গণমাধ্যমে যোগ্যতা ও দক্ষতা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ৬ মার্চ এসেছিলেন বৈশাখী মিডিয়া লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্সের ইনচার্জ ও জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ফারহানা নিশো। কথা বলেছেন কথাবন্ধু ব্রতীর সঙ্গে। সাংবাদিকতা এবং মিডিয়াব্যক্তিত্ব হিসেবে কর্মজীবন ও পেশাগত দক্ষতা অর্জনের নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি।কথাবন্ধু: বাংলাদেশে ইলেকট্রনিক মিডিয়া বা গণমাধ্যমের বর্তমান অবস্থা কী এবং এটিকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ কতখানি?ফারহানা নিশো: খুব সহজেই মানুষ মিডিয়ার প্রতি আকৃষ্ট হয়। কারণ, মিডিয়া মানুষের কথা বলে। বর্তমানে গণমাধ্যম বা মিডিয়ায় কাজের অনেক সুযোগ রয়েছে। যদি কেউ গণমাধ্যমে কাজ করতে চান, তাহলে তাঁকে অনেক কিছু চিন্তা করে তবেই আসতে হবে। কারণ, যোগ্যতা ও দক্ষতা দেখিয়েই এ পেশায় এগিয়ে যেতে হয়।কথাবন্ধু: গণমাধ্যমে যেহেতু শিফটিং ডিউটি হয়, সেহেতু শিক্ষার্থীরা কি পড়াশোনার পাশাপাশি এক্ষেত্রে খণ্ডকালীন কাজ করতে পারে?ফারহানা নিশো: গণমাধ্যমে যাঁরা ডেস্কে বা অফিসে কাজ করছেন তাঁদের শিফটিং ডিউটি করতে হয়। অনেক প্রতিষ্ঠানে আবার খণ্ডকালীন চাকরির সুযোগ রয়েছে। তবে যাঁরা সংবাদ উপস্থাপন করছেন, তাঁরা একেক দিন একেক সময়ে সংবাদ পড়ছেন। আগে সংবাদ উপস্থাপকেরা সংবাদপাঠ শেষ হলেই চলে যেতেন। এখন বেশির ভাগ প্রতিষ্ঠানেই অনেকে ডেস্কে কাজ করছেন এবং এর মাঝখানে সংবাদ পড়ছেন। শিফটিং ডিউটি থাকার ফলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সংবাদপত্র বা টেলিভিশনে ছুটির দিনগুলোয় ও ক্লাসের ফাঁকে ফাঁকে কাজ করতে পারেন। এতে নিজেকে দক্ষ করে তোলা যায়।কথাবন্ধু: বাংলাদেশে গণমাধ্যমকে পেশা হিসেবে নেওয়ার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণের সুযোগ আছে কি না?ফারহানা নিশো: বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান এ বিষয়ে প্রশিক্ষণ বা কোর্স করাচ্ছে। তবে নিজেকে দক্ষ করে তুলতে হলে উচ্চারণ ও নিয়মিত সংবাদপত্র পড়ায় জোর দিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত মাঠপর্যায়ে কাজ করতে না পারছেন, ততক্ষণ কিছুই সম্ভব নয়। এ পেশায় যাঁদের প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকবে, তাঁরা অন্যদের চেয়ে এগিয়ে যাবেন।কথাবন্ধু: এই খাতে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার জন্য একজন শিক্ষার্থীর মধ্যে কী ধরনের গুণাবলি থাকা প্রয়োজন?ফারহানা নিশো: শিক্ষাগত যোগ্যতা অবশ্যই বাধ্যতামূলক। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন খবর রাখতে হবে। আর যদি আপনি সংবাদ উপস্থাপন করতে চান, সে ক্ষেত্রে অবশ্যই স্মার্ট হতে হবে। এ জন্য কথা বলা, বাচনভঙ্গি ও উপস্থাপনা—সবকিছু সম্পর্কে যথেষ্ট জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। এ জন্য আপনাকে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে। আপনাকে অবশ্যই পরিস্থিতি সামলানোর দক্ষতাও রাখতে হবে।