গণমাধ্যমের জন্য সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, গণমাধ্যমের (সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া) জন্য জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হবে। দ্রুততম সময়েই এটা করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। এ ব্যাপারে বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।জাতীয় সংসদে গতকাল রোববার ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। প্রশ্নোত্তর পর্বের আগে বিকেল সোয়া চারটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। চার দিন বিরতির পর শুরু হওয়া গতকালের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন। বিরোধী দল বিএনপি গতকালও সংসদে ফেরেনি।ইসরাফিল আলম তাঁর ৫০৫ নম্বর প্রশ্নে জানতে চান, কতিপয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার রাজনৈতিক অথবা উদ্দেশ্যমূলক কারণে প্রচারিত বাস্তবতাবিবর্জিত তথ্যবার্তার দ্বারা সরাসরি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তদের প্রতিকার পাওয়ার জন্য কোনো বিধিবিধান প্রণয়ন করা হবে কি না।জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটি খুবই স্পর্শকাতর একটি বিষয়। সে জন্য সবার সঙ্গে আলোচনা করে এ নীতিমালা করা হচ্ছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জন্য পৃথক না একসঙ্গে এটি করা হবে, তা এখনো ঠিক করা যায়নি। শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি টিভি চ্যানেলগুলোতে বাংলাদেশ টেলিভিশনের দুপুর ও রাতের খবর প্রচারের বিষয়ে আলোচনা চলছে। বেসরকারি টিভি চ্যানেলগুলো দুপুরের সংবাদ প্রচারে নীতিগতভাবে সম্মত হয়েছে। অনেকে প্রচারও শুরু করেছে। তবে রাত আটটার সংবাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতিবছর পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে সরকারি অনুদান দেওয়া হবে। এ জন্য নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালাটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মোশতাক আহমেদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতায় নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশীয় চলচ্চিত্রশিল্পকে যুগোপযোগী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অপর প্রশ্নের জবাবে তিনি জানান, লাইসেন্স পাওয়া নয়টি বেসরকারি টিভি চ্যানেল এখনো সম্প্রচার কার্যক্রম শুরু করেনি। নির্ধারিত সময়ের মধ্যে সম্প্রচারে যেতে না পারলে এসব চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নতুন বেসরকারি রেডিও স্টেশন চালুর জন্য ৫০টি আবেদন বা প্রকল্প-প্রস্তাব রয়েছে। এগুলোর অনুমোদনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।অপু উকিলের প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন-১৯৭৩সহ অন্যান্য আইন ও বিধানে পত্রিকার সম্পাদক নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই। এ ব্যাপারে আলাদা কোনো নীতিমালাও নেই। নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত ৯৬টি দৈনিক ও ১৫টি পাক্ষিক পত্রিকা সরকারি বিজ্ঞাপন পায়। এ ছাড়া ঢাকার বাইরে থেকে প্রকাশিত ১৯৪টি দৈনিক ও দুটি পাক্ষিক পত্রিকা সরকারি বিজ্ঞাপন পায়।সব গ্রামে পর্যায়ক্রমে বিদ্যুৎ দেওয়া হবে: জাতীয় পার্টির মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেন, ২০২১ সালের মধ্যে সারা দেশে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিদ্যুৎবিহীন সব গ্রামে পর্যায়ক্রমে বিদ্যুৎ দেওয়া হবে। তিনি বলেন, এ লক্ষ্য সামনে রেখে ২০১৫ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য গ্যাস-সংকটকে বিবেচনায় রেখে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাশাপাশি তরল জ্বালানি, কয়লা, ডুয়েল ফুয়েল এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে ১১ হাজার ৩০৬ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে। এর বাইরে পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলো সংস্কার ও পুনর্বাসন এবং প্রতিবেশী দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে।প্রতিমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি খাতে ২০১০ সালের মধ্যে ৪১৫ মেগাওয়াট, ২০১১ সালের মধ্যে দুই হাজার ১৮৪ মেগাওয়াট, ২০১২ সালে দুই হাজার ১৩৭ মেগাওয়াট, ২০১৩ সালে এক হাজার ৮৫০ মেগাওয়াট, ২০১৪ সালে এক হাজার ৬৭০ মেগাওয়াট এবং ২০১৫ সালে তিন হাজার ৫০ মেগাওয়াটসহ সর্বমোট ১১ হাজার ৩০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানি ও ভবিষ্যতে রপ্তানির লক্ষ্যে কার্যক্রম নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমার থেকে বিদ্যুৎ আমদানির সম্ভাব্য উপায় বের করার লক্ষ্যে কাজ চলছে। বাংলাদেশ-ভারত বিদ্যুৎ বিনিময় কার্যক্রম বাস্তবায়নের জন্য দুই দেশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কারিগরি কমিটি কাজ করছে। ভারতের বহরমপুর থেকে বাংলাদেশের ভেড়ামারা ও ঈশ্বরদী পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণের কাজ চলছে। ২০১২ সালের ডিসেম্বর নাগাদ ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা সম্ভব হবে।অপর এক প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, দেশে গ্যাসের চাহিদা দ্রুত বেড়ে যাওয়ায় মজুদ বাড়াতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করা হয়েছে।