরেশনকে কখনো ঋণ প্রদান করা হয়নি। অনুদানের অর্থ থেকে গৃহীত সমুদয় ঋণ পরিচালনা পর্ষদ কর্তৃক নির্ধারিত সুদসহ প্যাকেজেস করপোরেশন পরিশোধ করে দিয়েছে। প্যাকেজেস করপোরেশন শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের কাজ করা ছাড়া অন্য কারো কোন কাজ করেনি।১৪.০ ৬০ বছর পূর্তিতে ব্যবস্থাপনা পরিচালকের পুনঃনিয়োগ না নেয়া এবং অবসর প্রদানে অসংগতি।গ্রামীণ ব্যাংকের মন্তব্য ঃগ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী ৬০% সরকারের এবং ৪০% ভূমিহীন সদস্যদের মালিকানা নিয়ে ব্যাংক প্রতিষ্ঠা লাভের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ১৩-০৯-১৯৮৩ তারিখে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়। এক্ষেত্রে তাঁর নিয়োগ পত্রে ব্যবস্থাপনা পরিচালক পদে কোন বয়স- সীমা উল্লেখ ছিল না। ১৯৯০ সালে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে ব্যাংকের মালিকানা বিন্যাশ পরিবর্তন হয়ে সরকারের মালিকানা ৬০% থেকে কমে ২৫% এবং ব্যাংকের ভূমিহীন সদস্যদের মালিকানা ৪০% থেকে বৃদ্ধি পেয়ে ৭৫% এ উন্নীত হয় এবং মালিকানা বিন্যাস পরিবর্তন হয়ে সরকারের মালিকানা হ্রাস পাওয়ায় অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন সাপেক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদের উপর ন্যস্ত করা হয়। সংশোধিত অধ্যাদেশে বর্ণিত বিধান অনুযায়ী গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়ার পূর্বানুমতি দানের অনুরোধ জানিয়ে ১৪-০৮-১৯৯০ তারিখে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর মহোদয়কে পত্র দেন। বাংলাদেশ ব্যাংকের পত্র সূত্র নং-বিসিডি(পি)৭৪৪(৩৭)-১২৩৮, তারিখ ঃ ২৫-০৮-১৯৯০ মোতাবেক প্রফেসর মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের বিষয়ে পূর্বানুমোদন দেয়া হয়। এক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংক তার অনুমোদন পত্রে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের বেলায় কোন বয়সসীমা উল্লেখ করেনি। বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন পত্রের ধারাবাহিকতায় কোন বয়সসীমা উল্লেখ না করে তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়। ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত অবস্থায় জুলাই ২০, ১৯৯৯ তারিখে অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংক পরিচালকমণ্ডলীর ৫২তম সভায় স্বেচ্ছা প্রণোদিত হয়ে প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর অবসর গ্রহণের তারিখ পূর্তি সম্পর্কে বোর্ডকে অবহিত করেন। বোর্ড সভায় আলোচনার এক পর্যায়ে চেয়ারম্যান মহোদয় জানতে চান যে, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ এবং ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের কি টার্মস এবং কণ্ডিশন ছিল। এর প্রেক্ষিতে চেয়ারম্যান মহোদয়কে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের টার্মস এবং কণ্ডিশন জানানো হয়। এছাড়া ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ খালেদ শামস্ গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ১৪ নং ধারাটি পড়ে শুনান, ''There shall be a Managing Director of the Bank who shall be appointed by the Board with the prior approval of the Bangladesh Bank'' অতঃপর পরিচালনা পর্ষদে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষেত্রে পরিচালকমণ্ডলী প্রফেসর মুহাম্মদ ইউনূসের নিয়োগ পত্রে কোন সময় সীমা নির্ধারণ করে দেয়নি। সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে- যতদিন পর্যন্ত পরিচালকমণ্ডলী অন্য কোন সিদ্ধান্ত না নিবে ততদিন পর্যন্ত প্রফেসর মুহাম্মদ ইউনূস ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল থাকবেন।