কথাবন্ধু: সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে একজন পেশাদারকে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বলে আপনি মনে করেন?ফারহানা নিশো: সব ক্ষেত্রেই চ্যালেঞ্জ থাকে। তবে টেলিভিশন বা রেডিওতে যেহেতু সরাসরি সংবাদ প্রচার হচ্ছে, সেহেতু অনেক বেশি সতর্ক থাকতে হয়। এখানে বিভিন্ন ধরনের টেকনিক্যাল সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে নিজের দক্ষতা ও উপস্থিত বুদ্ধি দিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।শ্রোতাবন্ধু নাঈরা ও ফরিদ (খুদেবার্তা থেকে): সংবাদ উপস্থাপক হতে চাইলে এ জন্য কী করতে হবে?ফারহানা নিশো: আপনি সংবাদ উপস্থাপনা বিষয়ে কোর্স করতে পারেন। নিজে নিজে অনুশীলন করতে পারেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিয়মিত সংবাদপত্র পড়তে পারেন। উচ্চারণ নিয়ে অনুশীলন করতে হবে। এরপর আপনি আপনার আবেদনপত্রটি যেকোনো টেলিভিশন বা রেডিওতে পাঠিয়ে দিন।কথাবন্ধু: জরুরি অবস্থায় একজন মিডিয়াকর্মীর কাজের দিকগুলো কেমন? সে ক্ষেত্রে সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা কতটুকু?ফারহানা নিশো: জরুরি অবস্থা কখনোই বলে কয়ে আসে না। গণমাধ্যম মানেই জরুরি অবস্থা। তখন ধৈর্য ধরে, মাথা ঠান্ডা রেখে সবার সঙ্গে মিলে কাজগুলো গুছিয়ে নিতে হবে। নির্ধারিত ওই কাজ নিয়ে সবার সঙ্গে শেয়ার করতে হবে। সাংবাদিক বা মিডিয়াকর্মীদের সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা অনেক বেশি। তাঁরা দেশ-বিদেশের খবরগুলো তুলে ধরছেন—এটি দেশের জন্য একটি গুরুদায়িত্ব।শ্রোতাবন্ধু রেহনুমা (খুদেবার্তা থেকে): গণমাধ্যমে কাজ করতে হলে কোথায় যোগাযোগ করতে হবে?ফারহানা নিশো: আপনি যে মাধ্যমে কাজ করতে চান, সেখানে আবেদন করতে পারেন। পরবর্তী সময়ে অফিস আপনার সঙ্গে যোগাযোগ করবে। আপনার কোথায় আগ্রহ আছে, তা জীবনবৃত্তান্তে উল্লেখ করতে হবে। সাবিহা (খুদেবার্তা থেকে): পড়াশোনার কোন পর্যায়ে এসে গণমাধ্যমে কাজ করা যায়?ফারহানা নিশো: এ জন্য আসলে স্নাতক শেষ করে এলে ভালো হয়। এ সময় নিজের মধ্যে দায়িত্ববোধ চলে আসে। জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে সহজ হয়।কথাবন্ধু: বাংলাদেশে মেয়েদের জন্য এই পেশা কতটুকু উপযোগী?ফারহানা নিশো: গণমাধ্যমে কাজ করতে হলে আপনাকে সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। আপনি মেয়ে—এটি চিন্তা করে কাজ করা কঠিন। চিন্তা করতে হবে, আরেকজন যদি সব কাজ করতে পারে, আপনি কেন পারবেন না! মেয়েদের এ বিভাগে কাজ করার অনেক সুযোগ রয়েছে। তবে এ জন্য যোগ্যতা ও দক্ষতা দুটোই থাকতে হবে।গ্রন্থনা: সুদীপ দে