গ্রুপ-২০০৯ বা জি-৯ প্রকাশিত সাতটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আজ শনিবার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত জি-৯ নামের সংগঠনটি।সাতটি বইয়ের লেখক ও সম্পাদক হলেন সাংবাদিক শফিক রেহমান। বইগুলোর মধ্যে পাঁচটি বাংলা ও দুটি ইংরেজি ভাষায় রচিত। বইগুলো হচ্ছে রাষ্ট্রনায়ক জিয়া, সংগ্রামী নেত্রী খালেদা জিয়া, চট্টগ্রাম পোলোগ্রাউন্ড লুণ্ঠন, নেড়ি কুকুরের কাণ্ড, নেড়ি কুকুরের কীর্তি, স্টেটসম্যান জিয়াউর রহমান ও ডেমোক্রেটিক লিডার খালেদা জিয়া।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শফিক রেহমান বলেন, দেখা যাচ্ছে, স্বাধীনতার ঘোষণা ও সংগ্রামের ইতিহাস অবিরাম বিকৃত করা হচ্ছে। অব্যাহতভাবে ভিন্নমত পোষণকারী প্রয়াত ও জীবিত ব্যক্তিদের চরিত্র হনন করা হচ্ছে। খালেদা জিয়া ও জিয়াউর রহমান সম্পর্কে অনেক অসত্য ও অর্ধসত্য প্রচারিত হচ্ছে। স্বাধীনতাযুদ্ধ নিয়েও মিথ্যাচার চলছে। এরই পরিপ্রেক্ষিতে বইগুলো লেখা হয়েছে।শফিক রেহমান বলেন, সত্য ইতিহাস লেখায় বিপদ হতে পারে। কেননা, এখন গণমাধ্যমের অধিকাংশ একদলদর্শী বা ক্ষমতাসীনদর্শী। সত্য বললে যুদ্ধাপরাধী বা মুক্তিযুদ্ধের বিরোধী হতে হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে শফিক রেহমান বলেন, মুক্তিযুদ্ধের আগে ও যুদ্ধের সময় প্রধানমন্ত্রীকে কোনো মুক্তি আন্দোলনে অংশ নিতে দেখা যায়নি। অথচ তিনিই এখন মুক্তিযুদ্ধ সম্পর্কে বেশি সোচ্চার। তিনি আরও বলেন, ‘২৫ মার্চ রাতে শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করেন। তবে এটুকু বলতে পারি, সাতই মার্চে তাঁর ভাষণে অনুপ্রাণিত হয়ে জিয়াও মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন। ঠিক তেমনি আমিও মুক্তি আন্দোলনে যোগ দিয়েছিলাম।’খালেদা জিয়াকে পাকিস্তানে চলে যেতে বলায় প্রধানমন্ত্রীর সমালোচনা করে শফিক রেহমান বলেন, ‘খালেদা পাকিস্তানে যাবেন কেন? বরং প্রধানমন্ত্রীকে বলব, ইন্ডিয়া অথবা আমেরিকায় চলে যেতে। কেননা, এই দুই দেশে দীর্ঘকাল থাকার অভ্যাস তাঁর আছে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এখন তাঁর তথ্যের যুক্তি প্রমাণে কাজের বুয়ার রেফারেন্স দিচ্ছেন। বলতে চাই না, প্রধানমন্ত্রীর মান আরও নিচে নেমে গেছে। প্রধানমন্ত্রীর উচিত ছিল, বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো। কিন্তু প্রতিহিংসার রাজনীতি যাঁর অবলম্বন, তাঁর কাছ থেকে এমনটা আশা করা অসম্ভব।’সংসদে বিএনপির দুই নারী সাংসদের অশালীন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ‘নারী সাংসদদের আমি কী টাইটেল দেব’—হুসেইন মুহম্মদ এরশাদের এই কথার জবাবে শফিক রেহমান বলেন, ‘সংসদে বিএনপির সাত নারী সাংসদ হলেন বাঘা তেঁতুল অথবা মুগুর। বাকিদের কোনো টাইটেল দিচ্ছি না।’ তিনি বলেন, ‘বিএনপির দুই নারী সাংসদ রেহানা আক্তার ও আশিফা আশরাফির সংসদে মুগুর চালানোর প্রয়োজন ছিল। কেননা, কথায় আছে যেমন কুকুর, তেমন মুগুর। তবে বলব, রাজনীতিতে শালীনভাবে কথা বলুন।’শফিক রেহমান আরও বলেন, ‘প্রিয়জনকে বই কিনে উপহার দিন। বিএনপির নেতাদের বলব, কর্মীদের বই কিনে পড়তে দেন। বিরোধী পক্ষের আগ্রাসনের জবাব দিতে বই পড়া দরকার। বিনামূল্যে বই দেওয়া সম্ভব না। কেননা আইএসআইয়ের টাকা জি-৯ পায় না। ‘র’ এর টাকা পাওয়ার তো প্রশ্নই ওঠে না।’রাজনীতি বিশ্লেষক অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান বলেন, খালেদা জিয়া জন্মগতভাবেই একজন নেতা। মানবচরিত্র বোঝার অসাধারণ ক্ষমতা তাঁর আছে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সব কৃতিত্ব তাঁর।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন জি-৯-এর সভাপতি সাইফুল ইসলাম।