উল্লিখিত পর্ষদ সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ব্যাপারে একটি রেগুলেশন তৈরির সিদ্ধান্তও গৃহীত হয়। উক্ত রেগুলেশনেও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদের জন্য কোন বয়স সীমা আরোপ করা হয়নি। বাংলাদেশ ব্যাংক কর্তৃক গ্রামীণ ব্যাংকের উপর ৩১-১২-৯৯ তারিখের স্থিতি ভিত্তিক পরিদর্শন প্রতিবেদনে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে প্রফেসর মুহাম্মদ ইউনূসের নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ করা হয়নি মর্মে আপত্তি উত্থাপন করা হলে আমরা এই মর্মে পরিপালন প্রতিবেদন দেই যে, বাংলাদেশ ব্যাংকের পত্র সূত্র নং-বিসিডি(পি)৭৪৪(৩৭)-১২৩৮ তারিখ ঃ ২৫-০৮-১৯৯০ মোতাবেক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়েই ১৯৯০ সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের উপর ব্যাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত ১৯৯৯ সালের স্থিতি ভিত্তিক বিষদ পরিদর্শন প্রতিবেদনের অনিস্পত্তিকৃত কিছু বিষয়ের উপর বাংলাদেশ ব্যাংকের ৩ জন এবং গ্রামীণ ব্যাংকের ৩ জন কর্মকর্তার উপস্থিতিতে ১৫-০১-২০০১ তারিখে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। যৌথ সভায় আলোচনার প্রেক্ষিতে প্রতিবেদনের কতিপয় অনুচ্ছেদ নিস্পত্তি হয়েছে বলে সিদ্ধান্ত গৃহীত হয় এবং কতিপয় অনুচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় যে, গ্রামীণ ব্যাংক যাচিত ডকুমেন্টসসমূহের কপি সরবরাহ করলে আপত্তিসমূহ নিস্পত্তি হয়েছে বলে ধরে নেয়া হবে। সে প্রেক্ষিতে গ্রামীণ ব্যাংক ১৬-০১-২০০২ তারিখে যাচিত ডকুমেন্টসহ পুনঃপরিপালন প্রতিবেদন প্রেরণ করে। পুনঃপরিপালন প্রতিবেদন পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ব্যাপারে আপত্তির বিষয়টি নিস্পত্তি হিসেবে বিবেচনা করে। এ সময় প্রফেসর মুহাম্মদ ইউনূস এর বয়স ছিল ৬১ বছর ৬ মাস। অর্থাৎ তাঁর বয়স এ সময় ৬০ বছর অতিক্রান্ত হলেও এ বিষয়ে ঘটনাত্তোর অনুমোদন নেয়ার প্রয়োজন রয়েছে বলে তারা বলেননি। এর ফলশ্রুতিতে নিস্পত্তি হয়ে যাওয়া এ বিষয়ে পরবর্তী কোন বিষদ পরিদর্শন প্রতিবেদনেই এ প্রসংগটি আর কখনোই আসেনি।১৫.০ গ্রামীণ ব্যাংক কর্তৃক গ্রামীণ আইটি পার্ককে ঋণ প্রদান গ্রামীণ ব্যাংকের এখতিয়ার বহির্ভূত।গ্রামীণ ব্যাংকের মন্তব্য ঃগ্রামীণ ব্যাংক গ্রামীণ আইটি পার্ককে কোন ঋণ প্রদান করেনি। গ্রামীণ ব্যাংক গ্রামীণ আইটি পার্ককে ভাড়ায় ফ্লোর বরাদ্দ দিয়েছিল। প্রতিষ্ঠানটি যথাযথভাবে তার কার্যক্রম পরিচালনা করতে না পারায় অর্থাৎ লোকসানী প্রতিষ্ঠানের পরিণত হওয়ায় এবং ফ্লোর ভাড়া যথাসময়ে পরিশোধ করতে না পারায় ভাড়ার টাকা বকেয়া পড়ে যায়। গ্রামীণ ব্যাংক গ্রামীণ আইটি পার্কের নিকট প্রাপ্য বকেয়া ভাড়ার টাকা আদায় করতে না পারায় প্রচলিত হিসাব নীতি অনুযায়ী তা অবলোপন করেছে মাত্র। অর্থাৎ গ্রামীণ ব্যাংক গ্রামীণ আইটি পার্ককে কোন প্রকার ঋণ প্রদানও করিনি এবং ঋণ মওকুফও করেনি। প্রশংগত উল্লেখ্য যে, ২০০৪ সাল থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম স্থগিত হয়ে গেছে। যে কোন প্রতিষ্ঠান দেনা পরিশোধে অসমর্থ হয়ে গেলে তার নিকট পাওনা মওকুফ করে দেয়ার রেওয়াজ হিসাব পদ্ধতিতে রয়েছে। সে অনুসারেই গ্রামীণ ব্যাংক গ্রামীণ আইটি পার্কের নিকট পাওনা বকেয়া ভাড়ার টাকা মওকুফ করে দিয়েছে।১৬.০ ইউনূস সেন্টারকে নাম মাত্র ভাড়ায় ফ্লোর বরাদ্ধ দেয়া ।গ্রামীণ ব্যাংকের মন্তব্য ঃ সরকার যে রকম বিশেষ ব্যক্তিকে দেশের জন্য সম্মান বয়ে আনার জন্য বা বিজয়ী খেলোয়ার দলকে দেশের সম্মান বৃদ্ধির জন্য বিশেষভাবে পুরস্কৃত করে তেমনি গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ দেশের জন্য সম্মান বয়ে আনার জন্য এবং গ্রামীণ ব্যাংককে একটা জাতীয় গৌরবের প্রতিষ্ঠানে পরিণত করার জন্য প্রফেসর ইউনূসের জন্য গ্রামীণ ব্যাংক ভবনের একটি ফ্লোর ইজারা দেয়। নোবেল পুরস্কার পাওয়ার পর গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮৪তম সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় ভবনের ১৬তম তলাটি ইউনূস সেন্টারকে ব্যবহারের জন্য ২৪ বছরের জন্য ইজারা দেয়া হয়। ইউনূস সেন্টারের মূল লক্ষ্য হলো নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের দর্শন ও কার্যাবলী দেশে ও বিদেশে বিস্তৃত করা, মানব কল্যাণে তাঁর সৃজনশীল ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে সহায়তা করার লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ এই ফ্লোর বরাদ্ধ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। ১৭.০ পরিচালনা পর্ষদের সদস্য পরিচালক ও সরকার মনোনীত পরিচালকদের কোন ভূমিকা না থাকা ।গ্রামীণ ব্যাংকের মন্তব্য ঃ মোট ১৩ জন সদস্যের মধ্যে চেয়ারম্যান ও দু‘জন সচিব পর্যায়ের লোক গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ পর্যন্ত কোনদিন ভোটাভুটি করে সিদ্ধান্ত নেয়া হয়নি। একজন সদস্য আপত্তি করলেও সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টি পরবর্তী মিটিং-এ উপস্থাপনের জন্য প্রত্যাহার করে নেয়া হয়। অর্থাৎ যতক্ষণ বিষয়টি নিষ্পত্তি না হয় ততক্ষণ আলোচনা চলতে থাকে। অতঃপর আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শুরু থেকে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দেশের বিজ্ঞ ও খ্যাতিমান ব্যক্তিগণ দায়িত্ব পালন করে আসছেন। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ অনুযায়ী প্রণীত বিধান অর্থাৎ গ্রামীণ ব্যাংক পরিচালনা বোর্ড প্রজ্ঞাপণ অনুযায়ী গ্রামীণ ব্যাংকের শেয়ারহোল্ডার সদস্যগণের মধ্য থেকে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিনিধিগণ ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করে আসছেন। গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা শেয়ারহোল্ডার ৯ জন পরিচালকের উপস্থিতিটাই ব্যাংক পরিচালনায় আলোচনার পরিবেশ সৃষ্টি করে। তাঁদের সংগে ব্যাংকের বিভিন্ন বিষয়ে মত বিনিময় ও যাচাই করা যায়। এই জ্ঞান আর কারো কাছে নেই। গ্রামীণ ব্যাংকের তাঁরা সরাসরি মালিক। গ্রামীণ ব্যাংকের সকল সিদ্ধান্তের ফল তাঁদের উপর বর্তায়। গ্রামীণ ব্যাংকের সঙ্গে তাঁদের জীবন সরাসরি জড়িত। তাঁঁরা উপস্থিত থাকেন বলে আলোচনা জীবন-ভিত্তিক হতে বাধ্য হয়।শুরু থেকেই চেয়ারম্যানসহ সরকার মনোনীত পরিচালকগণ এবং গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা শেয়ারহোল্ডার সদস্যগণের মধ্য থেকে নির্বাচিত পরিচালকগণ গ্রামীণ ব্যাংক পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাই পরিচালকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ অযৌক্তিক।উপসংহারগ্রামীণ ব্যাংক বরাবর স্বচ্ছতা এবং আইননিষ্ঠতার সঙ্গে কাজ করে এসেছে। তার উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের মধ্যে ভুলক্রটি থাকতে পারে, কিন্তু আইনের বরখেলাপ করে কাজ করার কোন ইচ্ছা বা প্রবণতা গ্রামীণ ব্যাংকে কখনো কোন স্থান পায়নি। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের বিজ্ঞ সদস্যগণ অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করেছেন।রিভিউ কমিটি যেসমস্ত বিষয় তুলে ধরেছেন সেগুলির পূর্ণাঙ্গ তথ্য উপাত্ত তাদের হাতে থাকলে তারা এই সকল মন্তব্য করতেন না।